১০:৩৩ পি.এম
ভারতের আসাম রাজ্যের ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় ঘরবাড়ি হারানো বেশ কিছু বাঙালি মুসলিম পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত জমিতে দীর্ঘকাল বসবাস করে আসছিল। কিন্তু সম্প্রতি, প্রশাসন তাদের ঘরবাড়ি এবং একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে।
শুক্রবার আসামের লখিমপুর জেলার বগীনদী পিজিআর এলাকায় উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে বহু পরিবার আবারও গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, প্রশাসন কেবল মুসলিম বসতিগুলোকে লক্ষ্যবস্তু করেছে, অথচ একই এলাকার অন্য সম্প্রদায়ের দখলে থাকা জমিতে অভিযান চালানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে জেলা প্রশাসন বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করে। বগীনদী সাপ্তাহিক বাজার এবং বগীনদী থানার কাছে মুসলিম ক্যাম্প এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার
১৯৮৩ সালে আসাম আন্দোলনের সময় ভীমপোরা-বোধাকোরায় সহিংসতার শিকার হয়ে বাস্তুচ্যুত হয়েছিল এসব পরিবারের সদস্যরা। সে সময় একটি উচ্ছৃঙ্খল জনতা ভীমপোরা গ্রামে হামলা চালায় এবং ভাঙচুর করে। ফলে বেশ কয়েকটি বাঙালি মুসলিম পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় মিসিং সম্প্রদায়ের মানুষের সঙ্গে ভাগচাষি হিসেবে কাজ করতেন।
বাস্তুচ্যুত পরিবারগুলো প্রথমে বগীনদী থানায় আশ্রয় নেয় এবং পরে একটি সাপ্তাহিক বাজারে অস্থায়ীভাবে রাখা হয়। পরবর্তীতে জেলা প্রশাসন বগীনদী পিজিআর এলাকায় তাদের বসবাসের জন্য জমি বরাদ্দ দেয়। ১৯৮৩ সালের জুনে সেখানে বসবাসকারী পরিবারগুলোকে পরিচয়পত্রও দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ২৫টি পরিবার চার দশকের বেশি সময় ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। সরকারি নথিতে এলাকাটিকে ‘রিফিউজি ক্যাম্প’, ‘মুসলিম ক্যাম্প’ ও ‘মিয়াঁ ক্যাম্প’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এখানে শুধু বসতবাড়ি নয়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে। ২০০৮ সালে এলাকায় প্রতিষ্ঠিত হয় বগীনদী পিজিআর এলপি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচির (আইসিডিএস) আওতাধীন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে। ‘বগীনদী পিজিআর মুসলিম সেন্টার’ নামে পরিচিত ওই কেন্দ্রটিও সরকারি কার্যক্রমের অংশ।
আরও পড়ুন: লাহোরে বায়ুদূষণ রোধে মাঠে পাকিস্তানের বিশেষ বাহিনী
এছাড়া জল জীবন মিশনের আওতায় সেখানে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ সংযোগও রয়েছে বসতিগুলোতে।
উচ্ছেদ অভিযানে মুসলিম ক্যাম্প এলাকার একটি মসজিদও ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দেখানো নথি অনুযায়ী, মসজিদ ও কবরস্থানের জন্য ১৯৯২ সালেই ওই জমি বরাদ্দ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৯৯২ সালের ২৫ সেপ্টেম্বর জারি করা ৭০৪ নম্বর চিঠিতে বগীনদী এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং করপোরেশনের বিশেষ কর্মকর্তা ও সচিব-কাম-ব্যবস্থাপক মসজিদ ও কবরস্থান নির্মাণের জন্য পিজিআর এলাকার ৫ নম্বর প্লটের ৪ বিঘা ২ কাঠা ১০ লেচা জমি মুসলিম সম্প্রদায়ের ব্যবহারের জন্য বরাদ্দ দেন। তবে দীর্ঘদিন ধরে বসবাস এবং সরকারি বরাদ্দের এসব নথি থাকার পরও কেন পরিবারগুলোকে উচ্ছেদ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, পিজিআর এলাকার আশপাশে অন্য সম্প্রদায়ের লোকজনও বসবাস করছেন এবং বিভিন্ন জায়গা দখলে রয়েছে। কিন্তু উচ্ছেদ অভিযানে সেসব এলাকা বাদ দিয়ে মুসলিম বসতিগুলোতেই অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলার ঘটনা
‘ঘর ভাঙার আগে আমাদের মেরে ফেলুন’
উচ্ছেদ অভিযানের সময় কান্নায় ভেঙে পড়েন অনেক নারী। কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। কয়েকজন নারী প্রশাসনের কর্মকর্তাদের কাছে আকুতি জানিয়ে বলেন, তাদের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেয়ে যেন মেরে ফেলা হয়।
বাসিন্দাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন, যিনি ১৯৮৩ সালের সহিংসতার সময় তিরের আঘাতে আহত হয়েছিলেন। এখনো তার উরুর পেছনে সেই আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। চার দশক আগে সহিংসতায় বাস্তুচ্যুত হওয়ার পর এবার সরকারি উচ্ছেদ অভিযানে আবারও ঘর হারাতে হলো তাকে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাজ্য সরকারের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, চার দশক আগে প্রশাসনই তাদের এই এলাকায় বসবাসের ব্যবস্থা করেছিল। তাই উচ্ছেদের আগে তাদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতির ইতিহাস এবং সরকারি পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। প্রতিবেদন অনুযায়ী, বগীনদী পিজিআর এলাকায় প্রায় ৩২০ হেক্টর জমি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী
আসামে ধারাবাহিক উচ্ছেদ অভিযান নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
লখিমপুরের এই অভিযান আসামে সাম্প্রতিক সময়ে চলমান একাধিক উচ্ছেদ অভিযানের অংশ। এর আগে নগাঁও, হোজাই, গোলাঘাট ও ধুবড়ি জেলাতেও এ ধরনের অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বড় অংশই বাংলাভাষী মুসলিম।
এসব অভিযানে আসাম সরকারের বিরুদ্ধে বেছে বেছে মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ এবং তাদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠেছে।
দীপাবলির আগে লখিমপুরে একটি উচ্ছেদ অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ভিডিওটির সঙ্গে তিনি ‘ঘর কি সাফাই’ (ঘর পরিষ্কার) মন্তব্য করেন।
আরও পড়ুন: নিউইয়র্কের গভর্নর পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন
এর আগে ধুবড়িতে উচ্ছেদ অভিযানে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছিলেন, ‘আরো অভিযান হবে। আমাদের জমির প্রতিটি ইঞ্চি পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না।’
মুখ্যমন্ত্রীর এসব মন্তব্য নিয়েও সমালোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এগুলোকে বিদ্বেষমূলক ও গণহত্যামূলক বক্তব্যের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে মুসলিম পরিবারগুলোর ঘরবাড়ি ধ্বংসের ঘটনাকে উদ্যাপনের ভাষা হিসেবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন তারা।
সূত্র: ডন
এআরবি
আরও পড়ুন: আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন