০৬:২১ পি.এম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকেরা অবরোধ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচিটি পালন করেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভকারীরা জানায়, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা হয়েছে এবং এটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। প্রতিনিয়ত সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তারা জানান, দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: নড়াইলের পর এবার ফরহাদ ইকবালকে স্বপদে ফেরানোর দাবি টাঙ্গাইল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের
অবরোধকারীরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
অবরোধের খবর পেয়ে এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। বিষয়টি আমি সংসদ সদস্যকে জানিয়েছি। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।’
তার আশ্বাসে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সড়কটির প্রায় সাড়ে ৭ কোটি টাকার সংস্কার কাজের ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। আমরা আশা করছি, আগামী আগস্টের প্রথম সপ্তাহেই কাজ শুরু করা যাবে। অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুনে কাজ শুরু করা সম্ভব হয়নি।’
আরও পড়ুন: আদালত থেকে মাত্র ১ কিলোমিটার দূরের বাসায় ফেরেননি বরিশালের সহকারী জজ, রহস্যের জট খুলতে মাঠে পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন