ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর সক্ষমতা ৫৫-৬০ শতাংশ


বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর সক্ষমতা ৫৫-৬০ শতাংশ

বাংলাদেশ আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। তবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী জানিয়েছেন, এই লক্ষ্য পূরণের জন্য বর্তমানে দেশের সক্ষমতা মাত্র ৫৫ থেকে ৬০ শতাংশ। তিনি উল্লেখ করেন, নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হলে বর্তমান প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দ্য ন্যাশনাল কনসালটেশন অন স্কিলস, মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি : দ্য ওয়ে ফরওয়ার্ড ফর বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় এসব কথা বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নেদারল্যান্ডসের র‍্যাডবাউড ইউনিভার্সিটির নেতৃত্বাধীন ‘গ্লোবাল স্ট্র্যাটেজি ফর স্কিলস মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এ সভার আয়োজন করে।

সাইফুল হক চৌধুরী আরও বলেন, সরকার এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যে কাজ করছে। কিন্তু বর্তমান ধারায় কাজ চললে এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সক্ষমতার ৫৫ থেকে ৬০ শতাংশ বাংলাদেশের রয়েছে। তাই বিদেশে কর্মী পাঠানোর সক্ষমতা বৃদ্ধি করতে আরও জোরালো উদ্যোগ গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য (নিবন্ধন ও সনদায়ন) ও অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম জানান, এনএসডিএর সনদ পেয়েছেন প্রায় সাত লাখ প্রশিক্ষণার্থী। কিন্তু দেশের ভেতরেই এসব সনদের স্বীকৃতি সন্তোষজনক নয়। তিনি প্রশ্ন তোলেন, “দেশে যদি সন্তোষজনক না হয়, তাহলে বিদেশে কেন তা সন্তোষজনক হবে?”

রবিউল ইসলাম আরও জানান, এনএসডিএর সনদধারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ দেশে বা বিদেশে চাকরি পেয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ জন বিদেশে কাজ করছেন। বর্তমানে এনএসডিএর নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২ হাজার ৩০০, যা ৩৬৯টি পেশায় প্রশিক্ষণ প্রদান করছে।

তবে, ২২টি মন্ত্রণালয় ও ৩৬টি সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্বে এনএসডিএতে কর্মকর্তা রয়েছেন মাত্র ১৮ জন।

ওকাপের গবেষণা ব্যবস্থাপক উর্মি জাহানের উপস্থাপিত গবেষণায় প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্যের চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, ২০২৩ সালে বাংলাদেশে প্রায় ৬ লাখ ৮৯ হাজার ৭৪৫ জন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গ্র্যাজুয়েট হয়েছেন। একই সময়ে প্রায় ১৮ লাখ তরুণ প্রশিক্ষণ নিয়েছেন, তাদের মধ্যে ৪৫ থেকে ৪৭ শতাংশ উপযুক্ত কাজ খুঁজতে সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

গবেষণায় বলা হয়েছে, দেশে প্রায় ১ কোটি ৩৮ লাখ কর্মী আংশিক কর্মসংস্থান বা আন্ডারএমপ্লয়মেন্টের শিকার। দেশের প্রায় ৮৫ শতাংশ কর্মসংস্থানই অনানুষ্ঠানিক খাতে।

উর্মি জাহান বলেন, প্রশিক্ষণের সংখ্যা নয়, বরং কী ধরনের দক্ষতা দেওয়া হচ্ছে, সেই দক্ষতার চাহিদা কোথায় এবং কারা সেই দক্ষতা কাজে লাগাবে—এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

গবেষণায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে দুর্বল যোগাযোগ, ব্যবহারিক ও শিল্পভিত্তিক প্রশিক্ষণের সীমাবদ্ধতা, পুরনো পাঠ্যক্রম ও সরঞ্জাম এবং প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েটদের অবস্থান সম্পর্কে দুর্বল তথ্যব্যবস্থাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল ও সবুজ প্রযুক্তির সঙ্গে প্রশিক্ষণের অপর্যাপ্ত সমন্বয়ের কথাও উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান বলেন, দক্ষতার অসামঞ্জস্যকে আলাদা কোনো সমস্যা হিসেবে দেখা উচিত নয়। এটি সামগ্রিক শ্রম অভিবাসন ব্যবস্থাপনার অংশ।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

তিনি বলেন, প্রশিক্ষণে বছরের পর বছর বিনিয়োগের পরও বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের ৭০ শতাংশের বেশি ঐতিহাসিকভাবে স্বল্পদক্ষ কাজের মধ্যে রয়ে গেছে। অভিবাসন ব্যয় বেশি হওয়ার সঙ্গেও দুর্বল ব্যবস্থাপনার সম্পর্ক রয়েছে। কম শিক্ষিত ও কম সচেতন কর্মীরা সহজেই শোষণের শিকার হন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, ২০০৮ সালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ছিল এক শতাংশেরও কম। ২০২৫ সালে তা ২০ শতাংশের বেশি হয়েছে। তবে, প্রশিক্ষণ এখনো শিল্প খাত ও গন্তব্য দেশের চাহিদার সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, বিএমইটির ১১০টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কিন্তু এসব কেন্দ্রের কার্যক্রম প্রকৃত বাজারচাহিদার সঙ্গে পর্যাপ্তভাবে যুক্ত নয়।

ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাকাওয়াত আলী বলেন, বাংলাদেশের আরও উন্নত শ্রমবাজার তথ্যব্যবস্থা, শক্তিশালী ভাষা প্রশিক্ষণ এবং গন্তব্য দেশগুলোর সঙ্গে এমন চুক্তি প্রয়োজন, যাতে বিদেশে বাংলাদেশের প্রশিক্ষণ ও দক্ষতার সনদ স্বীকৃতি পায়।

আরও পড়ুন: চৌহালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধ দমন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো দেশের শ্রমবাজারে অটোমোবাইল টেকনিশিয়ানের চাহিদা থাকলে বাংলাদেশ থেকে সেখানে নির্মাণ বা টাইলসের কাজের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাঠানো হলে দক্ষতার স্পষ্ট অসামঞ্জস্য তৈরি হবে।

বাংলাদেশে নিযুক্ত ইতালীয় দূতাবাসের অভিবাসন বিশেষজ্ঞ জিউসেপ্পে দি জিওভান্নি বলেন, ২০২৫ ও ২০২৬ সালে ইতালি বাংলাদেশিদের ২০ হাজারের বেশি কাজের ভিসা দিয়েছে। একই সময়ে প্রায় ২০ হাজার বাংলাদেশি লিবিয়া হয়ে অনিয়মিত পথে ইতালিতে পৌঁছেছেন।

তিনি বলেন, ইতালির কাজের ভিসার সরকারি ফি মাত্র ৬৫ ইউরো। কিন্তু বাংলাদেশি অভিবাসীরা মধ্যস্বত্বভোগীদের ৫ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত দিয়ে থাকেন।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিদলের প্রথম সচিব লরা কার্তানিয়া লিয়াখ বলেন, ইইউ-বাংলাদেশ ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় প্রশিক্ষণ দেওয়া হলেও তা এখনো কর্মসংস্থানের সঙ্গে কাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়নি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংস্কারে বাজেট সহায়তা হিসেবে ইইউ প্রায় ৮ কোটি ইউরো বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় মাদক না দেওয়ায় বাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


খুলনায় মাদক না দেওয়ায় বাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ

মাদক না দেওয়ার কারণে খুলনা মহানগরীর খালিশপুরের প্যাটকাবাজারে আ. রাজ্জাক তালুকদার নামক একজনের বাড়িতে ঘটেছে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা রাস্তা থেকে গুলি করতে করতে বাড়ির দিকে অগ্রসর হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাকের বাড়ি এবং পাশের একটি ঘরেও ভাঙচুর চালানো হয়।

আ. রাজ্জাক তালুকদার জানিয়েছেন, বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক তাঁর কাছে মাদক কিনতে আসে। তিনি জানিয়ে দেন যে, তিনি মাদক বিক্রি করেন না, তখন তাঁদের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবকদের একজন তাঁর গামছা ধরে টান দেয়। পরে রাজ্জাক লোকজন ডাকলে ওই যুবকেরা চলে যায়। সন্ধ্যার পর তারা দলবদ্ধ হয়ে তাঁর বাড়িতে এসে হামলা ও গুলিবর্ষণ করে।

রাজ্জাকের বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা তাঁকে খুঁজতে বাড়িতে আসে। তাঁকে না পেয়ে তারা ঘরবাড়িতে ভাঙচুর করে এবং গুলি ছুড়ে চলে যায়।

এক প্রতিবেশী নারী বলেন, ‘হামলাকারীরা আমার ঘরেও ঢুকে আ. রাজ্জাক ও তাঁর ছেলের স্ত্রীকে খোঁজ করে। তাঁদের না পেয়ে ঘরের ফ্রিজ ও বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।’

ঘটনার খবর পেয়ে খালিশপুর থানার পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্যাটকাবাজারে আ. রাজ্জাকের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাবারের জন্য নাচতেন, ফুটপাতে ঘুমাতেন মিঠুন চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


খাবারের জন্য নাচতেন, ফুটপাতে ঘুমাতেন মিঠুন চক্রবর্তী

বলিউডের পরিচিত মুখ মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার বর্তমানে সাফল্যে ভরা। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়জীবনে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। তবে, এই অবস্থানে পৌঁছানোর পথ মোটেও সহজ ছিল না। অভিনয়জীবনের শুরুর দিকে খাবারের জন্য তাকে পার্টিতে নাচতে হয়েছে, এমনকি কখনো ফুটপাতেও রাত কাটাতে হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সম্প্রতি ফারাহ খানের ইউটিউব ভ্লগে অতিথি হয়ে মিঠুন তার জীবনের শুরুর দিনের নানা ঘটনা শেয়ার করেন। সেখানে উঠে আসে তার কঠিন সময়ের গল্প।

ফারাহ খান জানান, তার চাচা কে কে শুক্লা চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতেন এবং সেই সূত্রে মিঠুনের পরিবারের সঙ্গে তাদের পরিচয় ছিল। ফারাহর ভাষ্য অনুযায়ী, মিঠুনের বাবা বিভিন্ন পার্টিতে নাচতেন, বিনিময়ে পারিশ্রমিক না নিয়ে খাবার নিয়ে বাড়ি ফিরতেন।

ফারাহ বলেন, তখন মিঠুনকে পার্টিতে ডেকে নেওয়া হতো কারণ তিনি ভালো নাচতে পারতেন। নাচের বিনিময়ে কোনো টাকা নিতেন না, শুধু রাতে খাওয়ার সুযোগ পেতেন। ফারাহর মতে, অনেকে সহজেই নিজের জীবনের কঠিন সময়কে ‘সংগ্রাম’ বলেন, কিন্তু মিঠুনের সেই সময়ের অভিজ্ঞতা ছিল তার চেয়েও কঠিন।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিঠুন জানান, তার সংগ্রাম ছিল ‘সংগ্রামেরও বাইরে’। তিনি বলেন, জীবনের কঠিন সময়ে তাকে রাস্তায় ও ফুটপাতে ঘুমাতে হয়েছে।

মিঠুন বলেন, কখনো কখনো হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে পড়তেন যে ফুটপাতেই ঘুমিয়ে যেতেন। ঘুম ভাঙার পর নিজেকে ফুটপাতেই দেখতে পেতেন। এমনকি কয়েকবার বাগানেও রাত কাটানোর কথা জানান তিনি।

ফারাহ আরো বলেন, জুনিয়র আর্টিস্ট হিসেবে যাত্রা শুরু করে মিঠুনের মতো বড় তারকায় পরিণত হওয়ার নজির খুব বেশি নেই।

মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান লাভ করেন।

এরপর ‘সুরক্ষা’ সিনেমার মাধ্যমে তার জনপ্রিয়তার নতুন অধ্যায় শুরু হয়। আশির দশকে ‘ডিস্কো ড্যান্সার’, ‘ড্যান্স ড্যান্স’, ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘কসম পয়দা করনে ওয়ালে কি’ ও ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে হিন্দি, বাংলা ও বিভিন্ন আঞ্চলিক ভাষার ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা ও ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি চারটি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা। ২০২৪ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করে। একই বছর ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারও পান।

তবে, তার দীর্ঘ ক্যারিয়ারের ঝলমলে সাফল্যের পেছনে যে কঠিন সময় ও অনিশ্চয়তা ছিল, ফারাহ খানের ভ্লগে উঠে আসা সেই গল্প নতুন করে আলোচনায় এনেছে মিঠুনের জীবনের শুরুর অধ্যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


মৌলভীবাজারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাকিবুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। তিনি রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাকিবুল ইসলাম হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং জামাল হোসেন ভূঁইয়ার পুত্র। তিনি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ‘নাবা ডিজিটাল সাইন’-এর মালিক ছিলেন।

রাকিবুলের চাচাতো ভাই সোহেল মিয়া জানিয়েছেন, তিনি কয়েকদিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

ভানুগাছ বাজারের ব্যবসায়ী রাজন আবেদীন রাজু মন্তব্য করেন, রাকিবুল ইসলাম ছিলেন মিশুক, সদালাপী এবং পরিশ্রমী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে ভানুগাছ বাজার ও শায়েস্তানগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, সিলেটে মৃত্যু হওয়ার কারণে হয়তো আমাকে জানানো হয়নি। তবে যদি তিনি এখানে চিকিৎসা নিতেন, তাহলে হয়তো আমি সেটা জানতে পারতাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে-২ সপ্তাহ পর আব্দুল্লাহর করুণ পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে-২ সপ্তাহ পর আব্দুল্লাহর করুণ পরিণতি

প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর যুবক নিজেই স্ত্রীকে সেই বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে বিয়ে দেন। সেই বিয়ের কাবিননামায় সাক্ষী হিসেবে তিনি সইও করেন। ঘটনার দুই সপ্তাহ পর ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে যশোরের মনিরামপুরের কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

যুবকের নাম আব্দুল্লাহ মিথুন (২৮)। তিনি ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।

মৃত আব্দুল্লাহর স্বজনদের দাবি, আব্দুল্লাহর স্ত্রী সাথী (২৬) দুই সন্তানের জননী। তিনি মালয়েশিয়াপ্রবাসী সুমনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। সম্প্রতি মোবাইল ফোনে ওই যুবককে বিয়েও করেছেন। এরপর সাথী নানাভাবে নির্যাতন করে মিথুনকে হত্যা করেছেন।

আব্দুল্লাহর চাচা এনায়েত হোসেন বলেন, ‘আব্দুল্লাহর স্ত্রী সাথী ১৫ থেকে ২০ দিন আগে সুমন নামের এক ছেলেকে বিয়ে করেছে। এরপর সুমনের পরামর্শে সাথী আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করেছে। আমরা সুমন ও সাথীর বিচার চাই।’

সরেজমিনে জানা যায়, নির্মাণশ্রমিক আব্দুল্লাহ ১০ বছর আগে একই উপজেলার মধুপুর গ্রামের সাথীকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে ৬ ও ৪ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। তাদের সংসার ভালোই চলছিল। আব্দুল্লাহ ও তার প্রতিবেশী সুমন একসঙ্গে বড় হয়েছেন। সেই সূত্রে সাথীর সঙ্গে সুমনের পরিচয় হয়। চার বছর আগে সুমন মালয়েশিয়ায় চলে যান। পরে দেশে এসে কয়েক দিন বাড়িতে থাকার পর তিন মাস আগে আবার মালয়েশিয়ায় চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, একপর্যায়ে সুমনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান সাথী। বিষয়টি আব্দুল্লাহ টের পেয়েছিলেন। স্ত্রীকে অনেক বুঝিয়েও ফেরাতে ব্যর্থ হয়ে অবশেষে তিনি নিজে উপস্থিত থেকে কাজি অফিসে নিয়ে সাথীকে সুমনের সঙ্গে বিয়ে দেন।

আব্দুল্লাহর মা রওশনারা বলেন, ‘এসব কিছু আমরা জানতে পারিনি। আমার ছেলেকে মানসিকভাবে চাপ দিত তার বউ। রবিবার রাতে ওদের মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পরে বউ দৌড়ে এসে বলে, আমার ছেলে আত্মহত্যা করেছে। আমার ধারণা, বউ গলায় গামছা জড়িয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। পরে লাশ বারান্দায় আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।’

আব্দুল্লাহর মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এলে স্বামীর মরদেহ রেখে সাথী ঘরে ঢুকে দরজা আটকে বসে থাকেন বলে জানান এক প্রতিবেশী। পরে দরজা ভেঙে তাকে বের করা হয়।

আব্দুল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ও পল্লিচিকিৎসক মোবাশের আল মুবিন বলেন, ‘আব্দুল্লাহ আমার ছোটবেলার বন্ধু। তিন দিন আগে ওর সঙ্গে আমার দেখা হয়। তখন ওর মন খারাপ ছিল। দেখলাম, ও একটা নম্বরে ফোন করে কান্নাকাটি করছে, মাফ চাচ্ছে। আমি জানতে চাইলে ও (আব্দুল্লাহ) বলে, ‘বন্ধু, আমি একটা ভুল করে ফেলেছি। আমি আমার স্ত্রীকে (সাথী) নিজে উপস্থিত থেকে অন্য স্থানে বিয়ে দিয়েছি। ছেলেটির নাম সুমন। সম্পর্কে আমার চাচাতো ভাই।’

মুবিন আরো বলেন, ‘আমি কারণ জানতে চাইলে বলে, ‘আমাকে বাসা থেকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিল। সাথী আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করেছে। আমার দুই ছেলের মুখের দিকে তাকিয়ে এ কাজ করেছি।’

অভিযোগের বিষয়ে সাথী বলেন, ‘কয়েক দিন আগে আমার স্বামী সুমনকে মোবাইল ফোনে কল করে বলে, ‘তুই আমার একটা কথা রাখ। আমার স্ত্রী-সন্তানের দায়িত্ব নে। সুমন প্রথমে রাজি ছিল না। পরে আমার স্বামী চাপ দিয়ে ওকে রাজি করিয়েছে।’

সাথী আরো বলেন, ‘আব্দুল্লাহ আমাকে গা ছুঁয়ে শপথ করায় সুমনকে বিয়ে করতে রাজি হতে বাধ্য করে। ১৪ সেপ্টেম্বর এসব কথা হয়। আমি রাজি ছিলাম না। পরে ১৬ সেপ্টেম্বর যশোরের নওয়াপাড়ার ধোপাদি এলাকার একটি কাজি অফিসে নিয়ে সুমনের সঙ্গে বিয়ে দেয়। আমার স্বামী ওই কাগজে সাক্ষী হিসেবে সই করে।’

এসব নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় জানিয়ে সাথী বলেন, ‘আমি আমার আব্বাকে সব খুলে বলতে চাই। একপর্যায়ে ও গলায় গামছা জড়িয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।’

বিদেশে থাকায় অভিযোগের বিষয়ে সুমনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সুমনের ভগ্নিপতি রাকিব হোসেন দাবি করেন, ‘আব্দুল্লাহর মৃত্যুর পর আমরা বিষয়টি জেনেছি। পরে আমরা সুমনের সঙ্গে যোগাযোগ করেছি। সুমন বিয়ের বিষয়টি অস্বীকার করেছে। আব্দুল্লাহ ও সুমনের সম্পর্ক ছিল বন্ধুত্বের।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%