০৪:১০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া, ১৬ নভেম্বর, ২০২৬ : ডিসেম্বর মাসের আগমনের প্রেক্ষাপটে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধের লক্ষ্যে জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৫।
সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি বৃদ্ধি করতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা এবং থার্মাল ড্রোনের ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সীমান্তের নজরদারি কার্যক্রম আরও কার্যকরী হয়েছে।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিজিবির টহল কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি)-২৫ অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।
আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্তে একাধিক মামলার আসামি সুবল চন্দ্র দাশ আটক
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরের অধীনে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
কুমিল্লা সেক্টরে চারটি ব্যাটালিয়নের অধীনে ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
লক্ষ্য হলো যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধ করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ করা এবং মামলার পলাতক আসামিদের অবৈধ প্রবেশ ও দেশ ত্যাগে বাধা দেওয়া। এজন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, ডিসেম্বরের পরিস্থিতি মাথায় রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এই সেক্টরের অধীনে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে যাতে পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
আরও পড়ুন: হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আপন দুই ভাই নিহত
এছাড়া, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে, যার মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা।
এসবের সঙ্গে জড়িত ১৫৫ জন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের যেকোনো সন্দেহজনক গতিবিধির বিষয়ে বিজিবির নিকটস্থ ক্যাম্পে দ্রুত জানানোর জন্য জনপ্রতিনিধি এবং জনগণকে আহ্বান জানানো হয়েছে। সীমান্তে টহল অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন