১০:৩৩ এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর মধ্যপাড়া বায়তুল হারাম জামে মসজিদে ৪৪ বছর প্রান্তরে ইমামতি করে অবসরে যাওয়া হাফেজ মাওলানা বশির আহমেদকে মসজিদ কমিটি এবং এলাকাবাসী একটি সংবর্ধনা ও রাজকীয় বিদায় প্রদান করে।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা অনুষ্ঠানটিতে তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর পরে জুমার নামাজ শেষে তাকে ফুলে সাজানো গাড়িতে করে বিদায় জানানো হয়। এই সময় সম্মাননা হিসেবে তাকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যাপক মোবারক হোসেন। এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, মসজিদ কমিটির সভাপতি শামসুল হক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন, সিনিয়র সহসভাপতি মো. মন মিয়া, সহসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভূইয়া, ভূইয়া বাড়ি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রউফ, বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ইমন হাসান বিজয়, মাসুদ রানা ভূইয়াসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: যশোরের ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
মসজিদ কমিটির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম লিটন বলেন, মাওলানা বশির আহমেদ দীর্ঘ ৪৪ বছর ধরে আমাদের মসজিদে ইমামতি করেছেন। তিনি শুধুমাত্র একজন ইমাম নন, বরং আমার বাল্যকালের শিক্ষকও। তার নিষ্ঠা, সততা ও ধর্মীয় নেতৃত্ব আমাদের জন্য অনুসরণীয়। আমরা তার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাসেম মিয়া আবেগাপ্লুত হয়ে জানান, ইমাম সাহেব বয়সে আমার থেকে ছোট হলেও প্রায় চার যুগ ধরে আমাদের মসজিদে ইমামতি করেছেন। একই মসজিদে একজন ইমামের এত দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সত্যিই বিরল ঘটনা। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।
অনুষ্ঠান শেষে মাওলানা বশির আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। তার বিদায়ের সময় মুসল্লি ও এলাকাবাসীর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন