বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:১২ পি.এম
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। নতুন নির্দেশনা অনুযায়ী, এমপিওভুক্ত জনবলের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করার প্রয়োজন নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অর্থ ও শিক্ষার উচ্চপর্যায়ের দুই কর্মকর্তার মধ্যে মঙ্গলবার দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অর্থ বিভাগের কর্মকর্তারা মত দিয়েছেন যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে আলাদা প্রজ্ঞাপনের প্রয়োজন হবে না। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের জন্য প্রযোজ্য হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে না। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের জন্য প্রযোজ্য হবে।’
অতীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট জারি করা হয়েছিল। এ ছাড়া এমপিওভুক্ত জনবল সরকারি চাকরিজীবীদের মতো ভাতা পান না। এ বিষয়গুলো কীভাবে সমাধান হবে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘তাদের বেতন বৃদ্ধি হবে। ভাতাগুলো আগের মতোই থাকবে। বিষয়গুলো নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কাজ করবে।’
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে। নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে অনেকের মধ্যে হিসাব-নিকাশ চলছে। নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে একজন কর্মচারীর ৩০ জুনের মূল বেতন, বর্তমান গ্রেড এবং নতুন বেতন কাঠামোয় সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত স্কেলের তথ্য প্রয়োজন হবে।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনে বেতন নির্ধারণের জন্য দুটি পদ্ধতির কথা বলা হয়েছে। পুরোনো বেতন স্কেলের একেবারে শুরুতে থাকা কর্মচারীদের জন্য হিসাব অপেক্ষাকৃত সহজ। আর যারা স্কেলের মাঝামাঝি বা ওপরের কোনো ধাপে বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে পুরোনো স্কেলের শুরু থেকে বর্তমান বেতনের ব্যবধান হিসাব করে নতুন স্কেলে তা সমন্বয় করতে হবে।
স্কেলের শুরুতে থাকা কর্মচারীদের বেতন যেভাবে নির্ধারিত হবে। যদি কোনো কর্মচারী ৩০ জুন পর্যন্ত তার বর্তমান বেতন স্কেলের সর্বনিম্ন বা প্রারম্ভিক ধাপে বেতন পেয়ে থাকেন, তাহলে নতুন বেতন কাঠামোয় সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক ধাপেই তার বেতন নির্ধারণ করা হবে।
ধরা যাক, ১৬তম গ্রেডের একজন কর্মচারী ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন স্কেলের শুরুতে ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেতেন। নতুন বেতন কাঠামোয় ১৬তম গ্রেডের স্কেল যদি ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা নির্ধারিত হয়, তাহলে ওই কর্মচারীর নতুন মূল বেতন হবে ২১ হাজার ৯০০ টাকা। অর্থাৎ পুরোনো স্কেলের সর্বনিম্ন ধাপে থাকা কর্মচারীর ক্ষেত্রে পুরোনো বেতন ও নতুন বেতন স্কেলের শুরুর ধাপের মধ্যে সরাসরি সমন্বয় করা হবে।
স্কেলের মাঝামাঝি ধাপে থাকা কর্মচারীদের হিসাব। যদি কোনো কর্মচারী তার বর্তমান বেতন স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন, তাহলে নতুন বেতন নির্ধারণের জন্য প্রথমে পুরোনো স্কেলের প্রারম্ভিক বেতন এবং তার বর্তমান মূল বেতনের মধ্যে ব্যবধান বের করতে হবে।
এরপর সেই ব্যবধান নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এ তার জন্য নির্ধারিত সংশ্লিষ্ট স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে। হিসাবের পর পাওয়া অর্থ যদি নতুন স্কেলের কোনো নির্ধারিত ধাপের সঙ্গে মিলে যায়, তাহলে সেই ধাপেই নতুন মূল বেতন নির্ধারিত হবে। আর হিসাবের অঙ্কটি যদি কোনো নির্ধারিত ধাপে না মেলে, তাহলে তার চেয়ে পরবর্তী উচ্চতর ধাপটি নিতে হবে।
ধরা যাক, ৩০ জুন পর্যন্ত একজন কর্মচারীর ইনক্রিমেন্টসহ মূল বেতন ছিল ১৩ হাজার ৭৯০ টাকা। তার পুরোনো বেতন স্কেল ছিল ১২ হাজার ৫০০ থেকে শুরু হয়ে ১৩ হাজার ১৩০, ১৩ হাজার ৭৯০ টাকা এবং পরবর্তী ধাপগুলোতে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামোয় তার সংশ্লিষ্ট স্কেল ধরা হলো ২৫ হাজার থেকে শুরু হয়ে ২৬ হাজার ৩০০ টাকা, পরবর্তী ধাপগুলো অতিক্রম করে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
এখন প্রথমে পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ থেকে তার বর্তমান মূল বেতনের পার্থক্য বের করতে হবে। ১৩,৭৯০ - ১২,৫০০ = ১,২৯০ টাকা। অর্থাৎ পুরোনো স্কেলের শুরু থেকে তার বর্তমান বেতন ১ হাজার ২৯০ টাকা বেশি। এবার এই ব্যবধান নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করতে হবে।
২৫,০০০ + ১,২৯০ = ২৬,২৯০ টাকা। কিন্তু নতুন বেতন স্কেলে ২৬ হাজার ২৯০ টাকা নামে কোনো নির্ধারিত ধাপ নেই। সে ক্ষেত্রে কর্মচারীর বেতন ঠিক ২৬ হাজার ২৯০ টাকা করা হবে না; বরং এর পরের উচ্চতর নির্ধারিত ধাপে বেতন নির্ধারণ করা হবে। অর্থাৎ তার নতুন মূল বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা।
নিজের নতুন বেতন জানতে যে তথ্যগুলো লাগবে। একজন চাকরিজীবী নিজের নতুন মূল বেতন হিসাব করতে চাইলে প্রথমে তিনটি বিষয় নিশ্চিত করতে হবে। সেগুলো হলো- ৩০ জুন তার মূল বেতন কত ছিল; তিনি কোন গ্রেডে কর্মরত ছিলেন এবং জাতীয় বেতন স্কেল-২০২৬-এ তার গ্রেডের জন্য নির্ধারিত নতুন বেতন স্কেল কত।
এরপর দেখতে হবে তিনি পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপে ছিলেন কিনা। থাকলে নতুন স্কেলের প্রারম্ভিক ধাপই হবে তার নতুন মূল বেতন। আর প্রারম্ভিক ধাপের চেয়ে বেশি বেতন পেলে পুরোনো স্কেলের শুরু থেকে বর্তমান বেতনের ব্যবধান বের করে সেটি নতুন স্কেলের শুরুতে যোগ করতে হবে। পাওয়া অঙ্কটি নির্ধারিত কোনো ধাপে না থাকলে পরবর্তী উচ্চতর ধাপ গ্রহণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন সতর্কবার্তার পর, যে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরাইলের শত্রুরা হামলা চালাতে পারে, বুধবার ভোরে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ অভিযোগ করেছেন যে নেতানিয়াহু জনগণের মধ্যে ভয় ছড়াচ্ছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে, ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতায় থাকা নেতানিয়াহু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, হামাস ও হিজবুল্লাহসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও সতর্ক করে আসছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো পক্ষ হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে।
ইসরাইল গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে। পাশাপাশি, তুরস্ক, সিরিয়া ও কাতারের নেতাদের বিরুদ্ধেও নেতানিয়াহুর বক্তব্য সাম্প্রতিক সময়ে আরও কঠোর হয়েছে।
মঙ্গলবার একটি সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমানের সামনে দাঁড়িয়ে তৈরি করা ভিডিওতে নেতানিয়াহু সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর, পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ জরুরি নিরাপত্তা বৈঠকের দাবি জানান।
নেতানিয়াহুর সঙ্গে গভীর রাতে বৈঠকের পর লাপিদ বলেন, তিনি নিশ্চিত যে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ‘জনগণকে আতঙ্কিত করার কোনো কারণ নেই।’
তিনি অভিযোগ করেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে দেওয়া সতর্কবার্তাগুলো নেতানিয়াহু উপেক্ষা করেছিলেন। ওই হামলা ছিল ইসরাইলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর জবাবে ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
লাপিদ বলেন, ‘৭ অক্টোবরের আগে নেতানিয়াহু প্রতিটি সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন। আর এখন নির্বাচনের মাত্র ২৮ দিন আগে তিনি হঠাৎ জনগণের মধ্যে ভয় ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন।’
তিনি জানান, নিরাপত্তা বৈঠকে কী আলোচনা হয়েছে, তার গোপনীয়তা তিনি রক্ষা করবেন। তবে তার ভাষায়, ‘নিরাপত্তা হুমকি অবশ্যই পেশাদার ও দায়িত্বশীলভাবে মোকাবিলা করতে হবে।’
লাপিদ আরও বলেন, ‘ইসরাইলি সামরিক ঘাঁটি নির্বাচনী প্রচারের ভিডিও তৈরির জায়গা নয়।’
মধ্যপন্থী সাবেক প্রধানমন্ত্রী লাপিদ এবারের নির্বাচনে বিরোধী শিবিরের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার একজন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটও নেতানিয়াহুর অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন।
লাপিদের অনুরোধের পরপরই নেতানিয়াহু সামরিক কর্মকর্তাদের সঙ্গে তাকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।
এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, ‘গোয়েন্দা তথ্যসংক্রান্ত ব্রিফিংয়ে নির্বাচনের আগে বিভিন্ন ফ্রন্টে সম্ভাব্য হামলার সতর্কতাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।’
মঙ্গলবারের ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমাদের কাছে এমন কিছু তথ্য রয়েছে যে নির্বাচনের আগে আমাদের শত্রুরা হামলা চালানোর চেষ্টা করবে।’
নেতানিয়াহু বলেন, ‘আমি আপনাদের একটি বার্তা দিচ্ছি: আমাদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না—এখনও নয়, কখনোই নয়। আমাদের দীর্ঘ হাত যেকোনো জায়গায়, যেকোনো সময় আপনাদের কাছে পৌঁছে যাবে।’
ফেব্রুয়ারির শেষ দিকে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এপ্রিলের পর থেকে ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি হামলা হয়নি। তবে ইরানের ধর্মীয় সরকার ও ওয়াশিংটনের মধ্যে হওয়া যুদ্ধবিরতি নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকায় নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
বিদেশে থাকা হামাস নেতাদের হুমকি
এদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজার বাইরে অবস্থানরত হামাস নেতাদেরও হুমকি দিয়েছেন। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, রাতের অভিযানে গাজার উত্তরাঞ্চলে হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন।
এক ভিডিও বিবৃতিতে কাটজ বলেন, ‘বিদেশে থাকা হামাস নেতারাও আমাদের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছেন। ৭ অক্টোবরের হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ঘৃণ্য হত্যাকারীদের কেউই যেন শান্তিতে নিজের বিছানায় মারা যেতে না পারে।’
তিনি আরও বলেন, ‘একবার তারা একটি ভুলের কারণে রক্ষা পেয়েছিল—কিন্তু পরেরবার সেই সুযোগ থাকবে না। তাদেরও নরকের গভীরে পাঠানো হবে।’
২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের একটি বৈঠকে ইসরাইলি বিমান হামলার দিকে ইঙ্গিত করে কাটজ এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই হামলায় কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা এবং হামাসের পাঁচ সদস্য নিহত হন। তবে সংগঠনটির শীর্ষ নেতাদের কেউ নিহত হননি।
হামলাটি ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরে ওয়াশিংটনের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা নিশ্চিত করা হয়, যার ফলে ইসরাইলি হামলা কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘মনিটরিং টিমের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহীতে আজ পরিবেশ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
ড. মো. লুৎফর রহমান প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, "পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ু, পানি ও মাটি দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।" পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা এবং দূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের রাজশাহীর পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক মোছা. তাছমিনা খাতুন, সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় ডিবি পুলিশ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের ঘটনা ঘটে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় আসামির তালিকায় মহিউদ্দিন চৌধুরীর নাম ৪ নম্বরে রয়েছে।
গ্রেফতারকৃত মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার পিতা মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মাতা হাসমত আরা বেগম। তিনি ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের ২য় গলিতে স্থায়ীভাবে বসবাস করেন। বর্তমানে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় তার অবস্থান।
এর আগে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই মামলার আসামী হিসেবে মহিউদ্দিন চৌধুরীও ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশ পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের তুলারডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের পুত্র। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বসবাস করতেন এবং সেখানে তার স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে থাকতেন। একই সঙ্গে পঞ্চগড় সদর থানার সামনে তিনি কম্পিউটার কম্পোজের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
রেজার স্ত্রী কোহিনুর বেগম বলেন, "প্রতিদিন ঘুমের ওষুধ খেয়ে বাড়ি আসত রেজা। গতকালও খেয়ে এসে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে আমার সঙ্গে ঝগড়া হয়। রাত ১২টায় বাড়ি থেকে বের হয়ে যায় সে। তারপর সকালে শুনতে পাই তার মরদেহ পাওয়া গেছে। আমরা গিয়ে মরদেহ শনাক্ত করি। কিভাবে সে মারা গেছে আমরা জানি না।"
রেজার বাবা মোস্তফা কামাল বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি তদন্ত করে এর বিচার চাই।"
পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম জানান, ওই ব্যক্তির মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য পুলিশ কাজ করছে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, "আমরা একটি চিরকুটও পেয়েছি। মৃত্যুর রহস্য উন্মোচনের পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ