ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার


অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযুক্ত দুই নেতা সংগঠনের সদস্য করার কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন। একই সঙ্গে তাঁরা সাংগঠনিক আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দিতেও ব্যর্থ হয়েছেন। এসব বিষয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাঁরা যথাযথ প্রক্রিয়ায় সন্তোষজনক জবাব দেননি। পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগেরও জবাব দেন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ গঠন বাধ্যতামূলক করা হয়নি। কার্যনির্বাহী পরিষদ প্রয়োজনে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ কিংবা যেকোনো উপকমিটি গঠন ও বাতিল করতে পারে। সভাপতির পদের বৈধতা নিয়ে ওঠা অভিযোগ নাকচ করে তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুজ্জামান শিমুল তাঁর করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন। পাশাপাশি উভয় পক্ষের সম্মতিতে একটি আপসনামাও স্বাক্ষরিত হয়েছে। মাসিক সদস্য চাঁদা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার বিষয়ে জাহিদুল ইসলাম দাবি করেন, বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক পদে তোফাজ্জল হোসেনের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, কার্যনির্বাহী পরিষদের যে সভায় তোফাজ্জল হোসেনকে আইনবিষয়ক সম্পাদক করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে অভিযোগকারী শাহাদাৎ হোসেন ও ইউসুফ হোসেনও সম্মতি দিয়েছিলেন। এ-সংক্রান্ত রেজুলেশনেও তাঁদের স্বাক্ষর রয়েছে।এর আগে শনিবার বেলা ১১টায় গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই বছর পূর্তি উপলক্ষে কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়। এতে সংগঠনের কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান টিপু, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাকেরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সমিতির সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নীল মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল গাফফার সবুজ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


শেরপুর সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় ভেন্ডার বডি স্প্রে জব্দ করেছে, যা অবৈধভাবে দেশে প্রবেশ করানো হয়েছিল।

রোববার (১৫ নভেম্বর) ৩৯ বিজিবি’র অধীনে হাড়িয়াকোনা নামক স্থানে এসব ভারতীয় বডি স্প্রে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বডি স্প্রের আনুমানিক মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তবে অভিযানের সময় চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে কসমেটিকস ও মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা নিরাপদ রাখা এবং যেকোনো অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির ২৪ ঘণ্টার কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপশক্তির বিরুদ্ধে শিক্ষকসমাজের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বেরোবিতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপশক্তির বিরুদ্ধে শিক্ষকসমাজের মানববন্ধন

দেশের সার্বভৌমত্ব, আইন-শৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষকসমাজের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালির আয়োজন করা হয়েছে। ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. শওকাত আলী জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সকল আত্মোৎসর্গকারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং অলিখিত ধর্মঘট ডেকে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ও জনজীবনের স্বস্তি বিনষ্ট করার যে অপচেষ্টা চলছে, দেশের ছাত্র-জনতা ও শিক্ষকসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য আরও উল্লেখ করেন, জুলাই পরবর্তী সময়ে বেরোবিতে কোনো সেশনজট নেই এবং একাডেমিক ও গবেষণা কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। এই স্বাভাবিক ও সৃষ্টিশীল পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তিনি অপশক্তির প্ররোচনায় পা না দিয়ে তরুণ শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ মাসুদ রানা, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোঃ হারুন-আল-রশীদ, শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোহ্সীনা আহ্সান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ. টি. এম জিন্নাতুল বাসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তারা ক্যাম্পাসে যেকোনো ধরনের নৈরাজ্য ও বৈষম্য রুখে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মানববন্ধন শেষে উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘২য় এমভিটি সামিট ২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘২য় এমভিটি সামিট ২০২৬’

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)-এর উদ্যোগে বন্দরনগরীর অভিজাত হোটেল দ্য পেনিনসুলা-তে দিনব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘২য় এমভিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এই আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সম্মেলনের সমাপনী ও অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী, ডেইলি মর্নিং টুডে-এর ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ শাহীন এবং দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক দিদারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন দেশের চিকিৎসা সেবার মান উন্নয়নে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাধারণ মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী বন্দরনগরী চট্টগ্রামে মেডিকেল ট্যুরিজম খাতের বিকাশে আরও জোর দেওয়ার আহ্বান জানান।

এর আগে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন সম্মেলনস্থলে পৌঁছালে সামিটে অংশগ্রহণকারী ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের স্বাস্থ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ‘হেলথ টক বিডি’ এর ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অতিথিদের সাথে নিয়ে কেক কেটে তা উদযাপন করেন।

সমাপনী পর্বে ফোরামের সভাপতি আব্দুল আলিম রাজু সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়ক) দাঊদ আরমান।

এর আগে, একই দিন দুপুরে হোটেল দ্য পেনিনসুলা-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘২য় এমভিটি সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

উল্লেখ্য, আন্তর্জাতিক এই সামিটে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন এবং বাংলাদেশের বিশ্বমানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী এই সম্মেলনে 'ডক্টরস টক' সেশন এবং বিটুবি মিটিংয়ের আয়োজন ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন না আর্সেন ওয়েঙ্গার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন না আর্সেন ওয়েঙ্গার

ফিফার সভাপতি নির্বাচনে সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বর্তমান সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফরাসি এই কোচ ফিফা সভাপতির পদে লড়ার বিষয়ে ভাবনা চিন্তা করছিলেন। তবে বিবিসি স্পোর্টের সূত্র জানিয়েছে, তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমান ফিফা প্রধান ইনফান্তিনো সম্প্রতি বড় চাপের সম্মুখীন হয়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, যা তার অবস্থানকে দুর্বল করে তুলেছে।

বর্তমানে ফিফার বৈশ্বিক উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ওয়েঙ্গার প্রার্থী হলে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন পেতেন বলে ধারণা করা হচ্ছিল। উয়েফা ইনফান্তিনোর বিভিন্ন নীতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার অবস্থানে রয়েছে।

শনিবার ফরাসি সংবাদপত্র ল’একিপ জানায়, ওয়েঙ্গারের ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানোর সম্ভাবনা অত্যন্ত কম।

ফুটবল বিশ্বজুড়ে ওয়েঙ্গারের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে তার নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত ইনফান্তিনোর জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি ফিফা সভাপতির চতুর্থ মেয়াদ নিশ্চিত করার চেষ্টা করছেন।

তবে বুধবারের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমার আগে উয়েফা এখনও বিকল্প কোনো প্রার্থী খুঁজে পাওয়ার আশায় রয়েছে।

ইনফান্তিনো-বিরোধী শিবিরের একজন প্রভাবশালী ব্যক্তি বিবিসি স্পোর্টকে বলেছেন, "এটি সত্যিই হতাশাজনক খবর।"

তিনি আরও বলেন, "তিনি নিখুঁত নাও হতে পারেন, কিন্তু আমি মনে করি তিনি বিশ্বের অনেক মানুষকে একত্রিত করতে পারতেন।"

অক্টোবরে সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার র‌্যামন ভেগা প্রথম ব্যক্তি হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

এছাড়া জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোজো তাশিমাও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তবে সূত্র জানিয়েছে, ৬৮ বছর বয়সী তাশিমা এখনও সদস্য দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় পাঁচটি সমর্থন পাননি। তা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিতর্কিত এফএফই প্রকল্প ঘিরে সমালোচনার সময় ওয়েঙ্গার নিজেকে ওই পরিকল্পনা থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন।

তিনি বলেছিলেন, "আমি এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলাম না এবং গণমাধ্যমে খবর প্রকাশের পরই প্রথম এ সম্পর্কে জানতে পারি।"

আরও বলেন, "প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল একেবারেই প্রয়োজনীয় এবং এ নিয়ে কোনো প্রশ্নই নেই। কারণ আমি এমন একটি স্বাধীন ফিফায় বিশ্বাস করি, যা প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও সততার সঙ্গে ফুটবলের সেবা করবে।"

ইনফান্তিনো এখনও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার অনেক সদস্য দেশের সমর্থন ধরে রেখেছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, বিশ্ব ফুটবলের "বিরাট, বিরাট সংখ্যাগরিষ্ঠ" অংশ তার পক্ষে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%