০১:৫৭ পি.এম
কানাডীয় সংগীতশিল্পী অ্যাভ্রিল ল্যাভিন ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হয়েছেন। তিনি কন্যাসন্তানের জন্মের সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে মা হওয়ার খবরটি জানান ‘কমপ্লিকেটেড’খ্যাত এই গায়িকা।
অ্যাভ্রিল ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যা এসেছে।’ তার এই ঘোষণার পর ভক্ত ও অনুসারীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।
অ্যাভ্রিলের পোস্টে সাদাকালো কয়েকটি ছবি ছিল। একটিতে নবজাতকের ছোট্ট হাত ধরে থাকতে দেখা যায় তাকে ও তার সঙ্গীকে। অন্য একটি ছবিতে গায়িকাকে মেয়েকে কোলে নিয়ে আদর করতে দেখা যায়। শিশুটির পরনে ছিল চিতাবাঘের ছাপের পোশাক।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক
শেষ ছবিতে দেখা যায়, স্কেটবোর্ডের ওপর রাখা তিন জোড়া ভ্যান্সের জুতা। দুটি বড়দের এবং একটি নবজাতকের জন্য। ছবিটি দেখে অনেকে অ্যাভ্রিলের ২০০২ সালের জনপ্রিয় গান ‘স্কেটার বয়’-এর কথা মনে করেছেন।
তবে এখনো মেয়ের নাম প্রকাশ করেননি অ্যাভ্রিল। সন্তানের বাবার পরিচয়ও জানাননি তিনি।
অ্যাভ্রিলের এক প্রতিনিধি পিপল সাময়িকীকে জানিয়েছেন, নতুন পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের নতুন অ্যালবামের কাজও করছেন গায়িকা। ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
কে এই রহস্যময় সঙ্গী?
আরও পড়ুন: ‘আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে’: নওয়াজউদ্দিন সিদ্দিকী
অ্যাভ্রিলের বর্তমান সঙ্গীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। তবে টিএমজেড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কোনো তারকা নন এবং ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে।
এর আগে ২০০৬ সালে ‘সাম ৪১’ ব্যান্ডের সংগীতশিল্পী ডেরিক হুইবলিকে বিয়ে করেছিলেন অ্যাভ্রিল। ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৩ সালে নিকেলব্যাক ব্যান্ডের গায়ক চ্যাড ক্রোয়েগারকে বিয়ে করেন তিনি। ২০১৫ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে।
২০২২ সালে সংগীতশিল্পী মড সানের সঙ্গে বাগ্দান হয় অ্যাভ্রিলের। তবে পরের বছর সেই বাগ্দান ভেঙে যায়।
আরও পড়ুন: ‘মাতৃভূমি’র টিমকে ২৫টি দামি ঘড়ি উপহার দিলেন সালমান খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন