ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

হাসান মাহমুদ: ঘরের মাঠে ফাইফার পাওয়া খুবই স্পেশাল


হাসান মাহমুদ: ঘরের মাঠে ফাইফার পাওয়া খুবই স্পেশাল

হাসান মাহমুদের সময় কাটছে দারুণ। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনি ফাইফারের দেখা পেলেন। গত ৩ মাসে এটি হাসানের তৃতীয় ফাইফার। তবে বাকি ফাইফারগুলোর তুলনায় এই ফাইফারের গুরুত্ব হাসানের কাছে একটু বেশি। সংবাদ সম্মেলনে হাসান নিজেই জানিয়েছেন এর কারণ, "ঘরের মাঠে ৫ উইকেট পাওয়াটা আমার জন্য খুবই স্পেশাল। যেহেতু নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, এটা অনেক আনন্দের।"

হাসান, যিনি সাধারণত মিতভাষী, নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরও বলেন, "টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া সবগুলোই স্পেশাল। তবে অবশ্যই সব জায়গায় চেষ্টা করি, নিজের সেরাটা দেওয়ার এবং দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। এখানে যে কন্ডিশন ছিল, ফাস্ট বোলারদের জন্য শুরুর ১-২ ঘণ্টা হেল্প ছিল। সিম মুভমেন্ট ছিল, বলের সুইং ছিল। কিন্তু দেখা যায়, ২ ঘণ্টা পরে ফ্ল্যাট হয়ে যায়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। তারপরও আমরা যোগাযোগ করি যে আমাদের পরিকল্পনা এবং প্রক্রিয়া কী থাকবে। প্রত্যেকটা বোলারই তাদের সেরাটা দিয়ে দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে।"

কাউন্টি ক্রিকেটে এই মৌসুমে কেন্টের হয়ে খেলেছেন হাসান। কাউন্টিতে খেলার পর টেস্টে তিনি অনেকটা বদলে গেছেন। কেন্টের অবদান কতটা, সেটি ব্যাখ্যা করতে গিয়ে হাসান বলেন, "কেন্টের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন প্রায় একই ধরনের ছিল। আমার জন্য একটু সহজ হয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে আবার অস্ট্রেলিয়াতে বোলিং করেছি। ওইটা একটা হেল্প হয়েছে আমার জন্য। বাট অবশ্যই ওটা ডিফারেন্ট ক্রিকেট, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। দুইটা আলাদা।"

আরও পড়ুন: ৬৪ টেস্টে ২২৯ উইকেট, সাদা জার্সিকে বিদায় জানালেন শামি

হাসান দুর্দান্ত বোলিংয়ের ক্ষেত্রে স্কিলের পাশাপাশি মাথাও খাটান। সেই রহস্য নিয়ে তিনি বলেন, "৬টা বলের মধ্যে চেষ্টা করি ২-৩টা বল করে ব্যাটারকে চিন্তা করাতে যে এই বলটাই আসবে। যেটা উইকেট টেকিং বল সেটা একটু ডিফারেন্ট প্ল্যানে বোলিং করা হয়। হয়তো ব্যাটার চিন্তা করে, এই বলটা আসবে না বা একটু ফুলার লেংথে বল আসবে, খেলতে যাবে...। ব্যাটাররা মাঝে মাঝে আউট অফ দ্য বক্স চিন্তা করে না। যদি এক্সিকিউশন ভালো হয়, ভালো জায়গায় বল করতে পারি, তখন উইকেটটা পাওয়া যায়।"

হাসানের দুর্দান্ত বোলিংয়ের পরেও দিন শেষে কিছুটা অস্বস্তিতে বাংলাদেশ। তবে হাসানের বিশ্বাস, প্রথম ইনিংসে লিড নেবে বাংলাদেশ। তিনি বলেন, "যদি মুশফিক ভাই এবং হৃদয় কন্টিনিউ করতে পারে আমার মনে হয় আমরা ওদের লিড দিতে পারব। আশা করি, আমরা ওদের লিড রানটা কমপ্লিট করতে পারব। উইকেট এখন পর্যন্ত ভালো। স্পিন কিংবা ফাস্ট বোলিংয়েও খুব বেশি কিছু হচ্ছে না। শুরুর দিকে নতুন বলে খেলা হয়েছে, কিন্তু এখন আমার মনে হয় ব্যাটাররা যদি ভালোভাবে খেলতে পারে, তাহলে আমরা ভালোভাবে শেষ করতে পারব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে রবীন্দ্রসংগীতের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন তানজীনা তমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ এম


লন্ডনে রবীন্দ্রসংগীতের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন তানজীনা তমা

প্রবাসের ব্যস্ত জীবনে কখনো কখনো রবীন্দ্রসংগীত এক অনন্য অবলম্বন হয়ে ওঠে, যা শেকড়ের কাছে ফেরার অনুভূতি তৈরি করে। সুরের প্রতিটি পরতে জেগে ওঠে ফেলে আসা দেশ, চেনা প্রকৃতি এবং মাটির টান। সম্প্রতি, যুক্তরাজ্যের লন্ডনে একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী এবং বিভাস কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা তানজীনা তমা রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারে।

অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল ‘তুমি রবে নীরবে’, যা বিশ্বকবির কালজয়ী গানের পঙ্‌ক্তি থেকে নেওয়া হয়েছে। নামের সঙ্গে মিলেমিশে ছিল সন্ধ্যার সুর ও আবেগ। শিল্পীর কণ্ঠে একে একে ধ্বনিত হয় রবীন্দ্রনাথের প্রেম, পূজা এবং প্রকৃতিপর্যায়ের গান। কখনো প্রেমের নিবিড় অনুভব, কখনো ভক্তির নিবেদন, আবার কখনো প্রকৃতির অপরূপ সৌন্দর্যে রবীন্দ্রসংগীতের বিচিত্র অনুষঙ্গ শ্রোতাদের নিয়ে যায় এক মায়াময় জগতে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালি ও সংগীতপ্রেমীরা তানজীনা তমার সুরের মায়াজাল উপভোগ করেন।

আয়োজকদের মতে, প্রবাসে বাংলা সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং রবীন্দ্রনাথের গান ও জীবনদর্শনের সঙ্গে তাদের পরিচিত করানো ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভৌগোলিক দূরত্ব যতই থাকুক, ভাষা ও সংস্কৃতির বন্ধন মানুষের হৃদয়ে অটুট থাকে, এবং সংগীতের মধ্য দিয়ে সেই অনুভবকে জাগিয়ে তোলার চেষ্টা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

তানজীনা তমার কাছে রবীন্দ্রসংগীত কেবল শিল্পচর্চা নয়, বরং এটি এক জীবনব্যাপী সাধনা। তাঁর বেড়ে ওঠার পরিবেশে সাংস্কৃতিক আবহ ছিল। পরিবারের গান ও সংস্কৃতিচর্চার পরিবেশ শৈশব থেকেই তাঁকে আকৃষ্ট করে। হাঁটতে শেখার বয়স থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সুর ও বাণীর সঙ্গে পরিচয় ঘটে তাঁর। সেই পরিচয় ক্রমে ভালো লাগায়, এবং ভালো লাগা থেকে গভীর অনুরাগে রূপ নেয়। একসময় রবীন্দ্রসংগীতই হয়ে ওঠে তাঁর জীবনের আরাধ্য।

রবীন্দ্রনাথের গান ও সাহিত্যদর্শন এখন তাঁর যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ। কবিগুরুর সৃষ্টির মাধ্যমে প্রেম, প্রকৃতি, মানবতা ও জীবনের নানা অনুভূতিকে তিনি উপলব্ধি করেন। সেই উপলব্ধি সুরের আশ্রয়ে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা তাঁর সংগীতসাধনায়। ফলে, তাঁর কাছে গান গাওয়া নিছক সুরের পরিবেশনা নয়; বরং রবীন্দ্রনাথের সৃষ্টির অন্তর্নিহিত ভাব ও সৌন্দর্যের সঙ্গে একাত্ম হওয়ার প্রয়াস।

দীর্ঘদিনের সাধনা ও সংগীত পরিবেশনার মাধ্যমে দেশ-বিদেশের রবীন্দ্রসংগীতপ্রেমীদের কাছে পরিচিতি অর্জন করেছেন তানজীনা তমা। শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি বিভাস কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা হিসেবে সংগীত ও সংস্কৃতিচর্চার প্রসারে ভূমিকা রাখছেন তিনি। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসংগীতের আবেদন পৌঁছে দেওয়াকে নিজের সাংস্কৃতিক দায়বদ্ধতার অংশ মনে করেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নরের নির্দেশে উদ্যোক্তাদের সুবিধা দ্রুত পৌঁছানোর নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ এম


গভর্নরের নির্দেশে উদ্যোক্তাদের সুবিধা দ্রুত পৌঁছানোর নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সহায়ক হবে। এই প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের দ্রুত পৌঁছানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ প্রদান করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় সিলেটের স্থানীয় বাণিজ্যিক ব্যাংকসমূহের আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গভর্নর এই অর্থায়ন প্যাকেজের মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গভর্নর মোস্তাকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে ব্যাংক ঋণের ১২ থেকে ১৪ শতাংশ সাধারণ সুদের হার ব্যবসা পরিচালনার জন্য একটি বড় চাপ সৃষ্টি করছে। এই চাপ থেকে উদ্যোক্তাদের স্বস্তি দিতে এবং থমকে যাওয়া শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে ৪ থেকে ৮ শতাংশের মতো বিশেষ কম সুদে এই প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ সরবরাহ করা হবে।

তিনি জানান, এই বৃহৎ প্যাকেজের ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে প্রদান করা হচ্ছে।

গভর্নর সিলেট অঞ্চলের বন্ধ থাকা উৎপাদনমুখী শিল্প ও সেবা খাতকে পুনরায় সচল করার ওপর জোর দেন। তিনি বলেন, এই প্যাকেজের সবচেয়ে বড় অংশ, ২০ হাজার কোটি টাকা বন্ধ শিল্প পুনর্গঠনে ব্যয় করা হবে। এছাড়া কৃষি ও পল্লী অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকা এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তরুণদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগের কথা উল্লেখ করে গভর্নর জানান, বেকার যুবসমাজকে দেশের মূল অর্থনৈতিক ধারায় যুক্ত করতে চলতি নভেম্বর মাস থেকেই ‘উদ্যোগ’ নামের একটি প্রকল্প শুরু হচ্ছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে পাঁচ হাজার তরুণকে বাছাই করে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এই প্রক্রিয়ায় ব্যাংক বা আমলাতান্ত্রিক কোনো হস্তক্ষেপ থাকবে না।

প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের ঋণ প্রাপ্তি সহজ করার বিষয়ে গভর্নর জানান, ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকরা এখন প্রথাগত জমির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহার করে সহজেই ঋণ সুবিধা পাবেন।

সভায় বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সালাউদ্দিন তাপাদার। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা ও আব্দুস সালাম মাহমুদসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইনসাফ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ এম


চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইনসাফ’

শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন, শাপলা-পিলখানা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির আওতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের উদ্যোগে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি চেরাগী পাহাড় মোড় হয়ে জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করে। তারা ওসমান হাদি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি সহ অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

ভারতে আটক হাদি হত্যার দুই অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে গেছেন। এ জন্য তাকে শহীদ হতে হয়েছে। তার হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের দায়িত্ব ভারতে আটক থাকা হাদি হত্যার দুই অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।”

সমাবেশে সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, মডেল ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাতিমা তাসনিম জুমা সমাবেশে সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনরত এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করা হয়েছে এবং পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের গায়ে হাত দিয়েছেন। এ ধরনের আচরণের পুনরাবৃত্তি গ্রহণযোগ্য নয়। পুলিশের এমন আচরণের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। তিনি আরও বলেন, পুলিশকে এভাবে বল প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে কেন, সে প্রশ্নের জবাবও দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ এম


বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের পুলিশ তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটররা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী এবং শ্রীময়ী চক্রবর্তী। এই তথ্য দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

এই ঘটনার পর পুলিশের ভূমিকা এবং বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে আকাশ সরকার তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পান।

অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয় বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে। তবে, সুরজিৎ, যিনি ‘কোর বাংলা জনগণঠা’ নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক এবং কনটেন্ট ক্রিয়েটর, এখনও পুলিশ হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সুরজিতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। সুরজিতের পরিবার অভিযোগ করেছে যে, তাঁকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি এবং আরএসএস কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। পরে তাঁদের ছেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী এবং স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, দুর্গাপূজার পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আকাশ সরকারকে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে। এছাড়া, ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

এই তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্‌স্বাধীনতা এবং রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%