ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪৬


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪৬

রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ৬১টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপরাধ বিরোধী নিয়মিত এই অভিযানে পুলিশের বিভিন্ন বিভাগ যৌথভাবে অংশ নেয়; যার মধ্যে মিরপুর বিভাগ সর্বাধিক ১৫২ জন এবং ওয়ারী বিভাগ ৮৬ জনকে গ্রেফতার করে। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, গুলশান বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে।

 

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা। উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ফেনসিডিল।

 

এ ছাড়া অপরাধীদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ম্যাগাজিনসহ একটি খেলনা পিস্তল, ১৪টি মোবাইল ফোন, একটি ফয়েল পেপার ও নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে অপহৃত বা আটকে রাখা তিন জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবাকে হারালেন সংগীতশিল্পী সালমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


বাবাকে হারালেন সংগীতশিল্পী সালমা

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি তার বাবার মৃত্যুর সংবাদটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানান।

সামাজিক মাধ্যমে মৌসুমী আক্তার সালমা লিখেছেন— ‘আমার আব্বা আর নেই।’

ফজলুল হকের আকস্মিক মৃত্যুর ফলে তার পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে, তার মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

বর্তমানে এই সংগীতশিল্পী নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। রোহান রাজের বহুল আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া এ গানটির শুটিং সম্পন্ন হয়েছে এবং আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে গায়িকা সালমার। এ গানটির ভিডিওচিত্রটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। এর পাশাপাশি, সংগীতাঙ্গনের দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছিলেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের নিকটবর্তী একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা ৭৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও ৮ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলু কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইন কোস্ট গার্ড (পিজিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, এমভি জুন অ্যাস্টার নামের জাহাজটিতে মোট ১২৮ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম ছিল, তবে পরে যাচাই করে দেখা যায় যে, চারজন যাত্রী জাহাজে উঠেননি।

পিজিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের সংখ্যা ৪৩ জন।

পিজিজি আরও জানায়, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এমভি জুন অ্যাস্টার গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নারীদের উদ্দেশে সাফা কবির

‘তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


‘তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট’

সাফা কবিরের শোবিজে যাত্রা এক যুগেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। তিনি ছোট পর্দায় অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে, যদিও তার কাজের সংখ্যা কিছুটা কমেছে, তিনি বেছে বেছে অভিনয় চালিয়ে যাচ্ছেন।

নারী হিসেবে তার সাফল্যময় যাত্রার স্বীকৃতি হিসেবে সাফা কবির এবার ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন। সম্মাননাটি গ্রহণ করার পর তিনি নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্যান্য নারীদেরও তাদের নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে একটি বার্তায় সাফা উল্লেখ করেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’

এর আগে পুরস্কার পাওয়ার পর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

সবশেষ কোরবানির ঈদে সাফা কবিরকে পর্দায় দেখা গেছে। উৎসব উপলক্ষে প্রচারিত তার একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফরেও গিয়েছিলেন। দেশে ফিরে আসলেও নতুন কোনো কাজ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নতুন কোনো চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিককে বিয়ে করায় তরুণীকে অপহরণ করল পরিবার, এরপর...

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


প্রেমিককে বিয়ে করায় তরুণীকে অপহরণ করল পরিবার, এরপর...

ভারতের বেঙ্গালুরুতে, পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করার কারণে ২১ বছর বয়সি এক তরুণীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে, তরুণীর পরিবার চারজন ব্যক্তিকে অপহরণের জন্য পাঠিয়েছে। এই ঘটনার সময় একটি গাড়ি দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, রাজস্থানের মেলওয়াস গ্রামের বাসিন্দা পূজা প্রায় নয় মাস আগে ২৩ বছর বয়সি প্রেমিক ওম প্রকাশকে বিয়ে করেন। এরপর তারা বেঙ্গালুরুতে চলে গিয়ে আগ্রহারা দাসরাহাল্লিতে বসবাস শুরু করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজার পরিবার তাদের বিয়েতে সম্মতি দেয়নি। অভিযোগ রয়েছে যে, পরিবারের পক্ষ থেকে চারজনকে বেঙ্গালুরুতে পাঠানো হয়। তারা পূজাকে তার বাসা থেকে তুলে নিয়ে হুন্ডাই ভেন্যু গাড়িতে করে পালানোর চেষ্টা করেন।

পালানোর সময়, তারা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দেন। এই ঘটনায় ছয়জন আহত হন।

পরে সড়কে উপস্থিত লোকজন গাড়িটির পিছু নিয়ে অভিযুক্তদের আটক করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোকজন অভিযুক্তদের গাড়ি থেকে টেনে বের করে মারধর করছেন।

এ ঘটনায় রাজস্থানের বাসিন্দা রাকেশ (৩১), করণ (২৫) ও আয়ানকে (১৮) পুলিশ গ্রেফতার করেছে। গাড়ি চালানোর অভিযোগে আরেক ব্যক্তি সাদ্দাম পলাতক রয়েছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে পৃথ্বীরাজ (১২), ইয়াশিকা (৯), আমুল (৩৫), মণি (৬৪), জয়লক্ষ্মী (৫৭) ও সন্তোষ (৩৩) অন্তর্ভুক্ত। তাদের মধ্যে জয়লক্ষ্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত হুন্ডাই ভেন্যু গাড়িটিও জব্দ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%