ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তারেক রহমানের নেতৃত্বে রাজনীতির শক্তি গণমানুষের সমর্থন: মাহদী আমিন


তারেক রহমানের নেতৃত্বে রাজনীতির শক্তি গণমানুষের সমর্থন: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়; বরং গণমানুষের সমর্থন, বিশ্বাস ও ম্যান্ডেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২০ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো এক পোস্টে মাহদী আমিন এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, গণমানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মদিন। ব্যক্তিগত পর্যায়ের বাইরে দিনটির বিশেষ জাতীয় তাৎপর্য রয়েছে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মর্যাদা এবং জনগণের অধিকার, স্বাধীনতা ও সুরক্ষার সঙ্গে তার নেতৃত্ব গভীরভাবে জড়িত।

আরও পড়ুন: জমি লিখে দেওয়ার অভিযোগে বাবার দাফনে ৪ সন্তানের বাধা

তিনি আরও বলেন, এক ঐতিহাসিক মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরায় আমরা দেখেছি মানুষের অভূতপূর্ব সমাগম, আবেগ ও মমত্ববোধ। নির্বাচনে তার নেতৃত্বে জনগণের ঐতিহাসিক বিজয় সেই ভালোবাসা ও আস্থারই গণতান্ত্রিক প্রতিফলন। এখনো দেশের যেখানেই তিনি যান, সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষ যেভাবে তাকে আপন করে নেন, তা মানুষের সঙ্গে আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ।

প্রধানমন্ত্রীর চলাফেরায় প্রচলিত ভিভিআইপি সংস্কৃতির আড়ম্বর নেই উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার বেষ্টনী ভেঙে তিনি বারবার ছুটে যান তৃণমূলে, প্রান্তিক মানুষের কথা শোনেন, তাদের সঙ্গে মিশে যান। কারণ, তার রাজনীতির মূল দর্শন হলো, রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ। জনগণের প্রেরণা ও সমর্থনই নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি। জনগণের সঙ্গে থাকা, সমস্যার সমাধান করা, দেশের স্বার্থ রক্ষা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নিশ্চিত করা তার রাজনীতির মৌলিক লক্ষ্য।

ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান মন্তব্য করে মাহদী আমিন লেখেন, ২০১১ সাল থেকে দেড় দশক ধরে তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে। খুব কাছ থেকে দেখেছি দেশের প্রতি তার অসীম ভালোবাসা, মানুষের ভাগ্য পরিবর্তনের দৃঢ় প্রত্যয় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা ও নিরলস কর্মপ্রয়াস। দেখেছি, অনিঃশেষ অপপ্রচার ও ষড়যন্ত্র, প্রতিকূলতা ও দীর্ঘ সংগ্রামের মধ্যেও তার অবিচল মনোবল, জনগণের শক্তির প্রতি আস্থা এবং দেশের জন্য কাজ করে যাওয়ার অদম্য স্পৃহা। তার এই অঙ্গীকার, নিষ্ঠা ও কর্মযজ্ঞ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।

তিনি লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপির প্রতিষ্ঠা, তার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশের আত্মপরিচয় ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম-এর সবই বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এই ইতিহাসের প্রতিটি বাঁকে রয়েছে গভীর ত্যাগ, দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার স্বাক্ষর। সেই আদর্শ, সংগ্রাম ও ঐতিহাসিক ধারাবাহিকতায়, তারেক রহমান আজ পালন করছেন বহুমাত্রিক দায়িত্ব। তার দায়িত্ব শুধু ঐতিহ্য ও আদর্শকে এগিয়ে নেওয়া নয়; বরং প্রতিটি অর্জন ও অভিজ্ঞতাকে পাথেয় করে, দেশ বিনির্মাণের পরিকল্পনা ও প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করে, একটি স্বাধীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।

আরও পড়ুন: ‘চাঁদা না পেয়ে’ ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হলো লাশ

মাহদী আমিন লেখেন, বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তার নেতৃত্ব আজ দেশকে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নিয়ে এসেছে। অসাধারণ ব্যক্তিত্ব ও সক্ষমতার অধিকারী হয়েও তারেক রহমান জীবনযাপনে অত্যন্ত সাধারণ, মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। তার কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়; বরং গণমানুষের সমর্থন, বিশ্বাস ও ম্যান্ডেট।

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তিনি লেখেন, জনগণের অভূতপূর্ব ভোটে নির্বাচিত ও গণ-আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রীকে মহান আল্লাহ সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শক্তি ও প্রজ্ঞা দান করুন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক গণতন্ত্র, সমৃদ্ধি, স্বনির্ভরতা ও বাংলাদেশি জাতীয়তাবাদের এক নতুন দিগন্তে।

শেষে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মাহদী আমিন লেখেন, শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী। আপনার প্রতিটি সাফল্যে আমরা গর্বিত। প্রতিটি ঘাত-প্রতিঘাতে, সম্ভাবনা-সাফল্যের প্রতিটি বাঁকে, আপনার সঙ্গে থাকতে চাই। আমরা আপনার পাশে আছি, থাকবো। আজ, আগামীকাল, আজীবন, ইনশাআল্লাহ।

আরও পড়ুন: ঢাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রবিবার ভারত সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রবিবার ভারত সফরে যাচ্ছেন

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : আগামী রোববার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী কোনো দেশে এটি তার প্রথম সফর হবে।

এ তথ্য জানিয়েছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুক্রবার। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।

৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি র‌্যাপার থেকে রাজনীতিতে এসেছেন, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

হিমালয় অঞ্চলের স্থলবেষ্টিত রাষ্ট্র নেপাল, যার জনসংখ্যা ৩০ মিলিয়ন বা ৩ কোটি, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শক্তিশালী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করছে।

ভারত নেপালকে দীর্ঘকাল ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি বরাবর বিস্তৃত সীমান্ত রয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের বলেছেন, ‘ভারত নেপালের একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশীদার।’

তিনি আরও জানান, দুই দেশের নেতাদের বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তারই প্রতিফলন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি ভারত থেকে আসে, যার আর্থিক মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, চীন থেকে নেপালের আমদানির পরিমাণ ১৩ শতাংশ, যার মূল্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর, বালেন্দ্র শাহ তার পূর্বসূরিদের মতো দ্রুত বিদেশ সফরে যাননি। বরং প্রথম দিকে বিদেশ সফর থেকে বিরত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে নিউইয়র্কে, যেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

সেসময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ধকল সামলাচ্ছিল। উঁচু পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় সুনামির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ৫ হাজার মানুষ নিখোঁজ হন।

বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। সরকার ধারণা করছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ব্যয় হবে।

ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের অধীনে নেপালের পররাষ্ট্রনীতিতে নতুন করে ভারসাম্য ও সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

কাঠমান্ডুভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সম্পাদক ও সাংবাদিক গুনা রাজ লুইটেল বলেন, ‘জেন-জি বিক্ষোভের পর নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের ছাড় দেয়া হবে না: পিনাক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের ছাড় দেয়া হবে না: পিনাক চৌধুরী

দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মন্তব্য করেছেন, "আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের কর্মকাণ্ড সব কিছুই জনবান্ধব। দেশ এবং দেশের জনগণের জন্য যেটা মঙ্গল আমরা সেই কাজগুলো করব।" তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নের জন্য বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। মানণীয় প্রধানমন্ত্রী শিক্ষাঙ্গনে কোন রকম বৈষম্য দেখতে চান না। এই কারণে তিনি প্রাথমিকের প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে একই রকম পোশাক, একই রকম স্কুল ব্যাগ ও একই রকম জুতা বিতরণ করার উদ্দ্যোগ নিয়েছেন। খুব শিঘ্রই ছাত্রছাত্রীদের মাঝে এগুলো বিতরণ করা হবে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ২০২৫-২০২৬ অর্থ বছরের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির নদগ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন, "আপনারা দেখছেন একটি গোষ্ঠি যারা বিগত দিনে দেশের জনগণের সম্পদ লুট করে বিদেশে বসে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।" তিনি বলেন, "তারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, প্রশাসনের স্থাপনা এবং যানবাহনে অগ্নি সন্ত্রাস ও সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। তারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ভাল চায়না।" এমপি পিনাক চৌধুরী বলেন, "যদি তারা দেশ এবং দেশের মানুষের ভাল চাইতো তাহলে এধরণের অপরাধের সাথে জরিত হতো না।" তিনি বিদেশ থেকে উস্কানি দিয়ে সারা বাংলাদেশসহ বিরল বোচাগঞ্জের শান্তি বিনষ্ট করতে চাওয়া গোষ্ঠিকে সতর্ক করে বলেন, "এধরণের অপকর্ম থেকে বিরত থাকুন, অন্যথায় অগ্নি সন্ত্রাসের মাধ্যমে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তাদের ছাড় দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেয়া হবে।"

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো, মারুফ হাসান এর সভাপতিত্বে বোচাগঞ্জ থানার ওসি এস,এম আহসান হাবিব, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক পরিচালককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক পরিচালককে হত্যা

কুমিল্লায় চাঁদা না দেওয়ার কারণে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাত (৩৬) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর পুকুর থেকে ওই পরিচালকের মৃতদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকা থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। এর আগে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং লিডার ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করেছিলেন।

নিহত রেদোয়ান হোসেন রিফাত মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পারিবারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর পুত্র।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মোবাইল ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশে একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সজিব কিশোর গ্যাং লিডার। তিনি এলাকার আতঙ্ক হয়ে উঠেছেন। এতগুলো অভিযান পরিচালিত হলেও রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করা হয় না।

নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, "চাঁদা না দেওয়ার কারণে আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার সজিব হত্যা করেছে। আমি ঘাতকের ফাঁসি চাই। আমার ছেলে কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। চাঁদা না দেওয়ার কারণে সেদিন একদফা মারধরের পর ভাবছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?"

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, "আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক সজীবকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মুসল্লিরা সুবৃহৎ প্যান্ডেলের ভিতর ও বাইরের অংশে উপস্থিত থেকে আখেরি মোনাজাতের মাধ্যমে দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ‘সুন্নাতে ভরা ইজতেমা’ শেষ করেন।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইজতেমার সমাপ্তি ঘটে লাখো মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ আদায়ের মাধ্যমে। জুমার নামাজে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রাজা আত্তারী আল মাদানী। জুমারের আগে মূল বয়ান প্রদান করেন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী।

আখেরি মোনাজাতে মুসল্লিরা রবের কাছে প্রার্থনা করে কান্নায় আবেগ তাড়িত হয়ে পড়েন এবং ‘আমিন আমিন ধ্বনি’-তে ইজতেমা ময়দানে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। মোনাজাতে ইসলামের জীবন বিধান মেনে সারা বিশ্বে নেকির দাওয়াত পৌঁছানোর জন্য মহান রবের সাহায্য কামনা করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি, বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দা’ওয়াতে ইসলামী সারা বিশ্বের নিগরান আল্লামা ইমরান আত্তারী।

শেষ দিন শুক্রবার সকাল থেকে জুমার নামাজের পূর্ব পর্যন্ত দা’ওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে বয়ান করেন। এর মধ্যে ইসলামী শরীয়তের বিধি-বিধান, মা-বাবার প্রতি সন্তানের হক, আল্লাহর ভয়, জুলুম-অত্যাচারের পরিণতি, নামাজের গুরুত্ব ও বেনামাজির ভয়াবহ পরিণতি, ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন-হাদিসের আলোকে জীবন গড়া, মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতি ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল। শেষ দিনের ইজতেমায় ধারাবাহিকভাবে এসব বিষয় তুলে ধরে বয়ান করেন দা’ওয়াতে ইসলামী মুবাল্লিগ কাওসার আত্তারী। বয়ানের ফাঁকে ফাঁকে হামদ ও নাতের পরিবেশনা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বয়ানে মুবাল্লিগগণ আল্লাহ পাকের নির্দেশিত পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণেই মানবতার মুক্তির সনদ নিহিত। প্রিয় হাবিবের প্রতি সর্বোচ্চ ভালোবাসা ইমানের পূর্বশর্ত উল্লেখ করে তারা বলেন, ‘আল্লাহপাক ও তার প্রিয় রাসুলের সৃষ্টির জন্যই হতে হবে আমাদের নিয়ত, চিন্তাভাবনা, কর্মকাণ্ড সবকিছুই।’ এছাড়া শরীয়ত অনুযায়ী যথাযথভাবে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে তারা বলেন, আল্লাহ পাক ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতে বলেছেন ঠিক সেভাবেই নামাজ পড়তে হবে।

দা’ওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহর রহমতে সুন্দরভাবে তিন দিনের সুন্নাতেভরা ইজতেমা শেষ হয়েছে। আয়োজনে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর মাশায়েখ ও আশেকে রাসুলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বয়ানগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই সার্থকতা এবং প্রত্যেকের কাছে ইসলামের নেকির দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর শুরু হয় তিন দিনের এই ইজতেমা। সারা দেশ থেকে লাখো আশেকানে রাসুল (সা.)-এর যোগদানের মাধ্যমে মাদানী পরিবেশ সৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল অবস্থায়ও তিন দিন তিন রাত অবস্থানকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক সুচিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প রাখা হয়েছিল এবং দা’ওয়াতে ইসলামী স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা দিনরাত নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

এদিকে, ইজতেমার আখেরি মোনাজাতের পরপরই নেকির দাওয়াত পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে ৩ দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬০ দিনের সফরে সংগঠনটির ১১২টি টিম মাদানী কাফেলা যাত্রা শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%