ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন


ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন

ফুটবল বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের শিবিরে দেখা দিয়েছে কঠিন দুশ্চিন্তা। দলের অন্যতম সেরা খেলোয়াড়, স্ট্রাইকার লামিনে ইয়ামাল, চোটে পড়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে, ফলে ফাইনালের আগে স্পেন টিম ম্যানেজমেন্ট চিন্তিত হয়ে পড়েছে।

বিশ্বকাপের ফাইনালে স্পেন আগামী ২০ জুলাই নিউইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র তিন দিন আগে, দলের নিয়মিত অনুশীলনে ১৯ বছর বয়সী এই তারকা উইঙ্গারকে দেখা যায়নি। শুধু তাই নয়, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজও রয়েছে, যা স্পেনের শিবিরে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুসারে, ইয়ামাল অনুশীলনে সতীর্থদের সঙ্গে অংশ নেননি। তাকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে মেডিকেল টিম সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ইয়ামালের ইনজুরির বিস্তারিত জানায়নি।

আরও পড়ুন: জেডিপি: সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি জড়িত

চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। তার গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতা প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছে। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি কিংবা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য খুবই বড় ধাক্কা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে ঘিরে হত্যার হুমকির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:২৪ এম


তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে ঘিরে হত্যার হুমকির বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

বিলবোর্ডে ট্রাম্পকে একটি খোলা কফিনে শায়িত অবস্থায় দেখা যাচ্ছে। কফিনের গায়ে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ‘উই উইল কিল ট্রাম্প’ (আমরা ট্রাম্পকে হত্যা করব)।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বিলবোর্ডটির পাশে আলী খামেনির একটি বিশাল মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য রয়েছে। এটি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরুতে বিমান হামলায় নিহত এই নেতাকে কেন্দ্র করে শোক ও প্রতিশোধের প্রতীকী বার্তা তুলে ধরে।

বিলবোর্ডে কালো রঙের খোলা কফিনে ট্রাম্পকে এলোমেলো চুল, বন্ধ চোখ ও মুখে দেখা গেছে। লাল টাইয়ের ওপর রাখা দুই হাত এবং কফিনের ওপরে সোজা উঁচু হয়ে থাকা দুই পা ছবিটিকে আরও প্রতীকী করেছে।

কফিনের ওপর সাদা অক্ষরে লেখা রয়েছে ‘উই উইল কিল ট্রাম্প’। একই সঙ্গে ফারসি ভাষায় শহীদ আলী খামেনিকে স্মরণ করেছে এমন বিভিন্ন বার্তা লেখা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিলবোর্ডে মিনাবের শিশুদের স্মরণে লেখা একটি বার্তাও রয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরে যুদ্ধের শুরুতে এক বিমান হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারায়।

ইরানে জনপরিসরকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করার বিষয়টি নতুন নয়। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানীর ব্যস্ততম সড়কে যুদ্ধ, শহীদদের স্মরণ এবং বিভিন্ন আদর্শিক বার্তা নিয়ে অসংখ্য বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডকে ইসলামি প্রজাতন্ত্রের বৃহত্তর রাজনৈতিক ও আদর্শিক প্রচারকৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পবিরোধী এই ধরনের বিলবোর্ড নতুন নয়। গত মে মাসে একটি দ্বিভাষিক বিলবোর্ডে ট্রাম্পের মুখের ওপর হরমুজ প্রণালির প্রতীকী চিত্র বসিয়ে তার ঠোঁট সেলাই করা অবস্থায় দেখা হয়েছিল। সেখানেও ইংরেজিতে লেখা ছিল ‘দ্য ব্রেকিং পয়েন্ট’।

আরেকটি বিলবোর্ডে পারস্য উপসাগরের ওপর বিশাল একটি মাছ ধরার জালে মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান আটকা পড়ার চিত্র তুলে ধরা হয়েছিল। এর মাধ্যমে মূলত ইরানের সামরিক সক্ষমতার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

কিন্তু এই বিলবোর্ডটির ভাষা আগেরগুলোর তুলনায় একটু ভিন্ন, অনেক বেশি উসকানিমূলক ও আক্রমণাত্মক। বিশেষত গত কয়েক সপ্তাহে ইরানের রক্ষণশীল মহলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত আলী খামেনিসহ অন্যান্য নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জোরালো হয়েছে।

সম্প্রতি ইরানের একটি রক্ষণশীল সংবাদপত্রে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধের লক্ষ্যবস্তু হিসেবে ১৩ জন বিদেশি নেতার একটি তালিকা প্রকাশ করে। উক্ত তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিভিন্ন পশ্চিমা নেতার ছবি রয়েছে।

এছাড়াও, বাবার দাফনের দুই দিন পর দেওয়া প্রথম বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি লিখিত ওই বার্তায় জানান যে, এই প্রতিশোধের আকাঙ্ক্ষা কেবল তার বা সরকারের নয়, বরং পুরো ইরানি জাতির দীর্ঘদিনের পুঞ্জীভূত ইচ্ছার প্রতিফলন। তিনি জোর দেন যে, এ প্রতিশোধ অবশ্যম্ভাবীভাবে বাস্তবায়িত হবে এবং তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইভেট কার থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:২৮ এম


প্রাইভেট কার থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

 

কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে বিজিবি আটক করেছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভের মহেষখালীয়াপাড়া এলাকায় বিজিবির চেকপোস্টে তল্লাশির সময় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক করা মাদক কারবারির নাম ইমরান হোসাইন ইমন (২৮)। তিনি টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার কবির আহমদের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, টেকনাফ থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে পাচার হচ্ছে। এরপর মেরিন ড্রাইভ চেকপোস্টে সাদা রঙের একটি টয়োটা করোলা ক্রস প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্স থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর পরে গাড়ির মালিক ইমরান হোসাইনকে আটক করা হয় এবং ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সম্প্রতি প্রাইভেট কার ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। তাই সীমান্ত এলাকায় চেকপোস্টে তল্লাশি আরো জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:২৯ এম


মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আরিফুল ইসলাম শিমুল (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিজ পরিবারের লোকজন।

বৃহস্পতিবার দুপুরে নিজ শয়নকক্ষ থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল ইসলাম শিমুল ওই এলাকার মোঃ লোকমান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে শিমুলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তার ছোট ভাই পরশের স্ত্রী খোলা জানালা দিয়ে দেখতে পান, শিমুল সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের কেউই কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

খবর পেয়ে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জানাজার নামাজ শেষে শিমুলের মরদেহ দাফন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলামের স্মরণে শুক্রবার শোকসভা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৬ এম


সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলামের স্মরণে শুক্রবার শোকসভা

গণতন্ত্র ও মানবাধিকার প্রসারে নিবেদিত যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা রাইট টু ফ্রিডমের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের স্মরণে একটি শোকসভার আয়োজন করা হবে। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে এ শোকসভা অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ‘রাইট টু ফ্রিডম’।

যারা সশরীরে শোকসভায় উপস্থিত থাকতে পারবেন না, তাদের সুবিধার জন্য অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার ও রেকর্ড করার ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রদূত মাইলাম এ বছরের শুরুতে ৮৯ বছর বয়সে মারা যান। তিনি সাত দশক ধরে জনসেবা, গবেষণা ও বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারে নিজেকে নিযুক্ত রেখেছিলেন।

১৯০৬ সালে অ্যারিজোনার বিসবিতে জন্ম নেওয়া মাইলাম ১৯৫৯ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনে রাষ্ট্রদূত মাইলাম আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ সালে বাংলাদেশে ও পরবর্তীতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন, যেখানে তিনি ২০০১ সালে অবসর নেওয়া পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। তিনি ১৯৯৪ সালে মরুকরণ প্রতিরোধ চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং পারমাণবিক অপ্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন ও অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলোতে ব্যাপকভাবে কাজ করেন। ১১ সেপ্টেম্বর ২০০১ সালের ঘটনার পর আফগানিস্তানে একটি অর্থনৈতিক পুনর্গঠন কর্মসূচি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তাকে পুনরায় জনসেবায় ডাকা হয়।

অবসর নেওয়ার পরে রাষ্ট্রদূত মাইলাম উড্রো উইলসন সেন্টারে সিনিয়র স্কলার হিসেবে লেখালেখি ও গবেষণা চালিয়ে যান এবং ২০১০ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে তার বই ‘বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান: ফ্লার্টিং উইথ ফেইলিয়ার ইন সাউথ এশিয়া’ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে মিলে ‘রাইট টু ফ্রিডম’ প্রতিষ্ঠা করেন। ‘রাইট টু ফ্রিডম’ এমন একটি সংস্থা, যা দেশে যাদের কণ্ঠস্বর শোনা যায় না, তাদের জন্য কথা বলার উদ্দেশ্যে গঠিত হয়েছে।

রাইট টু ফ্রিডমের পরিচালনা পর্ষদ সভাপতি জন ড্যানিলোভিচ বলেন, ‘শোক ও কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয় নিয়ে, আমরা জনসাধারণকে রাষ্ট্রদূত উইলিয়াম বি. মিলামের অসাধারণ জীবন উদযাপনে আমাদের সাথে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, আমাদের অনেকের কাছে তিনি একজন বিশিষ্ট কুটনীতিকের চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন একজন অবিচল বন্ধু, একজন উদার পরামর্শদাতা এবং সকল মানুষের জন্য স্বাধীনতা ও মর্যাদার স্থায়ী শক্তিতে বিশ্বাসী একজন মানুষ।

এই স্মরণসভায় বিশ্বজুড়ে পরিবার, বন্ধু, সহকর্মী এবং গুণগ্রাহীরা একত্রিত হয়ে রাষ্ট্রদূত মাইলামের অসাধারণ জীবন ও উত্তরাধিকার নিয়ে স্মৃতিচারণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%