০২:২৯ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড।
এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে। বৈঠকে আইওএম'র সঙ্গে দুই দশকের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার, জাতীয় মানবপাচার বিরোধী প্রচেষ্টা শক্তিশালীকরণ, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ, সীমান্ত ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বৈঠকে আইওএম মিশন প্রধান ঘোষণা করেন যে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল (DDG) উগোচি ড্যানিয়েল (Ugochi Daniel) আগামী ১ থেকে ৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এছাড়াও, তিনি মন্ত্রীকে উগোচি ড্যানিয়েলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে আগামী ০৪ আগস্ট ২০২৬ তারিখে ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: আইফোনের লোভে বন্ধুকে হত্যা, হবিগঞ্জে সাত দিন পর মিলল লাশ
মন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানান এবং মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক দিকনির্দেশনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম’র যৌথ উদ্যোগে প্রণীত 'সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা' (Integrated Border Management - IBM) কৌশলের জাতীয় বৈধকরণ (Validation) কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। একইসাথে, বাংলাদেশের পুলিশ বাহিনীর বিশেষ শাখা (Special Branch) সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে আইওএম’র অঙ্গীকার পুনর্নিশ্চিত করা হয়।
এছাড়া, বৈঠকে বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভূমিকা এবং আইওএম’র কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করা হয়। আইওএম’র পক্ষ থেকে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি পুনরায় জানানো হয়।
উল্লেখযোগ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ড’র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএম'র ন্যাশনাল কনসালটেন্ট (গভর্মেন্ট) ড. এস এম মোরশেদ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন