০৮:২১ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়া, ২৮ অক্টোবর, ২০২৬ : ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইজালউদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাতের দিকে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কুষ্টিয়া সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা এটি প্রথমবারের মতো ঘটল। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬৭ জন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইজালউদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর দেড়িপাড়া এলাকার মৃত ওহাব আলীর পুত্র। তিনি ২৩ অক্টোবর জ্বর, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
মৃতের স্বজনরা জানান, ইজালউদ্দিন ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তাকে অন্যত্র নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬৭ জন। উন্নত চিকিৎসার জন্য আটজন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।
চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩২৬ জন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বাসসকে জানান, ইজালউদ্দিন নামের ওই ব্যক্তি ২৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার সময় তার ডায়াবেটিসসহ আরটিআই (শ্বাসতন্ত্রের সংক্রমণ) ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের সিটের নিচে ও পেছনের গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বুধবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জারিয়া থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে বাড়হা বোর্ড বাজারের মাসুম টেলিকমের সামনে অবস্থান নেয় ডিএনসির একটি দল। দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে সেখানে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ভ্যানটির চালকের আসনের নিচে ও পেছনের অংশে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। সেখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল ভারতীয় বিদেশি মদ, যার মোট পরিমাণ ৬৬ লিটার।
জব্দ করা মদের মধ্যে রয়েছে ৭৫০ মিলিলিটারের ৪৬ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড। মদের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত অটোভ্যান ও আটক ব্যক্তির ব্যবহৃত একটি টিসিএল ব্র্যান্ডের মুঠোফোন জব্দ করা হয়েছে।
আটক আনোয়ার হোসেন দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু বক্কর ও মোছা. আনোয়ার খাতুনের ছেলে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএনসির পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুর অধিকার সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমনটি জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি গিলিয়ান মেলসপের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
এ সময় নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর টেকসই উন্নয়ন, বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুবিষয়ক বিভিন্ন আইন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশ একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুর কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যে অঙ্গীকার করা হয়েছে, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। একই সঙ্গে সব শিশুর জন্য নিরাপদ, বাসযোগ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনের সময় স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশে অবস্থিত একটি ফ্লাডলাইটে আগুন লেগে যায়। এ সময় ফ্লাডলাইট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
মেঘলা আকাশের কারণে মাঠে আলোর অভাব দেখা দিলে ফ্লাডলাইটটি জ্বালানো হয়। খেলা চলাকালীন একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়। তখন ব্যাটিং করছিল বাংলাদেশ।
পরে খেলা আবার শুরু হলেও বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন।
ফ্লাডলাইটে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এর আগে একাধিকবার ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ধরনের ঘটনার কারণে স্টেডিয়ামের বৈদ্যুতিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ