ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ইমরানের সিদ্ধান্তে বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী অবন্তিকা মালিক


ইমরানের সিদ্ধান্তে বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী অবন্তিকা মালিক

বলিউড অভিনেতা ইমরান খানের সাবেক স্ত্রী অবন্তিকা মালিক দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টানার বিষয়ে কিছু আবেগঘন তথ্য প্রকাশ করেছেন।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে তিনি বিচ্ছেদের পর প্রথমবারের মতো কথা বলেছেন। অবন্তিকা মালিক জানিয়েছেন, বিচ্ছেদে যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে ইমরান খানের ছিল। তিনি নিজে কখনো এ সম্পর্ক ভাঙতে চাননি বলে উল্লেখ করেন সাবেক ইমরানপত্নী।

তিনি বলেন, "সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার কথা প্রথমে ইমরানই তুলেছিলেন। সিদ্ধান্তটি আসলে ওরই ছিল। আমি নিজে কখনো এমনটি করতাম না। হয়তো নিজের ক্ষতি করে হলেও আমি সম্পর্কটা টিকিয়ে রাখতাম, কিন্তু বিচ্ছেদটা ওরই সিদ্ধান্ত ছিল।"

আরও পড়ুন: মিথিলার নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ প্রকাশ

অবন্তিকা সম্পর্ক বাঁচানোর চেষ্টা সম্পর্কে বলেন, তারা দুজনেই সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। কিন্তু বারবার সমস্যাগুলো মিটিয়ে একসঙ্গে চলার চেষ্টা করলেও ২০১৯ সালে তারা আলাদা হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এ বিচ্ছেদকে জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে বর্ণনা করে অবন্তিকা আরও বলেন, "প্রাথমিকভাবে আলাদা হওয়াটা একটা মৃত্যুর মতো অনুভূতি ছিল। আপনি আপনার জীবনকে যেভাবে ভেবে ছিলেন, যে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, তা চিরতরে শেষ হয়ে যাওয়া এবং জীবনের সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্কটি হারিয়ে ফেলা মোটেও সহজ ছিল না।"

উল্লেখ্য, ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ‘ইমারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে বৈবাহিক সম্পর্ক না থাকলেও মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তারা দুজনে মিলে যৌথভাবে তাকে বড় করে তুলছেন। তবে বিচ্ছেদে কিছুটা হতাশ হলেও তাদের এক সঙ্গে কাটানো সময়টাকে সফল বলেই মনে করেন অবন্তিকা।

আরও পড়ুন: ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাংলাদেশ আমার দেশ, আমেরিকা আমায় টানে না’—আসিফ আকবর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


‘বাংলাদেশ আমার দেশ, আমেরিকা আমায় টানে না’—আসিফ আকবর

সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরামর্শ দেওয়ার জন্য নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর প্রিসিলা নাজনীন ফাতেমা এগিয়ে এসেছিলেন। তবে আসিফ তার প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশই তার দেশ, এবং আমেরিকা তাকে আকর্ষণ করে না।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে প্রিসিলা আসিফের সঙ্গে কথোপকথনের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে দুর্বৃত্তরা আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ির দিকে গুলি চালায়। তবে, ঘটনার সময় গাড়িতে না থাকার কারণে এই সংগীতশিল্পী অক্ষত রয়েছেন।

ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রিসিলার সেই পুরনো কথোপকথনের প্রসঙ্গ আবার উঠে এসেছে। ‘প্রিসিলা’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর আসিফ আকবরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সেই পরামর্শের কথা উল্লেখ করেন।

ছবির ক্যাপশনে প্রিসিলা লেখেন, ‘আসিফ আকবর আঙ্কেলকে বলেছিলাম আমেরিকায় সেটেল হতে। জবাবে তিনি আমায় বলেছিলেন- বাংলাদেশ আমার দেশ। আমেরিকা আমায় টানে না।’

পোস্টের শেষাংশে আসিফ আকবরের প্রতি শুভকামনা জানান প্রিসিলা।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে আসিফ আকবর প্রিসিলাকে নিজের বন্ধুর মেয়ে হিসেবে উল্লেখ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মামলা না তুললে লাশ ফেলে দেব’ হুমকি এজেআর কুরিয়ারের বাদীকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


‘মামলা না তুললে লাশ ফেলে দেব’ হুমকি এজেআর কুরিয়ারের বাদীকে

রাজধানীর হাজারীবাগের বড়ইখালীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। ফোনে তাকে জানানো হয়, “কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।”

শনিবারের (২৪ অক্টোবর) মধ্যে সমঝোতা না হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের সিমটি হবিগঞ্জের চুনারুঘাটের একটি চা-বাগানের এক নারী শ্রমিকের নামে নিবন্ধিত। তবে প্রাথমিক তদন্তে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিমটি নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক ও মামলার বাদী আফসার উদ্দিনের মোবাইলে কল করে তাকে হুমকি দেওয়া হয়। ফোনে এক দিনের সময় দেওয়া হয়। আজ শনিবারের মধ্যে থানায় করা মামলা তুলে না নিলে তার লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

শনিবার দুপুরে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, তিনি মামলার বাদীর সঙ্গে কথা বলেছেন। বাদীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে একটি নম্বর থেকে তাকে ফোন করা হয়। ওই নম্বর থেকে এক দিনের সময় দিয়ে শনিবারের মধ্যে মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেওয়া হয়।

ওসি মোশাররফ হোসেন বলেন, হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ করা হয়েছে। সিমটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধরমনাথ সুরমা চা-বাগানের ৯ নম্বর বস্তির এক নারী শ্রমিকের নামে নিবন্ধিত। ওই নারী একজন হিন্দু চা-শ্রমিক এবং অত্যন্ত দরিদ্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তদন্তে ধারণা করা হচ্ছে, ভুয়া এনআইডি ব্যবহার করে সিমটি নিয়ে ওই নম্বর থেকে ফোন করা হয়েছে।

ওসি আরও বলেন, বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের একটি অডিও তাকে (ওসি) পাঠানো হয়েছে। অডিওটি যাচাই করা হচ্ছে। হুমকির ঘটনাটিও মামলার তদন্তের আওতায় আনা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে বাকি তদন্ত কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ছয়টায় রাজধানীর হাজারীবাগের বড়ইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার বাদীকে এবার মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের তারকা দম্পতি মাওরা ও আমির প্রথমবার বাবা-মা হলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


পাকিস্তানের তারকা দম্পতি মাওরা ও আমির প্রথমবার বাবা-মা হলেন

পাকিস্তানের জনপ্রিয় তারকা জুটি মাওরা হোসাইন ও আমির গিলানি একটি নতুন ও সুন্দর অধ্যায় শুরু করেছেন তাদের জীবনে।

শুক্রবার (২৩ অক্টোবর) পুত্রসন্তানের জন্মের মাধ্যমে প্রথমবারের মতো বাবা-মা হওয়ার খবর প্রকাশ করেন তারা।

সামাজিক মাধ্যমে এই খবর শেয়ার করার পর থেকে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরপুর হচ্ছেন এই জনপ্রিয় দম্পতি।

আমির গিলানি ইনস্টাগ্রামে একটি আবেগঘন যৌথ ভিডিও পোস্ট করে নবজাতককে পৃথিবীতে স্বাগত জানান। ভিডিওটিতে তাকে তার সন্তানের কানের কাছে আজান দিতে দেখা যায়।

সন্তানের নাম ‘আজমার’ রেখেছেন আমির, যার অর্থ ‘সিংহ’, যা শক্তি ও সাহসিকতার প্রতীক। ক্যাপশনে তিনি কুরআনের একটি আয়াত উল্লেখ করে নবজাতকের পুরো নাম প্রকাশ করেন— ‘সৈয়দ আজমার হুসাইন কামাল গিলানি’।

তিনি আরও লেখেন, ‘আমাদের রাজ্যের রাজা, আমাদের গর্ব এবং সবচেয়ে মূল্যবান ধন।’

মাওরা ও আমির গর্ভাবস্থার বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন। কোনো জেন্ডার রিভিল বা মাতৃত্বকালীন ফটোশুট না করে সরাসরি সন্তানের জন্মসংবাদ জানানোয় ভক্তরা বেশ অবাক ও আনন্দিত হয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাওরা লেখেন, ‘আমাদের ছোট্ট গোপন বিষয়টি... এখন আপনাদেরও। আমাদের এই নতুন পরিবারের জন্য আপনাদের একটু বাড়তি দোয়া ও ভালোবাসা খুব প্রয়োজন।’ তাদের সাদাসিধে ও জমকালোড়ম্বরহীন প্রকাশভঙ্গি সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে।

এই খুশির খবরটি পাকিস্তানের শোবিজ অঙ্গনে আনন্দের জোয়ার সৃষ্টি করেছে। মাওরা-আমিরকে অভিনন্দন জানিয়েছেন দেশের নামী তারকারা। মাওরার বোন ও অভিনেত্রী উর্ভা হোসাইন ছোট্ট ভাতিজাকে আদর করে লিখেছেন, ‘খালার জীবন! মাশাআল্লাহ।’

এছাড়া মাহিরা খান, সাবা ফয়সাল, নিদা ইয়াসির, উসমান মুক্তারসহ বিনোদন জগতের অনেকেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের জনপ্রিয় নাটক ‘সাবাত’-এ জুটি বেঁধে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন মাওরা ও আমির। এরপর ‘নিম’ (২০২৩) নাটকেও তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। দীর্ঘদিনের গুঞ্জনের পর গত বছরের ০৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আর বিয়ের ঠিক পরের বছরেই তাদের কোলজুড়ে এল এই নতুন অতিথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোষ্য কুকুরছানার জন্য আট সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি চাইলেন নারীকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


পোষ্য কুকুরছানার জন্য আট সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি চাইলেন নারীকর্মীরা

যুক্তরাষ্ট্রে মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে নারীকর্মীরা সাধারণত ৬ থেকে ১২ সপ্তাহের ছুটি পেতে পারেন, যা একটি প্রতিষ্ঠিত নিয়ম। তবে, নতুন পোষ্য প্রাণী হিসেবে কুকুরছানা আনার পর প্রতিষ্ঠানগুলি কি ‘মাতৃত্বকালীন ছুটি’ দিতে বাধ্য? সম্প্রতি এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এক মার্কিন নারী নতুন কুকুরছানার জন্য বেতনসহ আট সপ্তাহের ‘মাতৃত্বকালীন ছুটি’ দাবি করেছেন, যা আলোচনার জন্ম দিয়েছে। তিনি হুমকি দিয়েছেন যে, ছুটি না দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলবেন।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও শো ‘জোনসি অ্যান্ড আমান্ডা’–তে সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সঞ্চালকরা যুক্তরাষ্ট্রের একটি ঊর্ধ্বতন নারী কর্মকর্তার ভিডিও তুলে ধরেন। ওই কর্মকর্তা জানান, একটি নারীর ছুটির দাবির কারণে তাকে মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। কারণ, ছুটি দিতে অস্বীকৃতি জানানোয় ওই কর্মী অভিযোগ করেছেন যে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা সন্তানধারণে অক্ষম নারীদের প্রতি সহানুভূতিশীল নন।

রেডিও অনুষ্ঠানে ওই নারী কর্মীর পাঠানো একটি ই-মেইল পড়ে শোনানো হয়। তিনি লিখেছেন, ‘সম্প্রতি আট সপ্তাহ বয়সী একটি গোল্ডেন রিট্রিভার কুকুরছানা ঘরে এনেছি। এখন আমি আরেকটি প্রাণের অভিভাবক। সে প্রতি দুই ঘণ্টা পরপর জেগে ওঠে। আমি একটুও ঘুমাতে পারছি না এবং একজন নতুন মা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, আমিও ঠিক তা-ই অনুভব করছি।’

তবে, এইচআর বিভাগ থেকে ওই নারী কর্মীকে জানানো হয়েছিল যে, মাতৃত্বকালীন ছুটি কেবল সন্তান জন্ম দেওয়া কর্মীদের জন্য প্রযোজ্য। এর জবাবে ওই কর্মী বলেন, সন্তান জন্ম দেওয়া বা না–দেওয়ার বিষয়টি এখানে কোনোভাবেই বিবেচ্য হতে পারে না।

কুকুরছানাটিকে নিজের ‘ছেলে’ উল্লেখ করে, তার দেখভালের জন্য আট সপ্তাহের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দাবি করেন ওই কর্মী। ই-মেইলের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ছুটি না দিলে সন্তানহীন নারীদের প্রতি বৈষম্যের অভিযোগে তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নালিশ করবেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রোতাদের মধ্যে বেশিরভাগই ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে মত দেন। একজন মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অস্ত্রোপচারের পর শরীর পুরোপুরি সেরে ওঠার আগেই সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে মাত্র ছয় সপ্তাহের ছুটিতে ফিরতে হয়েছিল। আর উনি একটি কুকুরের জন্য আট সপ্তাহের ছুটি চান!’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কুকুরছানা লালন-পালনের কষ্টকে বিবেচনায় নেওয়ার কথা বললেও অনেকে বলেছেন, এমন ছুটি কোনো প্রাতিষ্ঠানিক অধিকার হতে পারে না।

যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর দেখভালের জন্য ছুটি দেওয়ার কোনো আইন বা বিধান নেই। তবে, কিছু বেসরকারি প্রতিষ্ঠান নতুন পোষা প্রাণী ঘরে আনার পর কর্মীদের নিজেদের নিয়ম অনুযায়ী কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত ছুটি দিয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%