ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যা ও ঝড়ে ৫ জনের প্রাণহানি উ


যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বন্যা ও ঝড়ে ৫ জনের প্রাণহানি উ

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানাতে চলতি সপ্তাহে একটি ভয়াবহ ঝড় ও বন্যার ফলে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছে।

ইন্ডিয়ানাপোলিস স্টার প্রতিবেদনের হিসাবে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

আরও পড়ুন: সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল মিসর ও পাকিস্তান

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে তীব্র ঝড় শুরু হয়েছে। এই ধ্বংসাত্মক অবস্থার মধ্যে টর্নেডোর প্রভাব এবং ‘ডেরেচো’ ঝড় ছিল। ডেরেচো হলো একটি শক্তিশালী ঝড়ো বাতাসের ধরন, যা বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় ধরে চলে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একটি ৫৮ বছর বয়সী নারী রয়েছেন। অনুমান করা হচ্ছে যে, বন্যার স্রোতে তার গাড়ি ভেসে গেছে। এছাড়া, একটি নদীতে বন্ধুদের সঙ্গে ঝাঁপ দেওয়ার পর ১৮ বছর বয়সী এক তরুণ মারা যান এবং একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি নদীর পানি তীর উপচে চারদিকে ছড়িয়ে পড়েছে। ঘোলা পানির উচ্চতা সেতুর নিচের অংশ পর্যন্ত উঠে গেছে। এ অবস্থায় উদ্ধারকারীদের একটি নৌকায় দ্রুত ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

গভর্নর মাইক ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন যে, শনিবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভয়াবহ ঝড় ও ‘ঐতিহাসিক বন্যা’ সম্পর্কে আলোচনা করেছেন। এ সময় তিনি ইন্ডিয়ানার জন্য ফেডারেল সরকারের জরুরি সহায়তা চেয়েছেন।

আরও পড়ুন: আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু আসন্ন নির্বাচনে জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন

ইন্ডিয়ানা হোমল্যান্ড সিকিউরিটির পরিচালক জোনাথন হুইথাম বলেন, বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত এলকায় ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:১২ এম


৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

দীর্ঘ আট বছর পর সিলেটের আকাশপথে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ওমানভিত্তিক সালাম এয়ার।

সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৫ সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হয়। কিন্তু ২০১৮ সালে তা বন্ধ হয়ে যায়। প্রায় আট বছর পর আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।

সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার।

সালাম এয়ারের সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, ‘সিলেট থেকে মাস্কাটে ডিরেক্ট ফ্লাইট অপারেট করছি আমরা। মাস্কাট আমাদের হাব। সেখানে ৪০টিরও বেশি গন্তব্যে আমাদের ফ্লাইট পরিচালিত হয়।’

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ বলেন, ‘এটা সফল হলে পরবর্তীতে ইউরোপ, আমেরিকা বা কানাডার এয়ারলাইন্সগুলোও এখানে আসার সুযোগ তৈরি হবে।’

নতুন ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘সিলেট থেকে লন্ডন ফ্লাইট পরিচালিত হয় এবং লন্ডন ফ্লাইটের জন্য বেশ কিছু সেনসিটিভ সিকিউরিটি আপগ্রেডেশন ও সিকিউরিটি অ্যাক্টিভিটি প্রয়োজন হয়। আমরা সেই সিকিউরিটি অ্যাক্টিভিটি পালনে অভ্যস্ত। তাই মাস্কাট ফ্লাইটের জন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ পছন্দের লোক দিয়ে কমিটি করার অভিযোগ, বঞ্চিত হচ্ছেন সাধারণ অভিভাবকরা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৫ এম


কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ পছন্দের লোক দিয়ে কমিটি করার অভিযোগ, বঞ্চিত হচ্ছেন সাধারণ অভিভাবকরা

পিরোজপুরের কাউখালী উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিধিমালা অনুসরণ না করে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল অভিভাবককে না জানিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়ে কমিটি গঠন করছেন। ফলে এসএমসি গঠনের প্রক্রিয়ায় সাধারণ অভিভাবকদের অংশগ্রহণের সুযোগ থাকলেও তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিভাবকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনের জন্য ক্লাস্টার পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করার কথা। কিন্তু অনেক বিদ্যালয়ে কমিটি গঠনের বিষয়টি নিয়ে যথাযথভাবে প্রচার-প্রচারণা করা হয়নি।
বর্তমান নীতিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন। এর মধ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে চারজন সদস্য থাকার কথা—দুইজন পুরুষ ও দুইজন নারী। অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকের কমপক্ষে এসএসসি পাস হওয়ার শর্ত রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, নির্বাচনের আগে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মা-বাবাকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করার কথা থাকলেও অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা করেননি। বরং নির্দিষ্ট কিছু অভিভাবককে বিষয়টি জানিয়ে তাদের মধ্য থেকেই সদস্য নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা আমাদের সন্তানদের নিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়া করি। অথচ এসএমসি গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেককেই জানানো হয়নি। কারা কমিটিতে থাকবে, কখন নির্বাচন হবে—এসব বিষয়ে আমরা পরে জানতে পেরেছি। নিয়ম মেনে সকল অভিভাবককে জানানো হলে যোগ্য অভিভাবকরা অংশগ্রহণের সুযোগ পেতেন।
তাদের দাবি, এসএমসি গঠনের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে সমানভাবে তথ্য জানাতে হবে এবং সরকারি বিধিমালা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠন নিশ্চিত করতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি গঠনের অন্যতম উদ্দেশ্য হলো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে বিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনা কার্যক্রমে সম্পৃক্ত করা। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথা।
অভিভাবকদের অভিযোগ সত্য হলে পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে এসএমসির মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এতে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহেদুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি বিধিমালা ও নির্ধারিত তফসিল যথাযথভাবে অনুসরণ করতে হবে। সব অভিভাবককে অবহিত করা এবং নির্ধারিত নিয়মে কমিটি গঠন করা প্রধান শিক্ষকদের দায়িত্ব। কোনো বিদ্যালয়ে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “এসএমসি গঠনের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ত করা। তাই কোনোভাবেই কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকারি প্রতিষ্ঠানে যেকোনো কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমসি গঠনে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্যই এসএমসি ব্যবস্থা চালু করা হয়েছে। তাই কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের তিন শিশু এবং দুই নারীসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইরানি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’-এর সূত্রে জানা গেছে যে, ইরান এই ঘটনাকে ‘নিষ্ঠুর হামলা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, নাবাতিয়ে জেলার আল-আনসার, আলি আল-তাহের মালভূমি, নাবাতিয়েহ আল-ফাওকা ও দেইর আল-জাহরানি এলাকায় এ হামলা চালানো হয়। হামলার ফলে আবাসিক এবং বেসামরিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি একাধিক পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আল-আনসারে তিন শিশুসহ মোট সাতজন এবং দেইর এজ-জাহরানীতে চারজন নিহত হন।

ইসমাইল বাঘাই বলেন, এই হামলা লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করে তিনি এটিকে নিন্দনীয় উল্লেখ করেন। পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব এবং জনগণের প্রতিরোধের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর পূর্ববর্তী হামলায় তাদের তিন সৈন্য আহত হওয়ার পর এই পাল্টা সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

হামলায় বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েল দাবি করেছে যে হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদের সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

এই হামলার তীব্র সমালোচনা করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন যে মার্কিন পৃষ্ঠপোষকতায় পরবর্তী আলোচনার আগে ইসরায়েল নিজেদের আগ্রাসী মনোভাবের বার্তা দিচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরাজের ফাইফার, গ্রিনের সেঞ্চুরির পরও মামুলি লক্ষ্য বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ এম


মিরাজের ফাইফার, গ্রিনের সেঞ্চুরির পরও মামুলি লক্ষ্য বাংলাদেশের

ঘরের মাঠে টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে সুবিধা করতে পারেনি অজিরা। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। এতে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছে ৫৬ রানের মামুলি লক্ষ্য।

রোববার (১৬ আগস্ট) ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭২ বলে ৩০ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর টানা আরও ২টি উইকেট তুলে নেন মিরাজ। ২১ বলে ৫ রান করা বিউ ওয়েবস্টার এবং ৩২ বলে ৮ রান করা অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও বিদায় করেন মেহেদী হাসান মিরাজ।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন ক্যামেরন গ্রিন। তিনি বের করেছেন রান, আর সুযোগ বুঝে হাঁকিয়েছেন বাউন্ডারিও। গ্রিন ছুঁয়ে ফেলেন ফিফটি। যদিও আরেক প্রান্তে টপাটপ উইকেট পড়ে যায়, তবে অটল থেকে লড়াই চালিয়ে গেছেন গ্রিন।

ক্যামেরন গ্রিনকে শেষদিকে ভালো সঙ্গ দিয়েছেন মিচেল স্টার্ক। দুজনের ব্যাটে বাংলাদেশের লিড ছাড়িয়ে নিজেদের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। লড়াই চালিয়ে গেছেন গ্রিন। স্টার্কও লড়ে গেছেন এবং উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন।

তবে ইনিংসটি লম্বা করতে পারেননি স্টার্ক। ৩৪ বলে ১৮ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ক্যামেরন গ্রিন। সেঞ্চুরির পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি এই অজি ব্যাটার। ২০১ বলে ১০৪ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড আউট হন তিনি। এতে অজিরা চাপের মধ্যে পড়ে যায়।

শেষে নাথান লায়ন হ্যাজলউডকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন। কিন্তু মিরাজের বল থেকে লেগ বিফোর আউট হন তিনি। এর ফলে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৫৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মিরাজ। এ ছাড়াও হাসান মাহমুদ তিনটি ও তাসকিন-তাইজুল মিলে নিয়েছেন বাকি দুটি উইকেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%