১০:২১ এম
পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার প্রভাব সম্প্রচার স্বত্ব বিক্রিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঘরের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচগুলোর সম্প্রচার স্বত্ব ৬০ কোটি পাকিস্তানি রুপি নির্ধারণ করা হলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তা শেষ পর্যন্ত মাত্র ৩৫ কোটি রুপিতে বিক্রি করেছে। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম পিটিভি এই স্বত্ব অর্জন করেছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও এক্সপ্রেস উর্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারের দরপত্রে পিটিভি ছিল একমাত্র আগ্রহী প্রতিষ্ঠান। ফলে ৬০ কোটি পাকিস্তানি রুপি রিজার্ভ মূল্যের তুলনায় পিসিবিকে ২৫ কোটি রুপি কমে স্বত্ব বিক্রি করতে হয়েছে। চুক্তির আওতায় মোট ২৫টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ৫টি টেস্ট, ১৪টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি রয়েছে।
সম্প্রচার স্বত্বের এমন দরপতনের পেছনে পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। তিন সংস্করণ মিলিয়ে বাবর আজম ও শাহিন আফ্রিদিরা সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জয়লাভ করেছেন। একই সঙ্গে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলো নিয়ে দর্শকদের সীমিত আগ্রহও সম্প্রচারকদের অনাগ্রহের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ৭ উইকেটে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিল
এছাড়া, আর্থিক অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পিসিবির কাছে তিনটি সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকে বড় অংকের অর্থ বকেয়া রয়েছে। তারা দরপত্রে অংশ নিতে চাইলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করেনি। অতীতে পাকিস্তান ক্রিকেটের স্বত্বের বড় অংশ পাওয়া একটি প্রতিষ্ঠানও এবারের দরপত্রে আগ্রহ দেখায়নি।
পাকিস্তানের ম্যাচের সম্প্রচার স্বত্বের মূল্য কমে যাওয়ার ঘটনা নতুন নয়। ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ৩২০ কোটি রুপির রিজার্ভ মূল্যের বিপরীতে ১৭২ কোটি রুপি দামে স্বত্ব বিক্রি হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন