০৭:১৮ পি.এম
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে উদ্ধার করেছে পুলিশ মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের কঙ্কাল। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয় মরদেহটির কঙ্কাল।
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় তারা দুর্গন্ধ পেয়ে ক্যানেলের ধারে এগিয়ে যান। প্রথমে তারা দেখতে পান একটি মাথার খুলি, এবং পরে ঝোপঝারের মধ্যে মরদেহের কঙ্কাল দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মরদেহটি।
এ ঘটনার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়েছে। মরদেহটির মাথার খুলির পাশে সবুজ ঘাস রক্তের মতো রঙ ধারণ করেছে।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে উদ্ধার করা হয়েছে মাথার খুলি ও বডির কয়েকটি অংশে বিভক্ত কঙ্কাল। ক্রাইম সিন ইউনিট আসছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন