বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৩ পি.এম
পুরুষদের মধ্যে একটি সাধারণ ক্যানসার হলো প্রোস্টেট ক্যানসার। প্রাথমিক অবস্থায় অনেকের শরীরে এ রোগের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। তবে রোগটি বৃদ্ধি পেতে থাকলে প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন, যৌন স্বাস্থ্যের সমস্যা অথবা শরীরের বিভিন্ন অংশে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে ক্যানসার হয়েছে, এমন বলা যায় না। তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক পরিবর্তনগুলো অবহেলা করা উচিত নয়।
প্রোস্টেট হচ্ছে পুরুষদের মূত্রাশয়ের নিচে অবস্থিত একটি ছোট, আখরোটের মতো গ্রন্থি। এটি একটি তরল তৈরি করে, যা শুক্রাণুকে পুষ্টি দেয়। যখন এই গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে টিউমার তৈরি করে, তখন তাকে প্রোস্টেট ক্যানসার বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে এই ক্যানসার ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রাথমিক অবস্থায় প্রোস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে।
প্রোস্টেট ক্যানসারের সম্ভাব্য পাঁচটি সতর্কসংকেত হলো—
১. প্রস্রাবের ধারায় পরিবর্তন: প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া, প্রস্রাব শুরু করতে দেরি হওয়া, প্রস্রাবের সময় চাপ দিতে হওয়া অথবা থেমে থেমে প্রস্রাব হওয়া প্রোস্টেটের সমস্যার লক্ষণ হতে পারে। টিউমার বড় হলে এটি মূত্রনালিতে চাপ সৃষ্টি করতে পারে।
২. ঘন ঘন প্রস্রাব: বিশেষ করে রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া, হঠাৎ তীব্র চাপ অনুভব করা অথবা প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া দেখা দিতে পারে।
৩. প্রস্রাব বা বীর্যে রক্ত: প্রস্রাব কিংবা বীর্যের সঙ্গে রক্ত বের হওয়া উদ্বেগের লক্ষণ। এটি সংক্রমণ বা প্রদাহের কারণেও হতে পারে। তবে প্রোস্টেটের অস্বাভাবিকতা বা ক্যানসারের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে।
৪. যৌন স্বাস্থ্যে পরিবর্তন: লিঙ্গোত্থানে সমস্যা, তা ধরে রাখতে অসুবিধা অথবা বীর্যপাতের সময় ব্যথা প্রোস্টেটের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
৫. কোমর ও শ্রোণিতে ব্যথা: ক্যানসার প্রোস্টেটের বাইরে ছড়িয়ে হাড়ে পৌঁছালে কোমর, নিতম্ব, উরু বা শ্রোণিতে দীর্ঘস্থায়ী ব্যথা অথবা শক্তভাব দেখা দিতে পারে। এটি রোগের অগ্রসর পর্যায়ের লক্ষণ হতে পারে।
এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মনে রাখতে হবে, একই ধরনের সমস্যা অন্য রোগেও হতে পারে। তাই উপসর্গের ভিত্তিতে নিজে থেকে ক্যানসার নির্ণয় না করে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, সাবেক রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধি মহলে পরিচিত মুখ হিসেবে জমায়েত হোসেন খোকন চৌধুরী রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবেও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া, ১৯ নভেম্বর, ২০২৬ : রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। তারা এ সময় বিভিন্ন স্লোগান প্রদান করে।
ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বাসসকে জানিয়েছেন, রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
এছাড়া, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সে ১৭ ও ১৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিত বিক্ষোভ ও সংশ্লিষ্ট সহিংসতার কারণে বিমা খাতে ক্ষতির পরিমাণ ২০ কোটি ইউরোকে অতিক্রম করেছে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির বিমা ফেডারেশন ফ্রান্স অ্যাস্যুরার্স।
ফেডারেশনটির হিসাব অনুযায়ী, ওই দুই দিনের সহিংসতার ফলে মোট ৫ হাজার ২৮০টি বিমা দাবির আবেদন জমা দেওয়া হয়েছে। এই দ্রুত সংঘটিত ঘটনাগুলোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণকে অস্বাভাবিকভাবে বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
ফ্রান্স অ্যাস্যুরার্সের প্রেসিডেন্ট ফ্লোরেন্স লুস্তমান এক বিবৃতিতে জানান, মাত্র দুই দিনের সহিংসতায় বিমা খাতে ২০ কোটি ইউরোর বেশি ক্ষতি হয়েছে, যা ঘটনার স্বল্প সময়ের তুলনায় অনেক বেশি।
মোট ক্ষতির প্রায় ৯৫ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পত্তিতে হয়েছে। এর পরিমাণ আনুমানিক ১৯ কোটি ৮০ লাখ ইউরো। ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়েছে প্রায় ৩৫ লাখ ইউরো। এছাড়া যানবাহনের ক্ষতির পরিমাণ ৬০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে।
ফেডারেশনটি জানিয়েছে, বিমা খাতে এই ক্ষতির পরিমাণ ২০০৫ সালের দাঙ্গা এবং ২০১৮-২০১৯ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের সময়ের ক্ষয়ক্ষতির কাছাকাছি। উল্লেখ্য, ওই দুই আন্দোলন কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ধরে চলেছিল।
১৭ অক্টোবরের বিক্ষোভ ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবায় কাটছাঁটের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের অংশ। এই আন্দোলনে ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশগ্রহণ করে।
সূত্র: আনাদোলুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি বুধবার (১৮ নভেম্বর) ফেসবুকে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। বৃহস্পতিবার ‘গোপালগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে তার ভিডিও বার্তাটি প্রকাশিত হয়।
ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ উল্লেখ করেন, "আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন।" তিনি বলেন, "আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা।" তিনি জানান, "আমার মাটির মানুষের মধ্যে যারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের হয়ে কথা বলাই ছিল আমার লক্ষ্য।" এই লক্ষ্য নিয়ে তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে এনসিপির টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি তথা নির্বাচন পর্যন্ত ছিল।
নির্বাচন-পরবর্তী সময়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে মুতাসিম বিল্লাহ বলেন, "নির্বাচন-পরবর্তী সময়ে নানাবিধ ব্যস্ততা, চাকরি, ফ্যামিলি ও ক্যারিয়ারের ব্যস্ততায় আমি রাজনীতিতে আর সক্রিয় হতে পারিনি।" তিনি জানান, "যারা আমার ব্যাপারে খবর রেখেছেন, দেখেছেন, তারা আমার বিষয়ে অবগত রয়েছেন।"
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, "উক্ত সময়ের মধ্যে আমি যদি কাউকে আমার অজান্তে বা মনের ভুলে কোনো কাজ বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।" তিনি যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুতাসিম বিল্লাহ বলেন, "আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি।" তিনি যোগ করেন, "এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ