ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাজ্য


কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নীতিমালা চালুর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাত ১২টা থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টার একটি স্বেচ্ছামূলক ‘ডিজিটাল কারফিউ’ চালু করা হবে। তবে এটি বাধ্যতামূলক নয়; ব্যবহারকারীরা চাইলে ডিফল্টভাবে চালু থাকা এই সেটিংস বন্ধ করে আগের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন।

ক্ষমতাসীন লেবার সরকার বুধবার (১৫ জুলাই) এই পরিকল্পনার কথা জানায়। শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। সরকারের প্রস্তাব অনুযায়ী, ১৬ ও ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য এমন কিছু ফিচারও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে, যেগুলো তাদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে ধরতে ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিডিও চালু হওয়ার ‘অটোপ্লে’ সুবিধা।

এর আগে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল। আগামী বসন্ত থেকে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সের মতো প্ল্যাটফর্মে এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ এই বিধিনিষেধের আওতায় থাকবে না।

আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত

প্রস্তাবিত নিয়ম বাস্তবায়নের জন্য নতুন আইন প্রয়োজন হবে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও এই উদ্যোগ এগিয়ে নেওয়া হতে পারে। যুক্তরাজ্যের অনলাইন সুরক্ষা মন্ত্রী কানিশকা নারায়ণ জানান, অনেকের ধারণা কিশোরেরা সহজেই এই কারফিউ সেটিংস বন্ধ করে দেবে। তবে তিনি এ মতের সঙ্গে একমত নন।

তিনি বলেন, যুক্তরাজ্যে ৩০০-এর বেশি কিশোর-কিশোরী ও অভিভাবককে নিয়ে পরিচালিত একটি পরীক্ষামূলক কর্মসূচিতে দেখা গেছে, রাতের বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের ঘুম ও মনোযোগের মানও উন্নত হয়েছে।

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কানিশকা নারায়ণ জানান, এর আগেও কয়েকটি প্ল্যাটফর্ম ডিফল্টভাবে এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল। তখন ৯০ শতাংশের বেশি কিশোর-কিশোরী সেটিংস পরিবর্তন না করে আগের অবস্থাতেই রেখেছিল। তার মতে, সব তরুণ এই সুবিধা বন্ধ করে দেবে—এমন ধারণা সঠিক নয়।

তবে বিরোধী কনজারভেটিভ পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র লরা ট্রট এই পরিকল্পনার সমালোচনা করেছেন। তার মতে, যদি ১৬ ও ১৭ বছর বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি দেয়া হয়, তাহলে এমন কারফিউয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ ব্যবহারকারীরা চাইলে সেটি বন্ধ করতে পারবে।

আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

অন্যদিকে শিশু অধিকারবিষয়ক দাতব্য সংস্থা এনএসপিসিসি জানিয়েছে, এই উদ্যোগ তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা উন্নত করতে পারে। তবে শুধু এই পদক্ষেপ যথেষ্ট নয়। সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিস শেরউড বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ায় এমন নকশাগত বৈশিষ্ট্য পরিবর্তন না করলে অতিরিক্ত স্ক্রিন টাইম ও মানসিক স্বাস্থ্যের সমস্যা পুরোপুরি কমানো সম্ভব হবে না।

ইংল্যান্ডের চিলড্রেনস কমিশনার র‍্যাচেল ডি সুজাও উদ্যোগটিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অনেক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কমাতে চাইলেও বাস্তবে তা করা কঠিন হয়ে পড়ে। তাই এই ধরনের নীতি কতটা কার্যকর হয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে থাকছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ এম


বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে থাকছেন যারা

 

ইংল্যান্ডকে সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওনেল স্কালোনির দল। আজ রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই মহারণ অনুষ্ঠিত হবে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে অপরাজিত আছে। নকআউট পর্বে মোটামুটি একই একাদশ নিয়ে খেলেছে তারা। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে চেনা ৪-৪-২ ফরমেশনেই খেলার কথা আর্জেন্টিনার। আক্রমণে হুলিয়ান আলভারেজের সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও লিওনেল মেসি।

গোলপোস্টের নিচে আবারও দেখা যাবে এমিলিয়ানো মার্তিনেজকে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। রক্ষণে তার সামনে থাকবেন পরিচিত মুখগুলোই।

ডান পাশে রক্ষণ সামলাবেন নাহুয়েল মলিনা। সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। বাঁ দিকে রক্ষণে থাকবেন নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠে শক্তি ও রক্ষণাত্মক দায়িত্ব সামলাবেন লিয়ান্দ্রো পারেদেস। সৃজনশীল ভূমিকায় এগিয়ে থেকে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ডান দিকে থাকবেন রদ্রিগো দে পল।

আক্রমণভাগে জোড়া ফরোয়ার্ডের ডান দিকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। তার সঙ্গী হবেন হুলিয়ান আলভারেজ, যিনি সেমিফাইনাল পর্যন্ত আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের সৃষ্টিশীল ভরসা এখনো মেসিই এবং গোল করার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন আলভারেজ।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ– এমিলিয়ানো মার্তিনেজ;

নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো;

রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার;

লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ফুটবল বিশ্বকাপ ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ এম


ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

 

কেপ ভার্ডের বিপক্ষে প্রথমার্ধে বেশ চাপে পড়েছিল স্পেন। তবে সেই ধাক্কা সামলে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি। দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার সুযোগ এখন তাদের সামনে।

আজ রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। সেই কেপ ভার্ডেই এবারের বিশ্বকাপের চমক দল হয়ে উঠেছিল। ওই ম্যাচেই বদলি হিসেবে নেমে বিশ্বকাপ অভিষেক হয় তরুণ তারকা লামিন ইয়ামালের। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পরই মাঠে ফেরেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন ইয়ামাল। তবে এরপর আর গোলের দেখা পাননি তিনি।

২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের হয়ে এবারের বিশ্বকাপে পাঁচটি গোল করেছেন মিকেল ওইয়ারযাবাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে দলের হয়ে প্রথম গোলটাও করেন তিনি। আর মিকেল মেরিনো হয়ে উঠেছেন দলের ভরসার নাম। জরুরি মুহূর্তে দুটি গোল করেছেন তিনি।

ফাইনালে ওঠার পর দলের প্রথম অনুশীলনে বৃহস্পতিবার পুরো দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরো। সেমিফাইনালে গোল করেছিলেন পোরোও। তবে সেমিফাইনাল জয়ের পর তাদের নিয়ে তেমন চিন্তিত মনে হয়নি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।

১৯৫৮ সালে পেলের পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করা খেলোয়াড় হয়েছেন ইয়ামাল।

নকআউট পর্বে মোটামুটি একই একাদশ নিয়ে খেলেছেন দে লা ফুয়েন্তে। লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একই ছক ধরে রাখতে পারেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে স্পেনের সম্ভাব্য একাদশ–

উনাই সিমন;

পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া;

রদ্রি, ফাবিয়ান রুইজ ও আলেক্স বায়েনা;

দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল ও লামিন ইয়ামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজয়ী কোচ দেশমের হতাশার বিদায়, টানা হারে শেষ হলো ফরাসি অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ এম


বিশ্বজয়ী কোচ দেশমের হতাশার বিদায়, টানা হারে শেষ হলো ফরাসি অধ্যায়

২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্সের বিদায়টা যে এতটা নাটকীয় ও তেতো হবে, তা হয়তো কোনো ফরাসি সমর্থক কল্পনাও করেননি। দীর্ঘ ১৪ বছর ধরে ফরাসি ডাগআউট সামলানো প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচটি রূপ নিল এক চরম গোল উৎসবে। তৃতীয় স্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল লেস ব্লুসরা। 

প্রথমার্ধে মাঠের ভেতর ফরাসি ফুটবলারদের চরম উদাসীনতা ও ঘুমন্ত পারফরম্যান্সের কারণে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। যদিও দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়া জোড়া গোল ও সতীর্থদের লড়াইয়ে ব্যবধান ৬-৪ এ নামিয়ে কিছুটা সম্মান বাঁচানো গেছে, তবু দিদিয়ের দেশমের বিদায়টা হলো চরম এক হতাশার মধ্য দিয়ে।

ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সের এমন বিপর্যয় দেখে ফুটবল বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছিল। ইংলিশ ফরোয়ার্ডরা যেভাবে ফরাসি রক্ষণভাগ ও মাঝমাঠ চূর্ণবিচূর্ণ করে দিচ্ছিল, তা দেখে মনে হচ্ছিল ফরাসি ফুটবলাররা যেন মাঠে খেলার ন্যূনতম ইচ্ছাটুকুও হারিয়ে ফেলেছেন। তবে ম্যাচ শেষে এই ভরাডুবির পেছনের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’। 

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের আগের রাতে মায়ামিতে থাকা ফরাসি ফুটবলাররা কোচের কাছে একটু মানসিক বিশ্রামের জন্য একটি রাত ছুটির আবেদন করেছিলেন। কিন্তু বিদায়ী কোচ দিদিয়ের দেশম ফুটবলারদের সেই অনুরোধ কঠোরভাবে প্রত্যাখ্যান করেন এবং ম্যাচ নিয়ে শতভাগ মনোযোগ ধরে রাখার নির্দেশ দেন। কোচের এই অতিরিক্ত কড়াকড়ি ও ‘রাত জাগার নিষেধাজ্ঞা’ হিতে বিপরীত হয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

খেলোয়াড়দের হয়তো ম্যাচ শুরুর আগে যে মানসিক স্বস্তি বা বিরতির প্রয়োজন ছিল, কোচের কঠোর নিয়মের বেড়াজালে তা তারা পাননি, যার সরাসরি প্রভাব পড়ে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধে ফ্রান্স চার-চারটি গোল করে ম্যাচে দুবার সমতায় ফেরার খুব কাছাকাছি চলে গেলেও শেষরক্ষা হয়নি। থ্রি লায়নদের আক্রমণের তোড়ে ৬-৪ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 

এই হারের মাধ্যমে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের দীর্ঘ ও সফল এক যুগেরও বেশি সময়ের গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল। ফরাসি ফুটবলকে বিশ্বকাপ জেতানো এই মাস্টারমাইন্ডের এমন এক ছন্নছাড়া বিদায় ফুটবল ইতিহাসের পাতায় দীর্ঘদিন এক ট্র্যাজিক অধ্যায় হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিস্থিতি অবনতির আশঙ্কায় মাঠে থাকবে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ এম


পরিস্থিতি অবনতির আশঙ্কায় মাঠে থাকবে সেনাবাহিনী

স্থানীয় সরকারের নির্বাচনে প্রথম ধাপের পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য নির্বাচন বিধিমালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শীঘ্রই স্থানীয় সরকার বিধিমালা সংশোধন করে সরকারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এর পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইসি কর্মকর্তারা জানাচ্ছেন, এবারের নির্দলীয় নির্বাচনে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে, পাশাপাশি বিভিন্ন দলের একাধিক প্রার্থীও নির্বাচনে অংশ নিতে আসবেন। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক কোন্দল বিদ্যমান।

তাদের বক্তব্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধন করে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায়, এবারের স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘জেলা পরিষদ ছাড়া অন্য চারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার প্রস্তাব করব। তবে শুধু সংজ্ঞায় যুক্ত হলেই যে সেনাবাহিনী ব্যবহার করা হবে তা বলা হচ্ছে না।’

তিনি বলেন, ‘কিছু পরিস্থিতি নিয়ে শঙ্কা থেকে সেনাবাহিনী যুক্ত করা হচ্ছে কি না’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা মেনে রেখেছি, যদি প্রয়োজন হয়।’

তিনি আরো উল্লেখ করেন, ‘দুই চিন্তা থেকেই এটি রাখা হচ্ছে। যদি প্রথম পর্যায়ের নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হয়, তাহলে পরবর্তী ধাপে সেনাবাহিনী প্রয়োজন হবে না। কিন্তু প্রথম ধাপে যদি কোনো সমস্যার সম্মুখীন হই, তবে পরের ধাপে সেনাবাহিনী ডাকতে সক্ষম হব। তখন কোনো প্রশ্ন থাকবে না।’

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন আইন-২০০৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় বলা হয়েছে, ‘আইন প্রয়োগকারী সংস্থা’ হিসাবে পুলিশ বাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার বাহিনী, ব্যাটালিয়ান আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড অন্তর্ভুক্ত রয়েছে। তবে নির্বাচন কমিশনের নতুন আইন সংশোধন হলে, উল্লেখিত বাহিনীগুলোর সঙ্গে সশস্ত্র বাহিনীকেও স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে মোতায়েনের জন্য আইনগত ভিত্তি তৈরি হবে।

এদিকে, ইউনিয়ন পরিষদের রোডম্যাপ অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা, সীমানা-জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হতে যাচ্ছে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

পৌরসভার রোডম্যাপ অনুযায়ী, দেশের ৩৩০ পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। তবে আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা এখনো নির্বাচন উপযোগী নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%