১০:২৯ এম
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে কঠোর এবং সময়োপযোগী সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক যেকোনো অস্থিতিশীল কার্যক্রম প্রতিরোধ করতে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিবেশ-পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থতার ক্ষেত্রে তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।
গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কঠোর বার্তা প্রদান করেন। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে দেশের আইনশৃঙ্খলা এবং গার্মেন্টস খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও অত্যন্ত গুরুত্ব দিয়ে কঠোর ও স্পষ্ট বার্তা দেন। সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে পোশাক খাতের অস্থিরতা, আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পকে যেকোনো মূল্যে সচল রাখা এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের শীর্ষ পর্যায় থেকে কড়া বার্তা দেওয়া হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব ও সহিংসতা দেখা গেল: সাদিক কায়েম
গার্মেন্টস পরিস্থিতি ও ন্যূনতম মজুরি বোর্ড গঠন : মন্ত্রিসভার বৈঠকে তৈরি পোশাক (আরএমজি) শিল্পে চলমান অস্থিরতা এবং শ্রমিকদের অসন্তোষ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলনের নামে কিছু জায়গায় সহিংসতা, ভাঙচুর ও অযৌক্তিক সড়ক অবরোধের ঘটনা উঠে আসে। সরকার মনে করে, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, তবে একটি মহল এ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে সরকার নির্ধারিত সময়ের আগেই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। মজুরি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা অযৌক্তিক বলেও বৈঠকে মন্তব্য করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্ঘাতমূলক অপচেষ্টা : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতে জানানো হয় যে, সাধারণ শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা-কর্মী ও উগ্রপন্থিরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে সীমান্ত বা বাইরে থেকেও নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও কঠোর অবস্থান : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সুকৌশলে বিশৃঙ্খলা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে ইন্ধন জোগানোর চেষ্টা করছে। সরকার ও সংশ্লিষ্ট মহল থেকে স্পষ্ট করা হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক শক্তিকে কোনোভাবেই জননিরাপত্তা বিঘ্নিত করার বা পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বেশ কিছু কঠোর ও সময়োপযোগী নির্দেশনা প্রদান করেছেন। তার মধ্যে রয়েছে-
আরও পড়ুন: রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ইউট্যাবের উদ্বেগ ও নিন্দা
সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যারা শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করছে এবং নাশকতা ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
দেশের ভিতরে ও বাইরে থেকে যে বা যারা পোশাক খাত বা সামগ্রিক রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি লক্ষ্যে ষড়যন্ত্র ও উস্কানি দিতে চাইছে, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসা।
মন্ত্রী-এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ : সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রী-এমপিদের নিজ নিজ এলাকায় অবস্থান করে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে কেউ ব্যর্থ হলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি।
সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার তাগিদ দেওয়া হয়।
আরও পড়ুন: তথ্য প্রতিমন্ত্রী: বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি
গুজব ও অপপ্রচার রোধ : সমাজে অস্থিরতা তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
গার্মেন্টস ও শিল্প খাতের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-
শ্রমিক কল্যাণ ও মজুরি বোর্ডকে সক্রিয় করা : শ্রমিকদের জীবনমান উন্নয়নে গঠিত মজুরি বোর্ডকে কার্যকরভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে আলোচনার মাধ্যমে দ্রুত শ্রমিকদের দাবি ও প্রত্যাশার বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যায়। সংক্ষেপে এ বৈঠকে সরকার অর্থনীতির ‘লাইফলাইন’ খ্যাত গার্মেন্টস খাতকে রক্ষা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে।
উৎপাদন ও সাপ্লাই চেইন সচল রাখা : দেশের অর্থনীতির প্রাণশক্তি গার্মেন্টস শিল্পে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হতে না দেওয়া এবং উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ব্যাপারে কঠোর বার্তা দেওয়া হয় বৈঠকে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলোর প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি কোনো কুচক্রী মহল যাতে শ্রমিকদের ব্যবহার করে পোশাকশিল্পে ভাঙচুর বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে কড়া নজর রাখতে বলা হয়।
আরও পড়ুন: গাজীপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনে আহত শ্রমিক সেলিমের মৃত্যু
মালিক-শ্রমিক সৌহার্দপূর্ণ সম্পর্ক : শিল্প মালিক এবং শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে একটি আস্থার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজিএমইএসহ অন্যান্য সংগঠনের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়াও মন্ত্রিসভার গতকালের বৈঠকে সরকারি কাজে গতি আনতে মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়। বৈঠকে ভ্যাট আইন, খেজুর আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইনসহ সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন