০৯:৪২ পি.এম
ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক।’ আজ আমি এই প্রবাদ দিয়েই শুরু করতে চাই। কারণ, আমি সত্যিই এই কথাটি নিজের চোখে দেখেছি। যদি একটু পেছনে ফিরে যাই।
২ সেপ্টেম্বর ২০২৬। আমার বাবা আমাকে অফিসে ডেকে বললেন, ‘আজ থেকে স্পোর্টস সিটির দায়িত্ব তোমার।’ আমি পুরো জায়গাটি ঘুরে দেখলাম। ৩০০ বিঘারও বেশি জমি! এত বিশাল জায়গা! কিন্তু মনে একটি প্রশ্ন ঘুরছিল। বাবা তো আবাসন ব্যবসা করেন। এই স্পোর্টস সিটি থেকে তো আগামী ৫০০ বছরেও আমাদের কোনো লাভ হবে না।
সাহস করে আমি বাবাকে প্রশ্নটি করলাম। বাবা একটু হাসলেন এবং বললেন, ‘জানো, যখন আমরা ছোট ছিলাম, ঢাকায় অনেক খেলার মাঠ ছিল। বিকেল হলেই আমরা সবাই মিলে মাঠে দৌড়ে যেতাম। আর এখন? যেদিকে তাকাই, শুধু ইটপাথরের ভবন। খেলার মাঠ তো দূরের কথা, দম ফেলার মতো জায়গাও যেন নেই।’
আরও পড়ুন: তরুণ ক্রিকেটারদের আদর্শ হিসেবে মুশফিকের নাম উল্লেখ করলেন তামিম
বাবা আরো বললেন, ‘আমি চাই, আমাদের পরবর্তী প্রজন্ম আবার সেই দিনগুলো ফিরে পাক। তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটুক খেলার মাঠে। সারা বাংলাদেশে আমি মাঠ বানাতে পারব না। কিন্তু অন্তত আমাদের বসুন্ধরার ভেতরে তো পারব। সে জন্যই এই স্পোর্টস সিটি।’
‘আর তোমার লাভের প্রশ্ন? মানুষ তার ছোটবেলা কখনো ভোলে না। যে ছেলেমেয়েরা এখানে খেলবে, যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একদিন বিশ্ববিখ্যাত হবে, তারা সারা জীবন তোমাকে মনে রাখবে। এটাই হবে তোমার ৫০০ বছরের লাভ।’
সেদিন আমি বুঝলাম, দেশের প্রতি বাবার ভালোবাসা কত গভীর। এই ভালোবাসাই আমাকে সব সময় অনুপ্রাণিত করে।
এবার মজার ঘটনাটি বলি। ঠিক ৩৬ দিন পর, ৮ অক্টোবর ২০২৬, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, আগামী দুই মাসের মধ্যে দেশে এক হাজার খেলার মাঠ তৈরি করতে হবে। ভাবুন একবার! এটি কোনো সাধারণ নির্দেশ নয়। তিনি সময় বেঁধে দিয়েছেন। এতেই বোঝা যায়, শিশু-কিশোরদের খেলাধুলাকে তিনি কতটা গুরুত্ব দেন। শুধু তা-ই নয়, গতকাল তিনি শিশু-কিশোরদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবাই মিলে খেলাধুলা করছে কি না, সেই খোঁজ নিতেও বলেছেন।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে ঋষভ পন্তের বিশ্বরেকর্ড, ৮৯টি ছক্কা মেরে বেন স্টোকসকে ছাড়িয়ে গেলেন
সত্যি বলতে, দুজনের ভাবনায় এতটা মিল দেখে আমি মুগ্ধ। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে আমার বাবা স্পোর্টস সিটির স্বপ্ন দেখেছেন। আমার কাছে এটাই ৫০০ বছরের লাভ। হয়তোবা এর চাইতেও বেশি কিছু।
আমি মনেপ্রাণে চাই, আমাদের আগামী প্রজন্ম খেলার মাঠে বেড়ে উঠুক। তারা আমাদের একটি সুন্দর আগামী উপহার দিক। এই মাঠ থেকেই আগামী প্রজন্ম বিশ্বমঞ্চে উঠবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনার সঙ্গে থাকতে পারাই আমার সবচেয়ে বড় লাভ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন