০৫:১১ পি.এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) টেলিকম ব্যবসার আড়ালে ১৯৩ কোটি ৯১ লাখ টাকা পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে।
একই দিনে, টেলিকম ব্যবসার মাধ্যমে আরও ২৫৯ কোটি ৬২ লাখ টাকা পাচারের প্রমাণ পাওয়ার পর আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
দুদক জানায়, আন্তর্জাতিক কলের (আইজিডব্লিউ) মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচারের অভিযোগে এই দুই প্রভাবশালী নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তে শামীম ওসমানের স্ত্রী, সন্তান ও শ্যালকসহ পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে ‘কে টেলিকমিউনিকেশন্স’-এর আড়ালে ১৯৩ কোটি ৯১ লাখ টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী ও সন্তানের মালিকানাধীন ‘রাতুল টেলিকম’-এর বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে।
দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় উভয় ঘটনায় মোট ৪৫৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের মামলায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক সচিব আরও জানান, ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে দুবাইয়ে আড়াই কোটি (২৫ মিলিয়ন) মার্কিন ডলার পাচারের অভিযোগে হাইকোর্টের নির্দেশে নতুন একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। এ ছাড়া তার বিরুদ্ধে আট হাজার কোটি টাকা পাচারের আরেকটি অনুসন্ধান আগে থেকেই চলমান রয়েছে।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন