০৪:১৯ পি.এম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা “মেহেরপুর” কে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র নবনির্মিত ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র স্থাপনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অর্জন সম্পন্ন হয়েছে।
এর আগে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলায় প্রায়শই লো-ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহজনিত নানা সমস্যা দেখা দিত।
মেহেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ গ্রহণ করেছে।
আরও পড়ুন: জনশক্তি রপ্তানি খাতের সংকট উত্তরণে বায়রা গণতান্ত্রিক জোটের ঐক্যের ডাক
এই উদ্যোগের আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় ৩.০০ একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া-মেহেরপুর ৪৮ কি.মি. দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে। মেহেরপুর জেলাকে যুক্ত করতে কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশনও নির্মাণ করা হয়।
নবনির্মিত সঞ্চালন লাইন এবং গ্রিড উপকেন্দ্র যথাক্রমে গত ২৮ ও ২৯ অক্টোবর সফলভাবে চালু করা হয়। এর ফলে মেহেরপুর জেলা প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ লেভেলে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন