মো: নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৭:০৮ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে খয়ের উদ্দিন মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে সেখানে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন। প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু।এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিশির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মোজাম বিভিন্ন সময়ে দিলীপ কুমার মাঝির স্ত্রীর প্রতি কুপ্রস্তাব দিতেন। দিলীপ কুমার ও তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
এরপর ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মোজাম ও তার এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দিলীপ ঘরে ফিরে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৬ জন হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৮ জন। একই সময়ে, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮ জন। এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ, ২৬ অক্টোবর ২০২৬ : বদলগাছী উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের (দফাদার ও মহল্লাদার) মধ্যে নতুন সাইকেল বিতরণ করা হয়েছে, যা ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি বরাদ্দের আওতায় অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। তিনি এই বাইসাইকেলগুলো বিতরণ করেন।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি'র সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, এবং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান।
এই অনুষ্ঠানে বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যকে একটি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২৬ : পাকুন্দিয়া উপজেলায় আজ ৭.২ কিলোমিটার দীর্ঘ পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কাজের জন্য ১২ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন।
এ উপলক্ষে পাকুন্দিয়া মডেল মসজিদ সংলগ্ন এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন।
সভায় সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন উল্লেখ করেন, পাকুন্দিয়া উচ্চবিদ্যালয়ের কর্নার থেকে আদর্শপাড়া-পুলেরঘাট পর্যন্ত সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের প্রকল্প অনুমোদন পেয়েছে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন যে, নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী মানসম্মতভাবে কাজ শেষ করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে একাধিকবার সড়কটির রক্ষণাবেক্ষণ করা হলেও কিছুদিনের মধ্যেই বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সেতুর সংযোগস্থলে বারবার সমস্যা দেখা দিয়েছে। এবার কাজের গুণগত মান নিশ্চিত করে সড়কটি টেকসই করতে হবে। কাজ চলাকালে কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ চোখে পড়লে সংশ্লিষ্ট প্রকৌশলী কিংবা তাকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এ অনুষ্ঠানে পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জজ সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, আবদুস সাত্তার, কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দশরথ চন্দ্র দে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, সড়কটির ৭.২ কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণে সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে আগামী চার বছর সড়কটি ভালো অবস্থায় রাখা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ