০৩:৫৬ এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন যে, ৭১ ও ২৪-এর পরাজিত রাজনৈতিক শক্তিগুলি বর্তমানে রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে।
তিনি শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এই সমাবেশটি সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত হয়।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'এসব পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতেই একত্রিত হয়েছে। বাংলাদেশের মানুষ ভালো থাকবে, দেশে শিক্ষা ও চিকিৎসার উন্নয়ন হবে কিংবা অর্থনৈতিক চাকা সচল থাকবে, এগুলো কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না।'
তিনি ষড়যন্ত্রকারীদের অতীত ভূমিকা তুলে ধরে বলেন, 'এদের চক্রান্ত নতুন কিছু নয়। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের পাতানো নির্বাচনে অংশ নিয়ে জনগণের পিঠে ছুরিকাঘাত করে কোন দল জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছিল, তা দেশবাসী জানে। ১৯৯১ সালে বিএনপি সরকারকে অস্থিতিশীল করতে যারা টানা ১৭২ দিন হরতাল ডেকেছিল, আজকে তারাই নতুন রূপে ঐক্যবদ্ধ হয়েছে।'
দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্রকারী চক্র আমাদের রক্তে অর্জিত গণতন্ত্রকে নতুন করে বিপন্ন করতে না পারে।'
নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন