০৭:০৮ পি.এম
সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় পৌঁছেছে। এই পরিমাণ ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ হিসেবে চিহ্নিত হয়েছে।
আজ সোমবার, জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন, গত পাঁচ বছরের তুলনামূলক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৬ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকায় পৌঁছায়, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন: বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা
মন্ত্রী আরও জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের বিবরণী অনুসন্ধান করছে।
এ কাজে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা ও দপ্তর যুক্ত রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
গত পাঁচ বছরের খেলাপি ঋণের তুলনামূলক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরবর্তী বছরে অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা হয়, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ডা. শফিকুর রহমান: সরকারের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন