০৪:৩৯ পি.এম
একটি সাধারণ টেডি বেয়ার হিসেবে দেখা যায়, যে মধু খেতে ভালোবাসে। এর নাম উইনি-দ্য-পুহ। শিশুদের কাছে পরিচিত এই চরিত্রটি এক শতাব্দী ধরে পাঠক ও দর্শকদের মনে বিশেষ স্থান অধিকার করে আছে। ১০০ বছর আগে এ এ মিলনে বইটি রচনা করেছিলেন। সময়ের সাথে সাথে চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ এবং বিভিন্ন বিনোদন আয়োজনের মাধ্যমে এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে এত বছর পরেও কেন এই মধুপ্রেমী ভালুক শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবার কাছে এত প্রিয়, তার পেছনে রয়েছে বন্ধুত্ব, সরলতা ও শৈশবের স্মৃতির গল্প।
উইনি-দ্য-পুহ নামটি সবার কাছে পরিচিত হলেও চরিত্রটির আসল নাম ছিল এডওয়ার্ড বেয়ার। লেখকের ছেলে ক্রিস্টোফার রবিনের একটি টেডি বেয়ারের নাম ছিল এটি। পরবর্তীতে লন্ডন চিড়িয়াখানার ‘উইনি’ নামের একটি ভালুক এবং তার নিজের নাম দেওয়া ‘পুহ’ নামের একটি রাজহাঁসের নাম মিলিয়ে খেলনাটির নাম রাখা হয় উইনি-দ্য-পুহ।
১৯২৬ সালে প্রকাশিত বইটির শুরুতেই বাবা ও ছেলের কথোপকথনের মাধ্যমে পুহের পরিচয় তুলে ধরা হয়। বইটিতে ক্রিস্টোফার রবিন তার খেলনা ভালুককে নতুন নামে পরিচয় করিয়ে দেয় এবং বাবার কাছে তাকে নিয়ে গল্প শোনার আবদার করে।
আরও পড়ুন: অভিনয়ের স্বপ্ন পূরণে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন দীপিকা
এর আগে ১৯২৪ সালে মিলনের কবিতার বই ‘হোয়েন উই ওয়্যার ভেরি ইয়ং’-এ এডওয়ার্ড বেয়ারের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে ১৯২৭ সালে ‘নাউ উই আর সিক্স’ এবং ১৯২৮ সালে ‘দ্য হাউস অ্যাট পুহ কর্নার’ প্রকাশিত হয়। এসব বইয়ে পুহ ও ক্রিস্টোফার রবিনের পাশাপাশি টিগারের মতো নতুন চরিত্রও যুক্ত হয়।
প্রথম বই প্রকাশের পরই ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে উইনি-দ্য-পুহ। পরে ১৯৬১ সালে বইগুলোর চলচ্চিত্র নির্মাণের স্বত্ব পায় ওয়াল্ট ডিজনি কোম্পানি। ১৯৬৬ সালে মুক্তি পায় ‘উইনি দ্য পুহ অ্যান্ড দ্য হানি ট্রি’। এটি ছিল পুহকে নিয়ে ডিজনির প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র।
এরপর আরো কয়েকটি অ্যানিমেটেড চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ তৈরি হয়। ১৯৭৭ সালে পুহকে নিয়ে মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য মেনি অ্যাডভেঞ্চারস অব উইনি দ্য পুহ’। ১৯৮৮ সালে শুরু হয় ‘দ্য নিউ অ্যাডভেঞ্চারস অব উইনি দ্য পুহ’ টেলিভিশন সিরিজ। পরবর্তী সময়ে নতুন নতুন চলচ্চিত্র ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে চরিত্রটি পরিচিতি পায় আরো অনেক প্রজন্মের কাছে।
তবে পুহের জনপ্রিয়তার কারণ শুধু চলচ্চিত্র বা বিনোদন আয়োজন নয়। চরিত্রটির সরলতা, মধুর প্রতি ভালোবাসা এবং বন্ধুদের সঙ্গে তার সম্পর্কও পাঠক-দর্শকদের আকৃষ্ট করে। পুহ ও তার বন্ধুদের গল্পে বন্ধুত্ব, আনুগত্য, সাহস এবং একে অপরের পাশে থাকার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অনেক প্রাপ্তবয়স্কের কাছে এই চরিত্র শৈশবের সহজ ও আনন্দময় সময়ের স্মৃতি ফিরিয়ে আনে।
আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে
পুহের জনপ্রিয়তার পেছনে সময়ের প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের পর বইটি প্রকাশিত হয়েছিল। লেখক এ. এ. মিলনে নিজেও যুদ্ধে অংশ নিয়েছিলেন। ওরচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিশুসাহিত্যের অধ্যাপক জিন ওয়েবের মতে, যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা মিলনের লেখায় প্রভাব ফেলেছিল। যুদ্ধ থেকে ফিরে তিনি একটি নিরাপদ ও শান্ত কল্পনার জগৎ তৈরি করতে চেয়েছিলেন। পুহের গল্পে সেই ভাবনার প্রতিফলন দেখা যায়।
গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পিগলেট। আকারে ছোট হওয়ায় সে প্রায়ই ভয় পায় ও উদ্বিগ্ন থাকে। তবে বিপদের সময় সাহস দেখাতে পিছপা হয় না। ‘দ্য হাউস অ্যাট পুহ কর্নার’ বইয়ে ঝোড়ো বাতাসে আউলের বাড়ি ভেঙে পড়লে পুহ, আউল ও পিগলেট সেখানে আটকা পড়ে। তখন ভয় কাটিয়ে সাহায্য আনতে বেরিয়ে যায় পিগলেট। এমন গল্প শিশুদের নিজেদের ভয় ও উদ্বেগ মোকাবিলায় উৎসাহিত করতে পারে।
দীর্ঘদিন শিশুতোষ চরিত্র হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে পুহকে নিয়ে ভিন্নধর্মী কাজও তৈরি হয়েছে। ২০২২ সালে মিলনের ১৯২৬ সালের বইটি যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে আসে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় স্বাধীন হরর সিনেমা ‘উইনি-দ্য-পুহ: ব্লাড অ্যান্ড হানি’। এতে পুহ ও পিগলেটকে ভয়ংকর খুনির চরিত্রে দেখানো হয়। এ ছাড়া পুহকে নিয়ে তৈরি হয়েছে ভৌতিক ভিডিও গেমও।
তবে পুহের এমন ভিন্ন উপস্থাপন অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। কারণ, দীর্ঘদিন ধরে চরিত্রটি নিষ্পাপ শৈশব, বন্ধুত্ব ও সরলতার প্রতীক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’: আইন ও এর মৌলিক ধারণা
‘দ্য মেনি অ্যাডভেঞ্চারস অব উইনি দ্য পুহ’ চলচ্চিত্রে ক্রিস্টোফার রবিন একসময় পুহকে জিজ্ঞেস করে, তার বয়স ১০০ বছর হলেও পুহ তাকে মনে রাখবে কি না। পুহ তাকে কখনো ভুলবে না বলে প্রতিশ্রুতি দেয়।
প্রকাশের এক শতাব্দী পরেও পাঠকেরা ক্রিস্টোফার রবিন ও তার বন্ধু পুহকে ভোলেননি। বরং নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয়তা ধরে রেখেছে মধুপ্রেমী এই টেডি বেয়ার। বন্ধুত্ব, সাহস ও শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই চরিত্রের আবেদনই হয়তো তার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন