ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ


ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে যুক্তরাজ্যের নতুন উদ্যোগ

ব্রেক্সিটের এক দশক পর যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করছে। এই লক্ষ্যে আজ শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে মিলিত হচ্ছেন যুক্তরাজ্য ও ইইউর নেতারা। বৈঠকে খাদ্যপণ্য বাণিজ্য, কার্বন নিঃসরণ এবং তরুণদের যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক করবেন। ২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ার পর এটি দুই পক্ষের মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলন।

গত বছরের শীর্ষ সম্মেলনকে লন্ডন ও ব্রাসেলসের সম্পর্ক পুনর্গঠনের জন্য একটি ‘স্থিতিশীল ভিত্তি’ হিসেবে অভিহিত করা হয়েছিল। তবে শুক্রবারের বৈঠকটি দুই পক্ষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

চলতি সপ্তাহের শুরুতে বার্নহাম মন্তব্য করেছেন, "ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য যতটা লাভবান হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে—এটি একটি ‘স্পষ্ট সত্য’।" ২০১৬ সালে যুক্তরাজ্যে ইইউ ছাড়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে মত দেন, যদিও গণভোটটি আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না।

বার্নহামের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ব্রাসেলসের সঙ্গে সম্পর্কের সংস্কার তার সরকারের অন্যতম অগ্রাধিকার।

সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি হতে পারে প্রাণী, উদ্ভিদ ও এ-সংশ্লিষ্ট পণ্যের আন্তসীমান্ত বাণিজ্য নিয়ে। যুক্তরাজ্যের হিসাব অনুযায়ী, এসব পণ্যের ওপর বর্তমানে যে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ রয়েছে, তা তুলে নেওয়া গেলে বছরে ৫১০ কোটি পাউন্ড (৬৭০ কোটি ডলার) অর্থনৈতিক সুবিধা পাওয়া সম্ভব।

কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা নিয়েও একটি চুক্তি হতে পারে। এর আওতায় যুক্তরাজ্য ও ইইউ পরস্পরের পণ্যের ওপর কার্বন সীমান্ত শুল্ক আরোপ থেকে অব্যাহতি দিতে পারে। ইস্পাতের মতো পণ্য এই চুক্তির আওতায় আসতে পারে।

আরও পড়ুন: ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান খুঁজে পাওয়া যাচ্ছে না, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে

তরুণদের যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ নিয়েও একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইইউর ১ লাখ নাগরিক যুক্তরাজ্যে সর্বোচ্চ তিন বছর বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। একইভাবে যুক্তরাজ্যের ১ লাখ নাগরিকও ইইউভুক্ত দেশগুলোতে বসবাস ও কাজ করতে পারবেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্য প্রথমে অর্ধেকসংখ্যক মানুষের জন্য এই সুযোগ চালুর প্রস্তাব দিয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউর শিক্ষার্থীদের জন্য স্থানীয় শিক্ষার্থীদের সমপরিমাণ টিউশন ফি নির্ধারণের দাবি জানাচ্ছে ইইউ। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের তুলনায় স্থানীয় শিক্ষার্থীদের টিউশন ফি অনেক ক্ষেত্রে প্রায় এক-তৃতীয়াংশ।

তবে লন্ডন এ বিষয়ে শুধু ‘উল্লেখযোগ্য পরিমাণে কমানো’ ফি নির্ধারণে সম্মত হয়েছে। ফলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

এ ছাড়া ইইউর ‘মেইড ইন ইউরোপ’ নীতিমালার আওতায় আসতে চায় যুক্তরাজ্য। ব্রাসেলস এ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে এর জন্য যুক্তরাজ্যকে ইইউর নীতিমালা মেনে নিতে হবে।

আরও পড়ুন: ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান কোথায় হারাল, বিমানবাহিনী জানিয়েছে সংখ্যা ৩৫ থেকে ৩২

এই শর্ত মানা বার্নহামের জন্য রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। কারণ, যুক্তরাজ্যে এখনো ইউরোপীয় ইউনিয়নবিরোধী উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রয়েছেন। ফলে ব্রাসেলসের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগে তাঁকে দেশের ভেতরের রাজনৈতিক বিরোধিতাও সামলাতে হতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপের ঐকমত্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপের ঐকমত্য

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক যোগাযোগের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের প্রাতিষ্ঠানিক বাধা কমানোর পাশাপাশি পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতারা।

শুক্রবার, চীনের শেনজেনে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে একাধিক বিবৃতিতে এসব বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতিতে সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এপেকের ৩৩তম সম্মেলন বুধবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে শুরু হয়। ‘সমৃদ্ধির জন্য একসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনে আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ‘এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট’ বা যোগাযোগ-সংক্রান্ত রূপরেখায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান এপেক কাঠামো ও উদ্যোগগুলোর মাধ্যমে সদস্য অর্থনীতিগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করতে হবে।

নথিতে বলা হয়, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী হলে পণ্য, সেবা, পুঁজি ও মানুষের চলাচল সহজ হবে। এর ফলে অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি একটি উন্মুক্ত, গতিশীল, স্থিতিশীল ও শান্তিপূর্ণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সহজ হবে।

এতে আঞ্চলিক সহযোগিতার দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা হিসেবে এপেকের ‘পুত্রাজায়া ভিশন ২০৪০’-এর প্রতি সদস্যদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

যোগাযোগের রূপরেখায় স্থল, সমুদ্র ও আকাশপথের পরিবহন নেটওয়ার্ক আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পণ্য ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিরাপদ ও কার্যকর সামুদ্রিক, বিমান এবং বিভিন্ন পরিবহনমাধ্যমের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

পরিবহন খাতে উদ্ভাবন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন নেতারা। এ ক্ষেত্রে স্বয়ংক্রিয় ও চালকবিহীন প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং সুরক্ষা নিশ্চিত করে এসব ব্যবস্থার সম্ভাবনা যাচাই করার কথা বলা হয়েছে।

সম্মেলন শেষে প্রকাশিত ‘২০২৬ এপেক লিডার্স শেনজেন আউটলুক’ শীর্ষক পৃথক বিবৃতিতে বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। একদিকে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে জটিল বৈশ্বিক চ্যালেঞ্জও বাড়ছে।

নেতারা প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে আঞ্চলিক অর্থনীতির প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও গতিশীলতা বাড়াতে পারে, তা তুলে ধরেছেন। একই সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, উৎপাদনশীলতা বাড়ানো এবং সবার কল্যাণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অঙ্গীকার করেছেন তাঁরা।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে। নেতাদের মতে, এতে সদস্য অর্থনীতিগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে এবং আঞ্চলিক অর্থনীতি আরও সংযুক্ত হবে।

বিবৃতিতে এপেককে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনৈতিক সহযোগিতা ফোরাম হিসেবে উল্লেখ করে এর প্রতি সদস্যদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সংস্থাটির স্বেচ্ছামূলক, বাধ্যতামূলক নয় এমন সিদ্ধান্ত গ্রহণ এবং ঐকমত্যভিত্তিক কাজের নীতিও বহাল রাখার কথা বলা হয়েছে।

এপেককে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর ধারণা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামসহ ২১টি সদস্য অর্থনীতি রয়েছে। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশের বেশি এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে এই জোট।

সূত্র: আনাদোলু এজেন্সি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিসে পুলিশের গুলির বৈধতা নিয়ে প্রস্তাবিত বিলের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


প্যারিসে পুলিশের গুলির বৈধতা নিয়ে প্রস্তাবিত বিলের বিরুদ্ধে বিক্ষোভ

ফ্রান্সের রাজধানী প্যারিসে মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা একটি প্রস্তাবিত বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এই বিলটি পুলিশের গুলির ঘটনায় কর্মকর্তাদের কর্মকাণ্ডকে আইনসম্মত বলে ধরে নেওয়ার প্রস্তাব করছে। বৃহস্পতিবার ফরাসি সিনেটের নিকটবর্তী এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে কয়েক ডজন সংগঠন ও বেসরকারি সংস্থা।

প্রস্তাবিত বিলটিতে উল্লেখ করা হয়েছে যে, পুলিশের গুলির ঘটনা ঘটলে কর্মকর্তাদের কর্মকাণ্ড বৈধ ছিল—এমন অনুমানকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে। এতে গুলির ঘটনার তদন্তের ক্ষেত্রে প্রমাণের দায়ভার বদলে যেতে পারে। বিক্ষোভকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, এই আইন কার্যকর হলে পুলিশের জবাবদিহি কমে যাবে এবং গুলি চালানোর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা কঠিন হয়ে পড়বে।

বিলটির বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আতাক ফ্রান্স এবং সেভ গ্রুপসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম পাবলিক সেনেটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিবাদকারীরা মনে করছেন, প্রস্তাবিত আইনের ফলে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঝুঁকি বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্তে বাধা সৃষ্টি হবে।

বিক্ষোভের স্থানটিতে প্রতিবাদকারীরা একটি প্রতীকী কবরস্থান তৈরি করেন। সেখানে ২০১৭ সাল থেকে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণে সাদা রঙের ছোট ছোট স্মৃতিচিহ্ন স্থাপন করা হয়। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী নাহেল মেরজুকও রয়েছেন, যিনি ২০২৩ সালে ট্রাফিক তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন, তিনি আলজেরীয় বংশোদ্ভূত।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত বিলকে ‘হত্যার লাইসেন্স’ বলে আখ্যা দিয়ে স্লোগান দেন। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিরা সতর্ক করে বলেন, এই আইন কার্যকর হলে আইনের শাসন এবং পুলিশি জবাবদিহির ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

বিক্ষোভে বক্তব্য রাখেন উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ইসাম এল খালফাউই, যিনি ২০২১ সালে মার্সেই শহরে পুলিশের গুলিতে নিহত ১৯ বছর বয়সী সুহেইলের বাবা। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রস্তাবিত আইন কার্যকর হলে পুলিশের বলপ্রয়োগের ঘটনা নিয়ে নজরদারি ও জবাবদিহির সুযোগ আরও সংকুচিত হবে। আইনপ্রণেতাদের মধ্যে এই বিলটি নিয়ে আলোচনা চলার মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘুদের টার্গেটের অভিযোগ ভারতেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘুদের টার্গেটের অভিযোগ ভারতেই

ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি দাবি করেছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর অনেক মুসলিম নাগরিককে ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম বাদ দিয়ে তাঁদের বিদেশি হিসেবে চিহ্নিত করছে। এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকেও বের করে দেওয়া হচ্ছে।’

ভারতে সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এই সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার কাছাকাছি, যা দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় আকারের নাম বাদ দেওয়ার ঘটনা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সংশোধনের ফলে ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও বঞ্চনামূলক নীতির প্রবণতা বেড়েছে।

তবে ভারতের নির্বাচন কমিশন দাবি করেছে যে, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত, একাধিকবার নিবন্ধিত এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন আরও জানিয়েছে যে, ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিলের সুযোগ পাবেন।

এদিকে ভোটার তালিকা সংশোধনের বিষয়টি ভারতে অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের পৃথক উদ্যোগের সঙ্গে জড়িয়ে পড়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি নাগরিক—এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।

ইউএসসিআইআরএফের কমিশনার জিন মিলস বলেছেন, ‘শুধু মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করা সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলে ভয়াবহ মাত্রা যোগ করেছে।’

এই পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মার্কিন সরকারের কাছে নীতিগত সুপারিশ প্রদান করে। তবে এসব সুপারিশ বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলো বাস্তবায়নে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। নয়াদিল্লি এর আগেও এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে একে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের অভিযোগ, সংশোধনের ফলে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষদেরই বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপেরও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ হিসেবে উল্লেখ করে বলেন, এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোও অভিযোগ করে আসছে, মোদি সরকারের আমলে ভারতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। তাদের প্রতিবেদনে বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ও বাড়িঘর উচ্ছেদ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের বিষয়গুলো উঠে এসেছে।

জাতিসংঘ ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকারের জন্য উদ্বেগ তৈরি করছে।

তবে ভারতের সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উদ্যোগ সব সম্প্রদায়ের মানুষের উপকারে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্রেও মুসলিমদের সঙ্গে আচরণ নিয়ে নাগরিক অধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বেড়েছে বলে উল্লেখ করে এসব সংগঠন নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যের বিস্তার নিয়েও উদ্বেগ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো কঠোর করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো কঠোর করছে ইরান

ইরান হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরো শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করছে। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নৌ অবরোধ এবং চাপের প্রতিক্রিয়ায়, তেহরান এই কৌশলগত জলপথটিকে ওয়াশিংটনের বিরুদ্ধে চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ইরানের সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। গতকাল থেকে মোট চারটি ট্যাংকার নৌমাইনে আঘাতের শিকার হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক রানিয়া কাসিমি তেহরান থেকে জানান, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আরো কঠোর করার একটি সিদ্ধান্তের ইঙ্গিত প্রকাশিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বৃদ্ধি করার পাশাপাশি নৌ অবরোধকে আরও জোরদার করছে, নতুন বিধিনিষেধ আরোপ করছে এবং দেশটির ওপর পূর্ণাঙ্গ স্থল ও আকাশ অবরোধ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এর প্রতিক্রিয়ায়, ইরান হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। এই শর্তগুলো পূরণ হলেই কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করা সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে না, যতক্ষণ না পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইরানের ২২টি অধিকার বাস্তবায়িত হচ্ছে। এসব অধিকারের বেশিরভাগই কারিগরি ও প্রযুক্তিগত বিষয়বস্তু সম্পর্কিত।

মোহেবি ইরানের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের নীতিনির্ধারণী পর্যায়ে এমন একটি সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটাতে হবে। একই সঙ্গে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ক্ষয়িষ্ণু যুদ্ধ বা দীর্ঘমেয়াদি চাপের কৌশল গ্রহণ করেছে, সেটিও বন্ধ করতে চায় তেহরান।

সব মিলিয়ে, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো কঠোর করা এবং পারমাণবিক আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের দাবি—এই দুই পথেই যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%