০২:৫৪ এম
ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সে একটি বড় দায়িত্ব গ্রহণ করেছেন। তাকে সরাসরি অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দেবেন এই তরুণ ক্রিকেটার।
বৈভবের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, যদিও তা পরিস্থিতির প্রয়োজনে ছিল। দুলিপ ট্রফির ফাইনালে নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ মাঠের বাইরে চলে গেলে, কিছু সময়ের জন্য ইস্ট জোনের অধিনায়কত্ব তিনি সামলান। রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো দলের অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি।
শুক্রবার বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির সভায় বৈভবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "তরুণ ক্রিকেটারের জন্য এটি অনেক বড় দায়িত্ব এবং তার জন্য শুভকামনা রইল।"
আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি
এদিকে, সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুই ম্যাচের চূড়ান্ত স্কোয়াড তৈরির আগে বিহার ক্রিকেটারদের ট্রায়াল নেওয়ার পরিকল্পনা করেছে। খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে ট্রায়ালের পারফরম্যান্স এবং তাদের আগের রেকর্ডও বিবেচনায় রাখা হবে।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে বৈভব জায়গা পেয়েছিলেন। যদিও তিনি মাত্র দুই ম্যাচে সুযোগ পেয়েছেন। সেখানে তার ব্যাট থেকে এসেছে ৪ ও ৪৫ রান। তবে তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে গড়ে ওঠা ১১৮ রানের জুটি বিশেষভাবে আলোচনায় আসে। এটি ছিল বিশ্বরেকর্ড গড়া জুটি।
এখন পর্যন্ত বৈভব ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে সাতটি ম্যাচে তিনি বিহারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। গত আসরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। মাত্র ৬১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
তবে এবারের ঘরোয়া মৌসুমে বিহারের শুরুটা মোটেও ভালো হয়নি। রঞ্জি ট্রফির প্রথম পর্বে চারটি ম্যাচ খেলেই সবকটিতে পরাজিত হয়েছে দলটি। এবার বৈভবের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদের।
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিংকে মাঠে আঙুল ফুটিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার। এখন দেখার বিষয়, অধিনায়ক হিসেবে প্রথম বড় পরীক্ষায় কতটা সফল হন সূর্যবংশী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন