মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:১৬ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক অনুমতি ছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ দিতে সড়ক খননের সময় দুই শ্রমিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর জুরাইনে ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়ক থেকে দুজনকে আটক করা হয়। এই তথ্যটি ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, লাল মিয়া সড়কের শরীফ মঞ্জিলের মালিক জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি করপোরেশনের কোনো ধরনের অনুমতি না নিয়েই অবৈধ গ্যাস সংযোগের জন্য সড়ক খনন কার্যক্রম চলছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে আটক করা হয়।
অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত দুটি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং দুটি কর্নি জব্দ করা হয়েছে।
আটক দুই শ্রমিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৯৯ রানের লক্ষ্য। টি-টোয়েন্টি ক্রিকেটে সফলভাবে এই রান তাড়া করতে হলে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ের প্রয়োজন হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই কাজটি সম্পন্ন করেছেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান এবং দ্রুততম দলীয় ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। জবাবে ভারত মাত্র ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। হাতে ছিল ৪০ বল।
রান তাড়ায় সাঞ্জু স্যামসনের পরিবর্তে অভিষেকের সঙ্গে ওপেন করতে নামেন বৈভব। ইনিংসের প্রথম বলেই জ্যাকব ডাফিকে চার মেরে শুরু করেন তিনি। ওই ওভার থেকেই আসে ২৬ রান। দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনেকে ১৭ রান দেন ভারতীয় ব্যাটসম্যানরা। এরপর মিচেল ব্রেসওয়েলের ওভারের প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন অভিষেক। ফলে মাত্র ২.২ ওভারে ৫০ রান পূর্ণ করে ভারত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশের মধ্যে এটি দ্রুততম দলীয় ফিফটি। এরপর পাওয়ার প্লেতে বিনা উইকেট হারিয়ে ১১৮ রান তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। এর আগে প্রথম ছয় ওভারে এত রান তুলতে পারেনি কোনো দল। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে।
জেমিসনের বলে অভিষেক ফিরে গেলেও তখন ভারত জয়লাভের দ্বারপ্রান্তে ছিল। মাত্র ৩৮ বলে ১১ ছক্কার সাহায্যে ১১৩ রান করে আউট হন অভিষেক। শেষের কাজটি সম্পন্ন করেন নামান ধীর ও তিলক বর্মা।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে জয়লাভ করে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) চতুর্থ ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার বিষয়বস্তু টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমির সম্ভাবনা। আগামী ৩০ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল সেমিনার ২০২৬: সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি’ শীর্ষক সেমিনারের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি।
সেমিনার উপলক্ষে শিক্ষার্থী ও গবেষকদের কাছ থেকে গবেষণার সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষার্থী এবং গবেষকরা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধন ও অংশগ্রহণের জন্য কোনো ফি নির্ধারণ করা হয়নি।
পোস্টার উপস্থাপনার বিষয়বস্তু দুটি প্রধান ধারায় বিভক্ত: টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ এবং ব্লু ইকোনমি।
টেকসই সামুদ্রিক মৎস্যসম্পদ বিষয়ক ধারায় অন্তর্ভুক্ত রয়েছে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, দায়িত্বশীল জলজ চাষ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, উপকূলীয় জনগণের জীবিকা, মৎস্যপ্রযুক্তি, সামুদ্রিক খাদ্যের নিরাপত্তা এবং জলজ জীবপ্রযুক্তি।
অন্যদিকে, ব্লু ইকোনমি ধারায় সমুদ্র শাসন, সামুদ্রিক স্থানিক পরিকল্পনা, সমুদ্র অর্থনীতি ও মৎস্যসম্পদ বিষয়ক আইনগত বিষয়, পরিবেশবান্ধব নৌপরিবহন, বন্দর ও সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা, সমুদ্রে নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক জীবপ্রযুক্তি, উপকূলীয় পর্যটন, সামুদ্রিক দূষণ এবং সমুদ্রবিজ্ঞান ও প্রকৌশল সংক্রান্ত গবেষণা উপস্থাপনের সুযোগ থাকবে।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, গবেষণার সারসংক্ষেপ সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে থাকতে হবে। সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর। ১৭ নভেম্বর সারসংক্ষেপ গ্রহণের বিষয়ে জানানো হবে। নির্বাচিত গবেষণার পোস্টারের সফট কপি জমা দিতে হবে ২৫ নভেম্বরের মধ্যে।
পোস্টারে গবেষণার শিরোনাম, লেখকের নাম ও যোগাযোগের তথ্য, গবেষণার সারসংক্ষেপ, উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল, উপসংহার ও তথ্যসূত্র উল্লেখ করতে হবে। পোস্টারের সর্বোচ্চ আকার ৪৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৩৬ ইঞ্চি প্রস্থ নির্ধারণ করা হয়েছে। পোস্টার উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হবে।
গবেষণার সারসংক্ষেপ ও পোস্টারের সফট কপি জমা দিতে হবে [email protected] ঠিকানায়।
সেমিনার-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সমুদ্রবিজ্ঞান ও জলবিজ্ঞান বিভাগের ড. এস এম মোস্তাফিজুর রহমান এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এস এম রাশিদুল হাসানের সঙ্গে।
আগামী ৩০ নভেম্বর সেমিনার ও পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর জন্য সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বাস্থ্যবিষয়ক সেমিনারে তিনি এই আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগণের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড চালুসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
স্বাস্থ্যকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে। দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার সুযোগ রয়েছে।
তিনি জানান, শিশুদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে বাংলাদেশ ও জাপান উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে টেকসই সামাজিক ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং সহিংসতা, দারিদ্র্য ও অন্যান্য ঝুঁকি থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্বব্যাপী আন্তঃসংযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য অর্জনে স্বাস্থ্য কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদানের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
চিকিৎসক হিসেবে বাংলাদেশে নিজের পেশাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, উপযুক্ত স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, স্বাস্থ্য গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ফাউন্ডেশনটির কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি সম্পদ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্যও ফাউন্ডেশনটির প্রতি আহ্বান জানান তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যোন্নয়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোতে বাংলাদেশ সরকার পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত।
সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল, ২৭ অক্টোবর, ২০২৬ : জ্বালানি সংকটের মোকাবিলায় সরকার দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে চায়, এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ বিকেলে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়ায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় নির্মিত একটি বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বরিশালে ইতোমধ্যে ৮১টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। উদ্যোক্তারা কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে, আবার কেউ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এসব প্লান্ট গড়ে তুলেছেন। বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব, পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে।
গরুর গোবরের তুলনায় হাঁস-মুরগির বিষ্ঠা থেকে বেশি গ্যাস উৎপন্ন হয়, এই বিষয়টি উল্লেখ করে তিনি জানান, বায়োগ্যাসের মাধ্যমে রান্নার জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও সরকার কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় ৪০ বছর পর্যন্ত গ্যাস ও বিদ্যুৎ সুবিধা পাওয়া সম্ভব।
উদ্যোক্তাদের উৎসাহিত করতে আমিনুল হক বলেন, বায়োগ্যাস নিজে ব্যবহারের পাশাপাশি উদ্বৃত্ত গ্যাস অন্যদের কাছে বিক্রি করেও বাড়তি আয় করা সম্ভব। যুবসমাজকে স্বাবলম্বী করতে সরকার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদান করছে। দক্ষ ফ্রিল্যান্সার তৈরির পাশাপাশি বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ৮৩টি প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, এসব প্রশিক্ষণের মাধ্যমে একজন যুবক বা যুবতী নিজের ও পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে সক্ষম হবেন। বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মো. মোস্তাক উদ্দিন, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে আটজন উদ্যোক্তার মধ্যে মোট ৯ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন- সানজিদা রহমান, মনীষা আক্তার, তানজিলা আক্তার রূপা, শিরিন জাহান ঝুমা, ঝুমুর আক্তার, হ্যাপি আক্তার, জহিরুল ইসলাম ও মেহেদী হাসান।
বায়োগ্যাস প্রকল্পের স্বত্বাধিকারী শাহে আলম জানান, চার মাস আগে তিনি এই প্রকল্পটি চালু করেন। নিজের বাসার জ্বালানির চাহিদা মেটানোর পর তিনি আশপাশের আরও চারটি বাসায় গ্যাস সরবরাহ করছেন। প্রকল্পটি বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করেছে।
এদিকে, বিকেলে বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ