বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৪৬ পি.এম
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় চার বছরের একটি শিশুসহ মোট ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি। এ হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি এজিএম-১৫৪ জয়েন্ট স্ট্যান্ড-অফ ওয়েপন (জেএসওডব্লিউ) নামের গাইডেড-গ্লাইড অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে
। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানা গেছে।
গাইডেড গ্লাইড অস্ত্র বা গ্লাইড বোমা হলো এমন একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য সামরিক অস্ত্র, যা নিজস্ব ইঞ্জিন বা প্রোপালশন সিস্টেম ছাড়াই দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে
জানানো হয়েছে, হামলার শিকার একটি বাড়ি থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, সেগুলো জেএসওডব্লিউয়ের অংশ। তবে অস্ত্রটির প্রকৃতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাকে এই হামলায় চার বছরের আমিরআলিসহ ৫ জন নিহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষের দাবি, হামলায় ৭০ জনের বেশি আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দক্ষিণ ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশিত ছবিতে এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানকে একই ধরনের একটি অস্ত্র বহন করতে দেখা গেছে।
হামলার লক্ষ্যবস্তু বাড়িটি একটি যোগাযোগ টাওয়ার থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত অস্ত্রটির নির্ভুলতা বিবেচনায় হামলাটি ভুলবশত হয়ে থাকতে পারে বলে প্রশ্ন উঠেছে।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ঘটনাস্থলের ধ্বংসাবশেষকে যুক্তরাষ্ট্রের তৈরি নির্ভুল-নির্দেশিত অস্ত্রের অংশ হিসেবে শনাক্ত করা হলেও, কোন অস্ত্র ব্যবহৃত হয়েছিল তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে উপজেলা প্রশাসন, মধ্যনগরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।
সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি এবং জুয়া ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। অন্যদিকে, মাদক ও জুয়া পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে।
এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিয়াউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন পূর্ণদীতা তালুকদার(প্রমি)।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন শাহিন পিপিএম, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ আওয়াল মিসবাহ, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বাল্যবিবাহ, যৌতুক, জুয়া, মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুর, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপভ্যান উল্টে গিয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় চার আসামিকে গ্রেফতার করার পর এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য এবং চার পথচারী আহত হয়েছেন। আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল আব্দুস সালাম (৫১) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার সন্তান। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারি মামলার চার আসামি—রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাসকে গ্রেফতার করে শিবচর থানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
মঠেরবাজার এলাকায় পৌঁছালে একটি শিশু, ইমা আক্তার, হঠাৎ রাস্তা পার হওয়ার সময় গাড়ির সামনে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এর ফলে পিকআপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় পিকআপে থাকা কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), শামীম মিয়া (৩৪), হাসান হোসেন (২৫) ও শরীফুল ইসলাম (৩২)। এছাড়া দুর্ঘটনায় চার পথচারীও আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসামি নিয়ে ফেরার পথে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িটি উল্টে যায়। এতে আমাদের একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।"
তিনি আরও বলেন, "সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, “বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই শুভ দিনে আমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
আগামীকাল শুক্রবার ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারেক রহমান বলেন, “শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।”
প্রধানমন্ত্রী সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে। “সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
শ্রীকৃষ্ণের মহতী দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, “শ্রীকৃষ্ণ তাঁর জীবন ও কাজের মাধ্যমে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন। সৃষ্টিকর্তার প্রতি ভক্তি, মানবকল্যাণ ও শান্তির যে দর্শন তিনি প্রচার করেছেন, তা সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষের জন্যই গভীর প্রেরণাদায়ক।”
তারেক রহমান আরও বলেন, “একটি সুশীল রাষ্ট্র ও সমাজে ভিন্ন ভিন্ন ধর্ম ও মতের মানুষের মেলবন্ধন থাকে। বাংলাদেশেও যুগ যুগ ধরে সর্বস্তরের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। এই আবহমান সম্প্রীতির বন্ধন অটুট রাখা নাগরিক হিসেবে আমাদের সকলের পবিত্র দায়িত্ব।”
উল্লেখ্য, সনাতন ধর্মীয় শাস্ত্রানুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আগমন ঘটে অবতার শ্রীকৃষ্ণের। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, মথুরার অত্যাচারী রাজা কংসের পাপাচার যখন চরমে পৌঁছায়, ঠিক সেই সময় তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে অত্যাচারী কংসকে নিধন করে শান্তি প্রতিষ্ঠা করেন। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ই ছিল শ্রীকৃষ্ণের মূল ব্রত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, যিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বৃহস্পতিবার এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় আবদুল মোনায়েম মুন্না মন্তব্য করেন, "বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আব্বাস উদ্দিনের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, "আন্দোলন সংগ্রামে আব্বাস উদ্দিন মাঠে সক্রিয় ছিল। আমরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি আল্লাহর দরবারে।"
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ