০৯:৩৫ এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক মাদক কারবারির বাড়ি থেকে পুলিশ ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐ ব্যক্তির ছেলে আটক করা হয়েছে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে অভিযানটি চালানো হয়।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষক এবং মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ থাকা মো. বাদশা মিয়ার (৫০) বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার হয়।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধারের উদ্যোগ নেয়া হয়। এ সময় বাদশা মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার বাড়িতে থাকা ছেলে ফারুককে (২০) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মদক কারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং এই ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন