১১:১২ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের জন্য জাতীয় সংসদের ভিভিআইপি গ্যালারি থেকে অধিবেশন দেখার সুযোগ করে দিয়ে তাদের ইচ্ছা পূরণ করেছেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীরা সংসদের অধিবেশন সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের জন্য ভিভিআইপি গ্যালারি থেকে অধিবেশন দেখার ব্যবস্থাপনা করতে নির্দেশ দেন। পরে প্রতিনিধিদলটি সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি জাতীয় সংসদ ভবনও পরিদর্শন করেছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত
তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, পড়াশোনা, গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। নতুন উদ্ভাবন ও উৎকর্ষ সাধনে কাজ চালিয়ে যেতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
শাহাদাৎ হোসেন স্বাধীন জানিয়েছেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্যের সঙ্গে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আনার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, একাডেমিক সমন্বয়ক ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস, স্বর্ণপদকজয়ী ত্রিদিব রায় আর্য এবং দলের সদস্য নাইরা নাওয়ার আহমেদ, অনন্য যারিফ আকন্দ, নাওফিল রহমান, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাজা আব্দুল্লাহ। এ সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন