০৭:৩২ পি.এম
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে অত্যন্ত বিশাল। ২০২৪-২৫ অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ হাজার ৯২৭ কোটি ৭৪ লাখ টাকারও বেশি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিরোধীদলীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, সরকারি আমদানি-রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশ আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিদ্যমান।
আরও পড়ুন: মাদক কারবারিদের বুকে কাঁপন ধরানো চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে বদলি
পরিসংখ্যান অনুযায়ী, ওই অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৬ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে, দেশটি থেকে আমদানি করেছে ৯৬২ কোটি মার্কিন ডলারের পণ্য।
একই সময়ে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১ কোটি ৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার, ভুটানের সঙ্গে ২ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার এবং পাকিস্তানের সঙ্গে ৬৮ কোটি ১৩ লাখ ডলার। তবে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে উদ্বৃত্ত রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানির ক্ষেত্রে শুল্কজনিত প্রতিবন্ধকতা দূর করতে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে অশুল্ক বাধা দূর করা, পণ্যের মান ও পরীক্ষার সনদের পারস্পরিক স্বীকৃতি, শুল্ক বিভাগের সহযোগিতা জোরদার, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং বাণিজ্যসংক্রান্ত উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান।
আরও পড়ুন: ফেসবুকে গুজব-উস্কানির অভিযোগে সেলিম খান নামে যুবক আটক
তিনি আরও জানান, এ লক্ষ্যে বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক এবং যৌথ কর্মদলের কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬ সালের ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বর মাসে বাণিজ্যসচিব পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ১৯৭২ সালে স্বাক্ষরিত হয়। পরবর্তীতে বিভিন্ন সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে ২০১৫ সালে চুক্তিটি নবায়ন করা হয়।
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) এবং এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তির (এপিটিএ) সদস্য হিসেবে তামাক ও অ্যালকোহলজাত পণ্যসহ ১৫টি পণ্য ছাড়া বাংলাদেশের সব পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে।
ভারত ও প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সাফটা ও সাপটা চুক্তির আওতায় বাণিজ্য উদারীকরণের ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। তবে খাদ্যপণ্য ও কাঁচামাল আমদানি বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতিও বেড়েছে।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল
ভারতে তৈরি পোশাক, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য, পাটজাত পণ্যসহ বাংলাদেশের অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত মানের পণ্য, উন্নত প্যাকেজিং ও বিপণন, ব্র্যান্ড ইমেজ তৈরি এবং ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ জোরদারের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশি পণ্য রপ্তানি সহজ করতে ভারতের শুল্ক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে।
বাণিজ্য ঘাটতি কমাতে ভুটানের সঙ্গে বাংলাদেশ ইতোমধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন করেছে। ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাণিজ্যসচিব ও কার্যনির্বাহী কমিটি পর্যায়ে নিয়মিত বৈঠক হচ্ছে।
রপ্তানি বাজার সম্প্রসারণে বাংলাদেশ ভারতে আয়োজিত আন্তর্জাতিক সোর্সিং ও ভোক্তা মেলায় অংশগ্রহণ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: ভোলায় আ'লীগের মিথ্যা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা আকবর ও সরওয়ার
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্য প্রসারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শীর্ষক একটি সোর্সিং মেলার আয়োজন করে। এটিকে দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ মেলায় সার্কভুক্ত পাকিস্তান ও আফগানিস্তানের বাণিজ্য প্রতিনিধিদলকে বিভিন্ন কারখানা পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।
তিনি আরও জানান, পাট ও পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের বিদ্যমান বিভিন্ন অশুল্ক বাধা কমানোর প্রস্তাব বাংলাদেশ-ভারত বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য ইপিবি উদ্যোগ নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন