ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যায় বিপর্যস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে নেপাল


বন্যায় বিপর্যস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে নেপাল

নেপালের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। দেশটির জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিন্ধুপালচক থেকে নতুন করে বিদ্যুৎ লাইন টেনে নুয়াকোটের খারানিতার, সমুদ্রতার, চৌগাদা, লিখু ও পঞ্চকন্যায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়া, মালেখুর গাজুরি ও মুগলিন এলাকাতেও বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। শনিবার বিকেল ৩টার (স্থানীয় সময়) মধ্যে নুয়াকোটের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য চেষ্টা চলছে।

বালাজু ও ত্রিশুলির ৬৬ কেভি লাইন যেসব এলাকায় পৌঁছেছে, সেখান থেকে ১১ কেভি লাইন টেনে বিদ্যুৎ পুনরুদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

এদিকে, ধাডিংবেসি থেকে রাতোমাটে পর্যন্ত ৩৩ কেভি লাইনও সক্রিয় করা হয়েছে, যার ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রাসুয়া জেলায় বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। এই কাজে প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাসুয়া জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তথ্যসূত্র: নেপাল নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘২০ থেকে ৩০ মিনিটের মধ্যে শহরটাই আর রইল না’, নেপালের বন্যার ভ-য়া-বহ বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


‘২০ থেকে ৩০ মিনিটের মধ্যে শহরটাই আর রইল না’, নেপালের বন্যার ভ-য়া-বহ বর্ণনা

নেপালের ভয়াবহ বন্যার ফলে ধ্বংসের মাত্রা কতটা ভয়াবহ ছিল, তার একটি চিত্র উঠে এসেছে ত্রাণকর্মীদের বর্ণনায়। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের রন্ধন বিভাগের পরিচালক ক্রিস মিলার জানিয়েছেন, কিছু জনপদ মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়।

কাঠমান্ডু থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএনএনকে মিলার বলেন, এই দুর্যোগের সবচেয়ে ভয়ংকর দিক ছিল এর অস্বাভাবিক দ্রুততা। তাঁর ভাষায়, "এখানে যেটি আলাদা, তা হলো ঘটনাটি যেভাবে ঘটেছে তার গতি। ২০, ৩০ মিনিটের মধ্যে শহরটাই আর রইল না।"

দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য স্থানীয় রেস্তোরাঁগুলোর সঙ্গে সমন্বয় করে গরম খাবার সরবরাহের কাজ করছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। মিলার জানান, সপ্তাহান্তে সংস্থাটি আরও ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলে পৌঁছানোর দিকে জোর দেবে।

তিনি বলেন, স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে মিলে বিভিন্ন এলাকায় ফিল্ড কিচেন চালু করা হবে। এসব প্রতিষ্ঠানের কর্মীরা রান্না করে দুর্গতদের খাবার পৌঁছে দিতে প্রস্তুত রয়েছেন।

এদিকে, বন্যার ভয়াবহতার আরেকটি চিত্র উঠে এসেছে রসুয়ায় নিখোঁজ এক প্রকৌশলীর পরিবারের বক্তব্যে। ২৬ বছর বয়সী যান্ত্রিক প্রকৌশলী প্রতীক গৌতম রসুয়ায় আপার ত্রিশূলী ১ জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। তিনি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন।

প্রতীকের ভাই প্রভব গৌতম সিএনএনকে জানান, বুধবার সকাল ৯টা ৬ মিনিটে প্রতীক স্ন্যাপচ্যাটে একটি ছোট ভিডিও আপলোড করেছিলেন। সেখানে জলবিদ্যুৎ প্রকল্পের ক্যাম্পে সাইরেন বাজতে এবং পাহাড়ের ঢালে থাকা লোকজনকে দৌড়াতে দেখা যায়।

এরপর থেকে প্রতীকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্যোগের ৭২ ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ায় তাঁর পরিবার ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছে। প্রতীকের সহকর্মী ও একই কক্ষে থাকা আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

প্রভব জানান, ভিডিওটি ধারণের সময় প্রতীক তাঁর অফিসের বাইরে ছিলেন। এরপর তাঁর সঙ্গে কী ঘটেছে, তা পরিবার নিশ্চিতভাবে জানে না।

আরেকটি ভিডিওতে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে দুটি ছোট গাড়ির সঙ্গে দেখা গেছে। প্রতীকের ভাইয়ের ধারণা ছিল, তাঁর ভাইসহ কয়েকজন প্রকৌশলী হয়তো ওই গাড়িতে ছিলেন। তবে গাড়িতে থাকা কারও উদ্ধার হওয়ার তথ্যও তিনি পাননি।

প্রতীকের পরিবার জানিয়েছে, ওই জলবিদ্যুৎ প্রকল্পে আগেও জরুরি সতর্কসংকেত দেওয়া হয়েছিল। তখন কর্মীরা পাহাড়ের ওপরের দিকে বা উঁচু স্থানে উঠে নিরাপদে থাকার চেষ্টা করতেন।

বন্যার আকস্মিকতা ও প্রবল স্রোতের কারণে এবারও দুর্গত এলাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় হেলিকপ্টারের ওপর নির্ভর করতে হচ্ছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান ও দুর্গতদের কাছে খাবার পৌঁছাতে বিভিন্ন সংস্থা কাজ করছে।

সূত্র:

সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমাঈল হোসেনের ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি মৌজার ২৮৫১ হালদাগের ওই সম্পত্তি দখলের ঘটনা ঘটে।

মো. ইসমাঈল হোসেন বলেন, চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি মৌজায় তাঁর বেশ কিছু ক্রয়কৃত জায়গা রয়েছে। এর মধ্যে ২৮৫১ নম্বর হালদাগের প্রায় এক ডিসমিল জায়গা স্থানীয় একেএম জায়েদুল হক জাবেদ পুরোনো সীমানা প্রাচীর ভেঙে দখল করে নেন। পরে রাতের আঁধারে সেখানে নতুন সীমানাপ্রাচীর নির্মাণ করে জায়গাটি পুরোপুরি দখলে নেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে জাবেদ গং তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। এছাড়া তিনি বা তাঁর লোকজন জায়গায় গেলে শিক্ষক পরিচয় দেওয়া এক নারী তাদের বেজায় গালমন্দ করেন বলেও অভিযোগ করেন।

অভিযোগ নাকচ করে দিয়ে একেএম জায়েদুল হক জাবেদ বলেন, জায়গাটি তাঁর পৈতৃক সম্পত্তি। সাবেক সরকারি কর্মকর্তা ইসমাঈল হোসেন সেখানে কিছু জায়গা কিনেছেন, তবে কতটুকু কিনেছেন তা কাউকে জানাননি।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধান করবে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় খাস জমি বরাদ্দে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় খাস জমি বরাদ্দে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

রাজশাহী জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারের খাস জমি এবং রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারাকে অব্যাহত রাখার জন্য এই উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, "এ লক্ষ্যে সংশ্লিষ্ট আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ করার প্রতিশ্রুতি দিচ্ছি।" শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশন পরিচালিত একটি স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ লক্ষ্যে নতুন রাস্তার পাশে বা রেলওয়ের পাশে সুবিধাজনক খাস জমি বরাদ্দের জন্য আবেদন করার তাগিদ দেন তিনি।

তিনি জানান, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশু ১১টি স্কুলে পড়াশোনা করছে। এর অধিকাংশের কার্যক্রম সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। মেয়র থাকাকালে তিনি এসব স্কুলের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন বলেও জানান।

এ সময় রাজশাহী জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলের সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ জানায়, রাজশাহী জাগো ফাউন্ডেশন স্কুলে প্রায় ৭০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করছে।

অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ, জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

দেশের সর্বস্তরে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নের কাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী উল্লেখ করেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বণ্টন করা হচ্ছে। দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির কর্মী বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী দরিদ্র ও সমাজে অনগ্রসর পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি সহযোগিতা সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি বেশি সম্পৃক্ত করার পরামর্শও দেন। একই সঙ্গে প্রত্যেক নেতাকর্মীকে জনসাধারণের সঙ্গে সহনশীল আচরণ করার আহ্বান জানান।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত, দেশের সর্ববৃহৎ দল বিএনপি সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি কখনো একা চলার বা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার পক্ষে তারা কাজ করে যাচ্ছে।

সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধে ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, পরাজিত স্বৈরাচারী শক্তির দোসররা গোপনে সংগঠিত হয়ে বিভিন্নভাবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির প্রত্যেক নেতাকর্মী এবং সব গণতান্ত্রিক নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার, গুম, খুন, সন্ত্রাস ও লুটপাট চালিয়েছে, তাদের প্রত্যেককে প্রচলিত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন- খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হকসহ খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমানে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটÑএই চার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে একের পর এক মতবিনিময় সভা করে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%