ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আটলান্টিকে নৌকা ডুবে ইউরোপে যাওয়ার পথে নিহত ২১


আটলান্টিকে নৌকা ডুবে ইউরোপে যাওয়ার পথে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীদের নিয়ে যাওয়া ওই নৌকাটি ডুবে যায়।

রোববার সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার গভীর রাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ মৃতের সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: তথ্য ফাঁসের অভিযোগে সুজি ওয়াইলস চাকরি হারালেন

গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার ডাকারের সঙ্গে দেশের উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে একটি নৌকা ডুবে যায়।

দেশটির সংবাদমাধ্যম লে সোলেইল জানায়, নিহতদের অধিকাংশই একই বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে অভিবাসীবাহী নৌকার আগমন বৃদ্ধি পাওয়ার কারণে শনিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্বীপটির প্রশাসন জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন। সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: জার্মান পার্লামেন্টের সামনে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেয়ারম্যান প্রার্থী সোহাগের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


চেয়ারম্যান প্রার্থী সোহাগের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশগ্রহণ করেছেন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ বিন মনির সোহাগ।

দিবসটি উদযাপন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ভালুকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির অংশ হিসেবে আব্দুল্লাহ বিন মনির সোহাগের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে কর্মসূচিতে যোগ দেয়।

আব্দুল্লাহ বিন মনির সোহাগ ভালুকা উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সোহাগ বলেন,দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। হবিরবাড়ী ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনও আমার সঙ্গে রয়েছে। দল যদি আমাকে সমর্থন ও মনোনয়ন দেয়, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নংহবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করব এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে সোহাগের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর এই সাংগঠনিক উপস্থিতিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়দের অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি রাজন, সম্পাদক শুভ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি রাজন, সম্পাদক শুভ

ফেনীতে আত্মপ্রকাশ করেছে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন ‘ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাব’। ১৬ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে এনটিভি অনলাইনের প্রতিনিধি জাহিদুল আলম রাজনকে সভাপতি এবং ফেনীর প্রত্যয়ের প্রতিনিধি তানজিদ শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের বেস্ট ইন রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি সময়ের রেখার প্রতিনিধি সিরাজুল হক টিপু, সহ-সাধারণ সম্পাদক ডেইলি ট্রাইবুনালের মাল্টিমিডিয়া প্রতিনিধি মুজাহিদুল ইসলাম জাবের, অর্থ সম্পাদক ফেস দ্যা পিপলের প্রতিনিধি মো. জুবায়ের আল মুজাহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক বাংলাদেশ টাইমসের প্রতিনিধি এম কাওছার এবং তথ্য ও গবেষণা সম্পাদক মিরর নিউজের প্রতিনিধি আহনাফ তাহমিদ।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফেনীর তালাশের আলমাস শাহরিয়ার শিশির ও জনপদ বার্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—নয়াপয়গামের প্রতিনিধি ফখরুল ইসলাম, তালাশ বিডির প্রতিনিধি তানভীর হামজা মিয়াজী, আমার ফেনীর প্রতিনিধি কামরুল হাসান নিরব, ভিওডি বাংলার প্রতিনিধি জহিরুল ইসলাম আদনান, আলোকিত গণমাধ্যমের প্রতিনিধি নোমান আবদুল্লাহ, ফেনীর টাইমসের প্রতিনিধি মেহেদী হাসান নিরব এবং ফেনী সমাচারের প্রতিনিধি আশ্রাফুল ইসলাম সৌরভ।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সংগঠন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক জোরদারেও কাজ করবে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান : সংসদীয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান : সংসদীয় কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে বিগত সরকারের সময়ের আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, এমন কঠোর অবস্থান স্পষ্ট করে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে কমিটি।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া অংশগ্রহণ করেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২০-২০২১ অর্থবছরের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন অডিট আপত্তির মধ্যে আদায়, সমন্বয়, অবলোপন, প্রমার্জন, নিয়মিতকরণ, ভূতাপেক্ষ অনুমোদনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে নিষ্পত্তির জন্য অপেক্ষমাণ আপত্তিগুলো পর্যালোচনা করা হয়।

পাশাপাশি মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা আপত্তি এবং কমিটির পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আমদানি-রপ্তানি কার্যক্রমে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। ই-বিলিং ও ই-পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক পরিশোধ এবং দ্রুততম সময়ে পণ্য খালাসের ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এর মাধ্যমে বন্দরসেবা আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে, বিশেষ করে সমস্যাগ্রস্ত ও বেসরকারি ব্যাংকগুলোতে বন্দর কর্তৃপক্ষের এফডিআর বিনিয়োগ, মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অর্থ উত্তোলন না করা এবং নীতিমালা বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ বিনিয়োগের বিষয়ে বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কার্যকর আলোচনা, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বন্দর কর্তৃপক্ষের সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহনসংক্রান্ত সমস্যা আগামী ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হয়। এ ছাড়া খালি কনটেইনারের নামে বন্দর থেকে মালবাহী কনটেইনার বের করে নেওয়া এবং বন্দর থেকে কনটেইনার চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগামী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।

মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরের ড্রেজিং কার্যক্রম, নির্ধারিত ড্রাফট ও নাব্যতা অর্জন, কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং এসব প্রকল্পে ব্যয়িত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। এ ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়ম চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

অডিট আপত্তিতে উত্থাপিত বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ উৎসাহ বোনাস প্রদানের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। এ ধরনের আর্থিক অনিয়ম ও সরকারি অর্থের অপচয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব, বন্দরের চেয়ারম্যান ও কমিশনারসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয় : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সমর্থনের বিষয়ে স্পষ্টভাবে মন্তব্য করেছেন। তিনি বলেন, "যেকোনো রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা আমি ব্যক্তিগতভাবে দোষের মনে করি না।" তবে তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) অনুষ্ঠিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নবীন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "ক্যাডার বা কর্মস্থল যা-ই হোক না কেন, সবার প্রথম ও প্রধান পরিচয় হলো— আপনারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক।" তিনি বলেন, অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। কারও আবেদনপত্রে ভুল থাকলে, তাকে শুধু ফিরিয়ে না দিয়ে, কীভাবে তা সংশোধন করা যায় সেই পরামর্শ দেওয়াটাই মানবিকতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, "একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি।" এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের ‘নিজের সঙ্গে যেমন আচরণ প্রত্যাশা করেন, অন্যের সঙ্গেও তেমন আচরণ করার’ নীতি অনুসরণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী পছন্দের পোস্টিং বা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানান। তিনি বলেন, "দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্বের পরিচায়ক।" তিনি স্মরণ করিয়ে দেন যে, "একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।"

সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে দেওয়া ইশতেহারে জনগণ রায় দিয়েছে। তাই এটি এখন জনগণের দলিল।" সরকারের এই এজেন্ডা বা ইশতেহার বাস্তবায়নের প্রশাসনিক কাজটি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে করতে হবে।

প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা পোষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বক্তব্যের শেষাংশে তিনি পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় গুরুত্বারোপ করে বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন দেশ গড়তে আমাদের চারপাশ ও অফিস-আদালত পরিচ্ছন্ন রাখতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%