ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

৭ মাসের গর্ভবতী কলেজছাত্রী অনাগত সন্তানের পিতৃপরিচয় চান


৭ মাসের গর্ভবতী কলেজছাত্রী অনাগত সন্তানের পিতৃপরিচয় চান

সাত মাসের অন্তসত্ত্বা এক কলেজছাত্রীর চোখেমুখে এখন অনিশ্চয়তা আর আতঙ্ক। কোলে আসতে যাওয়া সন্তানের ভবিষ্যৎ কী হবে এই প্রশ্নই যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কাঁদাই বাদলা গ্রামের।

ভুক্তভোগী আঁখি খাতুন শাহজাদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জহির উদ্দিন আকন্দ। পরিবারের অভিযোগ, একই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে রানা মন্ডলের সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে আঁখির প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে রানা অন্যত্র বিয়ে করেন। এরপর আঁখি ওই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করলেও রানা তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন।

আঁখির পরিবারের দাবি, পূর্বের সম্পর্কের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও ওঠে রানার বিরুদ্ধে। পরে আঁখি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গর্ভধারণের বিষয়টি রানা মন্ডলকে জানানোর পর তাকে শাহজাদপুরের বিভিন্ন ক্লিনিকে নিয়ে গিয়ে গর্ভপাতের চেষ্টা করা হয়। তবে গর্ভের বয়স ও স্বাস্থ্যঝুঁকির কারণে চিকিৎসকেরা এতে রাজি হননি বলে পরিবারের দাবি। বর্তমানে আঁখির গর্ভের বয়স প্রায় সাত মাস।

আরও পড়ুন: ডিবি পরিচয়ে মাকে ফোন করে ছেলের কণ্ঠ নকল, মুক্তিপণ আদায় ৭৫ হাজার টাকা

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবারের ভাষ্য, এসব বৈঠকে অনাগত সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে রানা মন্ডলের সঙ্গে আঁখির বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিয়ের সিদ্ধান্ত হওয়ার পর বিভিন্ন সময়ে রানা সেখান থেকে সরে যান। শালিসে বারবার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছে আঁখির পরিবার। আঁখির মা আদুরী খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলার পর থেকে রানা মন্ডল ফোনে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন আঁখির বাবা-মা। তাদের দাবি, মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে বর্তমানে তাকে বাড়িতেও রাখা কঠিন হয়ে পড়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে রানা মন্ডলের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের প্রধান ও সাবেক ইউপি সদস্য মইনুল হোসেন বলেন, “রানা ও আঁখির বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ হয়েছে। সর্বশেষ বৈঠকে রানার সঙ্গে আঁখির বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। শাহজাদপুর কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।”

এদিকে সাত মাসের অন্তঃসত্ত্বা আঁখির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন জন্মের পর তার সন্তানের পরিচয় কী হবে? একজন মায়ের ভবিষ্যৎ, একটি অনাগত শিশুর অধিকার এবং একটি পরিবারের নিরাপত্তা সবকিছু মিলিয়ে ঘটনাটি এলাকায় উদ্বেগ ও আলোচনার সৃষ্টি করেছে।


এলাকাবাসীর দাবি, বিষয়টি যেন কেবল স্থানীয় সালিশে সীমাবদ্ধ না থাকে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, আঁখির নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী অনাগত সন্তানের পিতৃপরিচয় ও অধিকার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হোক।#

আরও পড়ুন: ঝালকাঠির দুই পৌরসভার ময়লা সুগন্ধা নদীতে ফেলা হচ্ছে

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শুভ আমার থেকে বেশি আমাকে বোঝে’ বললেন দেব দাদাগিরিতে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


‘শুভ আমার থেকে বেশি আমাকে বোঝে’ বললেন দেব দাদাগিরিতে

টালিউডের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের অনস্ক্রিন এবং অফস্ক্রিন কেমিস্ট্রি একসময় বাংলা সিনেমার জগতে ব্যাপক আলোড়ন তুলেছিল। যদিও সময়ের ব্যবধান এবং নিয়মের কারণে দুজনের জীবনপথ আলাদা হয়ে গেছে, তবুও সম্পর্কের সেই শ্রদ্ধা ও পারস্পরিক টান আজও অটুট রয়েছে। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র বিশেষ পর্বে আবারও নস্টালজিয়া উসকে দিলেন এই তারকা জুটি।

অনুষ্ঠানের মঞ্চে বিশেষ মুহূর্ত এবং কথোপকথনের মাঝে অতীতের স্মৃতি ও সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অত্যন্ত সাবলীলভাবে একটি পরিপক্ব বার্তা প্রদান করেন। তিনি বলেন, "ওর সঙ্গে আমার কী অতীত ছিল, সেটার থেকেও বড় কথা— যে কোনো সময় যখন তুমি চাইবে, অবশ্যই সবসময় পাশে আছি।" শুভশ্রীর এই আশ্বাস ও বক্তব্যের পর পুরো মঞ্চ করতালিতে মুখরিত হয়ে ওঠে।

অভিনেত্রীর এই সুন্দর আশ্বাসের জবাবে টালি মেগাস্টার দেবও চুপ থাকেননি। সাবেক সহ-অভিনেত্রীর এ কথার জবাবে আবেগঘন কণ্ঠে প্রশংসা করে দেব বলেন, "ও আমার থেকে বেশি আমাকে বোঝে বলে আমার মনে হয়।"

দুজনের এই মিষ্টি মুহূর্ত এবং শ্রদ্ধাপূর্ণ কথোপকথন কেবল উপস্থিত দর্শকদের নয়, বরং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এ ভিডিও ক্লিপ দেখে বাংলা সিনেমার হাজার হাজার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদেরও মুগ্ধ করেছে।

অনির্বাণের বিখ্যাত গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে’ গাইতে শোনা যায় অনির্বাণকে। জীবনের এই রূপক টেনে বলা হয়— কীভাবে জীবনের নগরদোলা গোল গোল ঘুরে আবার এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে তিক্ততার কোনো স্থান নেই, রয়েছে কেবল পারস্পরিক শ্রদ্ধা।

বর্তমানে দুজনেই তাদের ব্যক্তিজীবনের পাশাপাশি কর্মজীবনেও দারুণ সফল। তবে অতীতে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-র মতো ব্লকবাস্টার উপহার দেওয়া এ জুটিকে রিল কিংবা রিয়েল লাইফে একফ্রেমে দেখা সবসময়ই অনুরাগী ও দর্শকদের কাছে এক পরম পাওয়ার মতো।

যদিও নিন্দুকরা কটূক্তি করতে ছাড়েননি। এক নেটিজেন মন্তব্য করেছেন— এতই যখন বোঝে তাহলে আলাদা হওয়ার কী দরকার ছিল? আরেক নেটিজেন বললেন— দেবের ভুলে যাওয়া উচিত নয়, শুভশ্রী এখন অন্য কারুর সন্তানের মা। আবার অন্য আরেক নেটিজেন বলেছেন, "রুক্মিণীর আত্মসম্মানের কথাটাও ভাবা উচিত।"

সাবেক সম্পর্ককে হাতিয়ার করে প্রচারের অভিযোগে বিদ্ধ দেব-শুভশ্রী। তবে সেই নিয়ে দুজনের কোনো খেদ নেই তা স্পষ্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর শীতলক্ষ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর শীতলক্ষ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু জব্দ

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বালু জব্দ করেছে। এ সময় একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল -আমিন হালদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর আগে, আজ দুপুর ১টা ৪০ মিনিটে কালের কণ্ঠের অনলাইনে গাজীপুরের কালীগঞ্জ : দিনে প্রশাসনের অভিযান, রাতে নির্বিঘ্ন নদীতীর ভরাট শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর দুপুর তিনটায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হয়।

তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তাজুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে বালু জব্দ করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

ইনভাইরনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্কের সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান সাদ কালের কণ্ঠকে জানান, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে অবৈধভাবে জেটি নির্মাণের খবর তিনি শুনেছেন। তিনি বলেন, “কোনোভাবেই নদী দখল করতে দেওয়া হবে না।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম কালের কণ্ঠকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


কক্সবাজারে ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজারে একটি ব্যাটারিচালিত ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু ঘটে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বারের ফাতেমা তুজ জোহরা মহিলা মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ৫ অক্টোবর তার স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সীমা আক্তার ইজি বাইকে করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সমুদ্রে গোসল করতে যাচ্ছিলেন। হঠাৎ তার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যাওয়ার ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত ও শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত ও শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, বর্তমানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত রয়েছে। তিনি উল্লেখ করেন যে, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি বৃত্তি প্রদান অব্যাহত রেখেছে।

এ সময় তিনি আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%