সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:৪৮ পি.এম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারের অনুমতি পেলে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ক্রসফায়ার করার পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংস্থাটি মন্তব্য করেছে যে, এই বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের একটি গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়। টিআইবি আইজিপির বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি তার জবাবদিহি নিশ্চিত করার এবং তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানায়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এসব দাবি তুলে ধরে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবেলার পরিবর্তে ক্রসফায়ারকে সামনে আনা পেশাগত দেউলিয়াত্বের দৃষ্টান্ত।"
তিনি প্রশ্ন তোলেন, সরকারের অনুমতির শর্ত জুড়ে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা কি আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতার স্বীকারোক্তি নয়। ইফতেখারুজ্জামান আরও বলেন, পুলিশের দায়িত্ব হলো পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা। ক্রসফায়ারকে সামনে আনা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান হতে পারে না। আইজিপি একদিকে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, অন্যদিকে সরকারের অনুমতি পেলে ক্রসফায়ার করার কথা বলেছেন। এ দুই অবস্থান পরস্পরবিরোধী।
তিনি আরও বলেন, "কোনো সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না।" সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নির্বাহী সিদ্ধান্তে বাতিল করা যায় না। অভিযোগ যত গুরুতরই হোক, বিচারপ্রক্রিয়া পাশ কাটিয়ে কাউকে হত্যার এখতিয়ার পুলিশের নেই।
বিচারবহির্ভূত হত্যার অতীত ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সিনহা হত্যা মামলায় পুলিশ সদস্যদের দণ্ড, টেকনাফের কাউন্সিলর একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা এবং নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র্যাবের সাবেক কর্মকর্তাদের দণ্ড আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। এসব অভিজ্ঞতার পরও ক্রসফায়ারের সম্ভাবনা সামনে আনার বিষয়ে পুলিশপ্রধানকে জবাব দিতে হবে।
টিআইবি আরও বলেছে, গত ১৪ সেপ্টেম্বর আইনমন্ত্রী জানিয়েছিলেন, সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না এবং বিদ্যমান আইন দিয়েই সন্ত্রাস দমন সম্ভব। এরপরও সরকারের অনুমতি সাপেক্ষে ক্রসফায়ারের সম্ভাবনা কেন সামনে আনা হচ্ছে, তার ব্যাখ্যা দিতে হবে। সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে আইজিপির বক্তব্যের অসংগতির বিষয়েও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
সাংবাদিকদের বিরুদ্ধে অর্থ না পেয়ে পুলিশের সমালোচনা করার অভিযোগ প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
টিআইবির মতে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ঢালাও অভিযোগ মুক্ত গণমাধ্যমের নজরদারি ও জবাবদিহির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করে। পুলিশের কাজের পরিবেশ ও সক্ষমতা নিশ্চিত করার প্রয়োজন বৈধ সমালোচনা এড়ানোর যুক্তি হতে পারে না।
বিবৃতিতে সরকারের প্রতি আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, নিঃশর্ত ক্ষমা চাওয়া, বক্তব্য প্রত্যাহার এবং তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব)-এর লাউঞ্জে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে।
এই আগুনটি সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার রুমে বই এবং পুস্তকে আগুন লেগেছিল। তবে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত করে আগুন লাগার উৎস বের করার কাজ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিনজন কর্মকর্তাকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।
মনোনীত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বেসিক ব্যাংক পিএলসির জন্য জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা, জনতা ব্যাংক পিএলসির জন্য সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংক পিএলসির জন্য যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট পত্রে উল্লেখ করা হয়েছে, মনোনীত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল ইভেন্টের উদ্বোধনী ম্যাচে নর্থ সাউথ ও ড্যাফোডিল সমতায় বিরতিতে গেছে। প্রথমার্ধে ১-১ গোলে সমাপ্ত হয় ম্যাচটি, যেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ফলাফল অর্জন করে।
ম্যাচের শুরুতেই, সোমবার (২৬ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায়, নর্থ সাউথের একুশ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিসান মাহমুদ গোল করে চমক সৃষ্টি করেন। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে তিনি গোল করেন।
তবে, নর্থ সাউথ তাদের লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৪ মিনিটে, ড্যাফোডিলের বিদেশি শিক্ষার্থী ইউনুসা সতীর্থের বাড়ানো ক্রস থেকে গোল করে সমতা ফেরান।
এরপর, দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে একটি দারুণ খেলা উপহার দেওয়া হলেও আর কোনো গোল হয়নি। ফলে, ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।
এর আগে, বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফুটবল ইভেন্টের উদ্বোধন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে ক্যারম বোর্ড খেলার কারণে তোফাজ্জল (১৯) নামে এক যুবককে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম (২৪) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাতে মহানগরীর বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে পবা থানার একটি পুলিশ দল তাঁকে আটক করে।
সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া মাসুম পবা উপজেলার বাগধানী উলাপুর গ্রামের বাসিন্দা ওহেদুল ইসলামের ছেলে। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ক্যারম বোর্ড খেলার সময় মাসুম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জালের মৃত্যু ঘটে। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ