০৫:০৮ পি.এম
বলিউড অভিনেতা ইমরান খানের সাবেক স্ত্রী অবন্তিকা মালিক দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টানার বিষয়ে কিছু আবেগঘন তথ্য প্রকাশ করেছেন।
সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে তিনি বিচ্ছেদের পর প্রথমবারের মতো কথা বলেছেন। অবন্তিকা মালিক জানিয়েছেন, বিচ্ছেদে যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে ইমরান খানের ছিল। তিনি নিজে কখনো এ সম্পর্ক ভাঙতে চাননি বলে উল্লেখ করেন সাবেক ইমরানপত্নী।
তিনি বলেন, "সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার কথা প্রথমে ইমরানই তুলেছিলেন। সিদ্ধান্তটি আসলে ওরই ছিল। আমি নিজে কখনো এমনটি করতাম না। হয়তো নিজের ক্ষতি করে হলেও আমি সম্পর্কটা টিকিয়ে রাখতাম, কিন্তু বিচ্ছেদটা ওরই সিদ্ধান্ত ছিল।"
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক
অবন্তিকা সম্পর্ক বাঁচানোর চেষ্টা সম্পর্কে বলেন, তারা দুজনেই সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। কিন্তু বারবার সমস্যাগুলো মিটিয়ে একসঙ্গে চলার চেষ্টা করলেও ২০১৯ সালে তারা আলাদা হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
এ বিচ্ছেদকে জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে বর্ণনা করে অবন্তিকা আরও বলেন, "প্রাথমিকভাবে আলাদা হওয়াটা একটা মৃত্যুর মতো অনুভূতি ছিল। আপনি আপনার জীবনকে যেভাবে ভেবে ছিলেন, যে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, তা চিরতরে শেষ হয়ে যাওয়া এবং জীবনের সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্কটি হারিয়ে ফেলা মোটেও সহজ ছিল না।"
উল্লেখ্য, ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ‘ইমারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে বৈবাহিক সম্পর্ক না থাকলেও মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তারা দুজনে মিলে যৌথভাবে তাকে বড় করে তুলছেন। তবে বিচ্ছেদে কিছুটা হতাশ হলেও তাদের এক সঙ্গে কাটানো সময়টাকে সফল বলেই মনে করেন অবন্তিকা।
আরও পড়ুন: ‘আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে’: নওয়াজউদ্দিন সিদ্দিকী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন