১২:০৯ পি.এম
ফেনী, ২৩ জুন, ২০২৬ : ফেনী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে শহর সমন্বয় কমিটির সভায় ৫শ’ ৪৬ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ দিদারুল আলম সভায় সভাপতিত্ব করেন।
বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন ছাড়াও পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, পৌর ঠিকাদার সমিতির সভাপতি সাইফুল হক, নারী নেত্রী জয়নব বানু, আকলিমা আক্তার স্বপ্না, শামিমা আক্তার ও ক্যামেলিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ঘন কুয়াশায় বন্ধ
সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ নজমুদ্দিন আহম্মদ।
প্রস্তাবিত বাজেটে আয়ের খাতে টেক্স থেকে ৪৬ কোটি ৪৮ লাখ টাকা, রেইট ৯ কোটি ৩২ লাখ টাকা, সম্পত্তি হতে ৯ কোটি ৬৫ লাখ টাকা, ইজারা হতে ৩ কোটি টাকা, সরকারি অনুদান ৩৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, বিশেষ প্রকল্প বাবত ৪শ’ ২৫ কোটি টাকা ধরা হয়েছে।
ব্যয়ের খাতে অবকাঠামো উন্নয়ন ৪শ’ ৯৬ কোটি ৫৫ লাখ টাকা, সাধারণ সংস্থাপন ১৯ কোটি ৬২ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ৭ কোটি ৬২ লাখ টাকা, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতি ৩ কোটি ৩ লাখ টাকা ধরা হয়েছে।
সভায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়াতে নানাবিধ আলোচনা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টাফ বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, তদন্ত শুরু
এছাড়া দ্রুত সময়ের মধ্যে রাজাঝির দীঘির পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দীঘির সৌন্দর্য্য বর্ধন, বিজয় সিংহ দীঘির পাড়ে সৌন্দর্য্য বর্ধনে প্রকল্প গ্রহণ এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য জোর দাবী জানানো হয়।
এদিকে বহুতল ভবনের বেইজমেন্টে স্থাপিত অন্তত ২০টি দোকানের উচ্ছেদের প্রাথমিক প্রক্রিয়া হিসাবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন