ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোহিঙ্গা জেনোসাইড: ব্রিটেনের আহ্বানে আজ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক


রোহিঙ্গা জেনোসাইড: ব্রিটেনের আহ্বানে আজ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। যুক্তরাজ্যের আহ্বানের প্রেক্ষিতে আজ বুধবার এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন এক্স হ্যান্ডলে এ তথ্য প্রকাশ করেছে।

এতে জানানো হয়েছে, যুক্তরাজ্য আগামী ডিসেম্বর মাসেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে একটি নতুন বৈঠক আহ্বান করার পরিকল্পনা করেছে। রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে এবং চলমান মানবিক সংকটের সমাধান করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।

গাম্বিয়ার দায়ের করা মামলায় ১৯ নভেম্বর আইসিজে ঐতিহাসিক রায় প্রদান করে। রায়ে আদালত উল্লেখ করে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: রিয়াদের বাণিজ্যিক এলাকায় সন্ত্রাসী হামলার অভিযোগ সৌদি জোটের

যুক্তরাজ্য সরকার এ রায়ের পরপরই মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৯ ডিসেম্বর আইসিজের রায় ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমনসে রোহিঙ্গাদের ওপর সংঘটিত এই নৃশংসতাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান।

আইসিজের রায়ের পর মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি, মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ করতে বিমান জ্বালানি (এভিয়েশন ফুয়েল) সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে।

যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ ও তাঁদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর বিধি-নিষেধ আরোপের জন্য আইন প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য জনগণের প্রায় তিন লাখ ৫০ হাজার মানুষের জীবন রক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা প্রদান করবে। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগে দেশটি আরো ৩০ লাখ পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে।

এদিকে, রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় স্বীকার করেছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। সোমবার, দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন। একই দিনে, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাজ্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য। সূত্র : ফ্রান্স২৪

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ১ ডিসেম্বর থেকে কার্যকর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ৪০ বছরের পুরনো বসতবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ এম


নারায়ণগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ৪০ বছরের পুরনো বসতবাড়ি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের কারণে রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪০ বছরের পুরনো একটি বসতবাড়ি। এই ঘটনা ঘটে গত সোমবার রাত ৪টার দিকে হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজার সংলগ্ন স্থানে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫০ থেকে ২০০ জনের একটি দল ওই বসতবাড়িতে ভাঙচুর চালায়। এতে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ওই দিন বিকেলেই জমি নিয়ে বিরোধের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন। তিনি ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর পরিদর্শনের কয়েক ঘণ্টা পরেই গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি।

এ সময় নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাড়ির বাসিন্দা সুলতানা বেগম। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভূমিকম্প হচ্ছে বলে মনে করেন তিনি। নাতিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে দেখেন, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাঁদের দীর্ঘদিনের বসতভিটা। মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় তাঁদের সাজানো সংসার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কাঁপতে শুরু করলে মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। বাইরে এসে দেখি, আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এখন আমি থাকব কোথায়? আমার সাজানো সংসার শেষ করে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

তিনি জানান, বাড়িটি তাঁর নানির বাড়ির সম্পত্তি। পাশাপাশি তাঁরা সেখানে আরো কিছু জমি কিনেছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, হিরাঝিল এলাকায় পৈতৃক ও ক্রয়কৃত মিলিয়ে সাড়ে ১২ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও বিচারাধীন রয়েছে। এর আগে একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় সালিশি বৈঠক হলেও বিরোধটি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।

পরিবারটির সদস্যরা বলেন, স্থানীয় পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন (স্বর্ণকার), সবুজ, সজিব, জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের একটি দল দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সুলতানার ভাই গোলাম মোস্তফা বলেন, ‘গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।’ যাওয়ার সময় ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সুলতানা বেগম। পরিবারের দাবি, গত সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু ওই কর্মকর্তা চলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতের আঁধারে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।

গতকাল এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এই ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ ও তাঁতী লীগের ২ নেতা সহ ৩ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ এম


রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ ও তাঁতী লীগের ২ নেতা সহ ৩ গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় পুলিশ একজনকে আটক করেছে। তুরাগ ও উত্তরা পূর্ব এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক

খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় মো. মাজহারুল (৩২) নামের এক ব্যক্তিকে খিলগাঁও থানা পুলিশ আটক করে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের পাশে রাস্তার ডান দিকে অবস্থিত বাটা শোরুমের সাইনবোর্ডের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটে। পরে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় মাজহারুলকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তুরাগে যুবলীগ নেতা গ্রেপ্তার

অন্যদিকে, রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।

তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ডিএমপির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান, ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উত্তরায় তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

এ ছাড়া রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ এম


পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

গত দুই দিন ধরে টানা ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে সফলতা অর্জন করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক এবং শ্রমিকপক্ষের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ’র পরিচালক এবিএম শামসুদ্দিন, এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

নতুন কাঠামোর ভিত্তিতে, ৪র্থ গ্রেডের শ্রমিকদের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) জন্য ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকদের জন্য মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অনেক দরকষাকষির পর ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের সদস্যদের ভোটে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকায় চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, গত সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকাল ৪টায় সাংবাদিকদের ব্রিফিং করেন চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় উভয়পক্ষ মোট ৪ দফা প্রস্তাব দেয়। সর্বশেষ রাত দেড়টায় সর্বসম্মতিক্রমে উভয়পক্ষ ঐক্যমতে পৌঁছায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ এম


জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। দলটি বিশ্বের ৩৭টি দেশের মধ্যে কয়েক শ প্রতিযোগীকে পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে।

দলটির নেতৃত্বে রয়েছেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্যান্য সদস্যদের মধ্যে বিডিরেনের সিনিয়র ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখ্য, ‘zAI BD’ দলের সদস্যরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।

বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে ইউজিসির চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মামুন আহমেদ মন্তব্য করেছেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতাকে দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি।

এ কথা তিনি মঙ্গলবার ইউজিসিতে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় বলেন। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করেন আন্তর্জাতিক বিচারকেরা। ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিযোগিতাটি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) আয়োজন করেছে। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি করা।

দলটির তৈরি এআই প্ল্যাটফর্মের নাম ‘ক্লজচেইন’। এটি বিভিন্ন দেশের সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে। পাশাপাশি আইনের ধারাগুলোর সঙ্গে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের (আরডিটিআইআই) সূচকের সামঞ্জস্য যাচাই করে। প্ল্যাটফর্মটির বিশেষত্ব হলো, এআইয়ের দেওয়া প্রতিটি তথ্য ও উদ্ধৃতি মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়। একই সঙ্গে আইনটি কার্যকর আছে কি না এবং তথ্যের উৎস সরকারি কি না, তাও পরীক্ষা করা হয়। নয়টি স্বয়ংক্রিয় যাচাইয়ের যেকোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ দেওয়া হয়।

বর্তমানে ক্লজচেইন ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে সক্ষম। ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা এতে প্রক্রিয়াজাত করা হয়েছে। প্ল্যাটফর্মটি সম্পূর্ণ উন্মুক্ত উৎসের।

দলনেতা আবু নাছের মুহা. নাফিউ জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা সম্ভব। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই পরিচালনার সক্ষমতা প্রমাণ করেছে। ক্লজচেইনকে আরও উন্নত করে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইউএনএসকাপের ট্রেড পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন বিভাগ।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%