মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:০৪ পি.এম
সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : দেশের নৌপথের নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে সরকার পুঁজি খননের মাধ্যমে ৪ হাজার ৫০০ কিলোমিটার নৌপথ সচল করার উদ্যোগ গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামায়াতে ইসলামীর ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের একটি সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথ সচল করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করার জন্য খননের মাধ্যমে ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথের নাব্যতা বজায় রাখা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, নদীদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ঢাকা মহানগর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য এম শফিকুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রধান অভ্যন্তরীণ নৌপথগুলোর নাব্যতা বজায় রাখতে প্রতিবছর রক্ষণাবেক্ষণ খনন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, পুরাতন ব্রহ্মপুত্র নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং গভীরতা ৮ ফুটে উন্নীত করতে ২ হাজার ৩৯০ দশমিক ৮৭ লাখ ঘনমিটার পুঁজি খননের সংস্থান রাখা হয়েছে। একই প্রকল্পের আওতায় ধরলা, তুলাই ও পুনর্ভবা নদীর গভীরতা সাড়ে ৬ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত অক্টোবর পর্যন্ত এর মধ্যে ১ হাজার ৫৫৪ লাখ ঘনমিটার খনন সম্পন্ন হয়েছে।
এছাড়া, জিনাই, ঘাঘট, বংশী ও নাগদা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত করা, নাব্যতা বৃদ্ধি এবং বন্যা ব্যবস্থাপনা জোরদারে ১ হাজার ৪৮৯ দশমিক ৭০ লাখ ঘনমিটার পুঁজি খনন এবং ৮৮২ দশমিক ১০ লাখ ঘনমিটার রক্ষণাবেক্ষণ খননের সংস্থান রাখা হয়েছে। এসব নদীর বিভিন্ন স্থানে গভীরতা ৮ থেকে ১০ ফুটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। গত অক্টোবর পর্যন্ত ৬০ লাখ ঘনমিটার খনন সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও জানান, বৃহত্তর সিলেট অঞ্চলের নদী ব্যবস্থাপনায় একটি সমন্বিত পরিকল্পনা অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এতে নদী খনন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পর্যটন, জলাভূমি, প্রতিবেশব্যবস্থা, সেচ ও নৌযান ভেড়ানোর সুবিধা উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা-ভোলা-বরিশাল নৌপথের নাব্যতা সংকট নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পথে নৌযান চলাচলের জন্য প্রয়োজনীয় নাব্যতা নিশ্চিত করতে খননের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বিবেচনা ও গ্রহণ করা হবে।
এদিকে, পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদীর ওপর নির্মিত বগা সেতু আগামী জানুয়ারিতে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিশুর আবেদনের পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হচ্ছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর, ১৭ নভেম্বর ২০২৬ : পরিবেশ দূষণ প্রতিরোধ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি করতে চাঁদপুর পৌরসভা ফেলে দেওয়া বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগটি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে এবং জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশন (জেএসিইএ), টোকিওর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ জানায়, যদি পরীক্ষামূলক এ কার্যক্রম সফল হয়, তাহলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন হবে এবং ফেলে দেওয়া বর্জ্যকে জ্বালানি সম্পদে রূপান্তরিত করার সম্ভাবনা তৈরি হবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আজ চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি এবং প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জাপানি প্রতিনিধি ও প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
আহমেদ জিয়াউর রহমান বলেন, "বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রতিদিন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে।"
তিনি আরও বলেন, "বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এ উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে এটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব।" প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাকাহাশি শিনসুকে, পরিচালক জুনজি সুয়েনাগা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার শিমোহাশি হিদাকি, নাগাহাসি ইউইয়া, ওকেবো তসিহারু, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, প্রকল্প সমন্বয়কারী শাহজাহান আলী শাওন, দোভাষী ওবায়দুর রহমান রতন এবং কাজল মজুমদার অপু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, একটি নিষিদ্ধ গোষ্ঠী বিদেশে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি বলেছেন, "বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না।" তিনি উল্লেখ করেছেন যে, যখন দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, অর্থনীতি সচল হচ্ছে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশ উন্নতি করছে, তখন বিদেশিরা বিনিয়োগ বাড়াচ্ছে, যা ফ্যাসিবাদীদের সহ্য হচ্ছে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, "বিদেশে বসে থেকে তারা গার্মেন্টস সেক্টরকে চক্রান্ত করে অস্থিতিশীল করার চেষ্টা করছে।" তিনি উল্লেখ করেন যে, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পেট্রোল বোমা নিক্ষেপের শত শত মামলা করা হয়েছে। শামা ওবায়েদ দাবি করেন, "এই পেট্রোল বোমাগুলো মেরেছে আওয়ামী লীগ, আর মামলা দিয়েছে বিএনপি নেতা-কর্মীদের নামে।"
শামা ওবায়েদ বলেন, "আজকে বাস-ট্রাক পোড়াচ্ছে। নিরীহ মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। উপর থেকে ককটেল নিক্ষেপ করছে।" তিনি উল্লেখ করেন যে, এগুলো প্রমাণ করে যে আগুন সন্ত্রাস আওয়ামী লীগের দ্বারাই সম্ভব এবং আওয়ামী লীগই করছে। তিনি বলেন, "লগি-বৈঠার আওয়ামী লীগকে, যে কোনো মূল্যে দমন করা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করে না। সর্বোচ্চ ছাড় দেয়া হয়েছে তাদের।" তিনি সতর্ক করেন যে, "আর নয়, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোই করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি সপ্তাহে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি সমাবেশের পর নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে, তবে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাতার ও পাকিস্তান তাদের মধ্যস্থতাকারী কার্যক্রম বৃদ্ধি করেছে।
বর্তমানে নতুন করে হামলা চালানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরত রয়েছেন এবং এর পেছনে বেশ কিছু কারণ কাজ করছে। এর মধ্যে একটি হলো, যুক্তরাষ্ট্রের হামলার আগাম আভাস পাওয়ার পাশাপাশি ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা। রাশিয়ার সামরিক মানের ভূ-স্থানিক ও সংকেত সংক্রান্ত গোয়েন্দা তথ্যের কারণে সম্ভবত এই সক্ষমতা তৈরি হয়েছে।
গত আট মাস ধরে আমার প্রতিষ্ঠিত ‘প্রজেক্ট অরোরা’ রাশিয়ার গোয়েন্দা উপগ্রহগুলোর গতিপথ পর্যবেক্ষণ করছে। এই প্রকল্পের আওতায় কসমস-২৬০০ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৮টির গতিবিধি অনুসরণ করা সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছোট মেয়ের বিয়ের আয়োজন নিয়ে বাড়িতে সাজসাজ রব চলছিল। কন্যাটি হলদে শাড়িতে সজ্জিত এবং হাতে মেহেদি রং ছিল। আজ বিকেল বা সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ কারণে ছোট মেয়ের বিয়ের দাওয়াত দিতে মতলেব হোসেন সকালে বড় জামাইয়ের বাড়িতে যান। কিন্তু দাওয়াত নিয়ে জামাইয়ের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়ে যায়। এই বিরোধের জেরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর মতলেব হোসেন (৬৫) প্রাণ হারান।
মঙ্গলবার (১৭ নভেম্বার) সকালে যশোরের চৌগাছার নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে আনার উদ্দীন পার্শ্ববর্তী ইলেশমারি গ্রামে মতলেব হোসেনের মেয়েকে বিয়ে করেন। আজ সকালে ছোট মেয়ের বিয়ের দাওয়াত দিতে শ্বশুর মতলেব হোসেন নারায়ণপুর গ্রামে জামাইয়ের বাড়িতে যান। কিন্তু বিয়ের দিন ছোট শালির দাওয়াত দিতে আসার কারণে ঝগড়া শুরু হয়। কথোপকথনের এক পর্যায়ে জামাই আনার উদ্দীন পেয়ারা গাছের ডাল দিয়ে শ্বশুরকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে মাথায় আঘাত লাগলে শ্বশুর মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় রেফার করা হয়। ঢাকায় যাওয়ার পথে সন্ধ্যায় মতলেব হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নারায়ণপুর গ্রামের মেম্বার ওহিদুল ইসলাম ভোদড় বলেন, "আমি শুনলাম ছোট মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য মতলেব হোসেন আনার উদ্দীনের বাড়িতে এসেছিল। দাওয়াত দেওয়া নিয়ে শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়। রাগান্বিত হয়ে পেয়ারা গাছের ডাল দিয়ে শ্বশুরকে মারধর করেন জামাই। আর এতে মতলেব হোসেনের মৃত্যু হয়েছে।"
চৌগাছা থানার ওসি (তদন্ত) মো. নূরুল আমিন শিকদার জানান, জামাইয়ের মারধরে শ্বশুর আহত হন। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত জামাইকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ