০৪:৪৩ এম
রাজধানীর খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় পুলিশ একজনকে আটক করেছে। তুরাগ ও উত্তরা পূর্ব এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ১ ডিসেম্বর থেকে কার্যকর
খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় মো. মাজহারুল (৩২) নামের এক ব্যক্তিকে খিলগাঁও থানা পুলিশ আটক করে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের পাশে রাস্তার ডান দিকে অবস্থিত বাটা শোরুমের সাইনবোর্ডের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটে। পরে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় মাজহারুলকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তুরাগে যুবলীগ নেতা গ্রেপ্তার
অন্যদিকে, রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ডিএমপির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান, ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উত্তরায় তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
এ ছাড়া রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা জেনোসাইড: ব্রিটেনের আহ্বানে আজ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন