০৯:১৬ পি.এম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার পর হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও সেবার মানের ভূয়সী প্রশংসা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। প্রায় তিন ঘণ্টাব্যাপী স্থায়ী এই পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কেন্দ্র, লেবার রুম, টয়লেটসহ প্রতিটি বিভাগের অবস্থান ঘুরে দেখেন।
পরিদর্শনের পর অধ্যাপক ডা. জাহিদ রায়হান মন্তব্য করেন, “দেশের অনেক হাসপাতাল আমি পরিদর্শন করেছি। কিন্তু এই হাসপাতালের মতো এত সুন্দর এবং পরিচ্ছন্ন হাসপাতাল খুব কমই দেখেছি। টয়লেট থেকে শুরু করে প্রতিটি স্থান অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। রোগীদের সেবার পরিবেশও সন্তোষজনক।”
আরও পড়ুন: নড়াইলের পর এবার ফরহাদ ইকবালকে স্বপদে ফেরানোর দাবি টাঙ্গাইল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের
পরিদর্শনের একপর্যায়ে তিনি লেবার রুমে যান। সেখানে সদ্য নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া একটি নবজাতককে কোলে তুলে নেন এবং নবজাতকের মায়ের সঙ্গে কথাবার্তা বলেন। নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে তিনি ওই মাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
এই সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালকের মেডিকেল অফিসার ডা. কাজী শফিউল আজম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন প্রশংসা হাসপাতালটির চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন