০৭:৫৯ পি.এম
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গোপালগঞ্জ কেন্দ্রিক সাম্প্রতিক অস্থিরতা, আওয়ামী লীগের মনস্তত্ত্ব এবং ফ্যাসিবাদ মোকাবিলায় সরকারের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বিশ্লেষণে দাবি করেছেন যে, ডিসেম্বরের পরে গোপালগঞ্জের নেতাকর্মীরা যখন দেখবে তাদের নেত্রী শেখ হাসিনা বা শেখ পরিবারের কেউ দেশে ফিরছে না এবং কোনো পাসপোর্ট নাটকই কাজে আসছে না, তখন সেখানে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি বাড়বে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “গোপালগঞ্জের একমাত্র ঐতিহাসিক জায়গা হচ্ছে— এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে দুইজন শাসকের জন্ম দিয়েছে। বাংলাদেশের দুই ফ্যাসিস্ট শাসক শেখ মুজিব এবং শেখ হাসিনার জন্ম হয়েছে এখানে। অতএব, আওয়ামী লীগের কাছে এটি একটি ‘মক্কা’ টাইপের জিনিস, অথবা বামপন্থীদের কাছে মস্কো যেরকম অত্যন্ত পবিত্র একটি জায়গা, সেরকম একটি জায়গার মতো। ‘আওয়ামী ধর্মের’ অনুসারীদের জন্য গোপালগঞ্জ হচ্ছে তাদের একটি তীর্থভূমি। ওখানে তাদের ধর্মের যে নবী আছেন, সেই নবীকে দাফন করা হয়েছে; আবার তাদের ধর্মের যে ‘কাদিয়ানী নবী’ ও সর্বশেষ নবী— এই শেখ হাসিনাও ওখানে জন্মেছেন। এই দুই ফ্যাসিস্টের কারণে আওয়ামী ধর্মের অনুসারীদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা; কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গার কথা চিন্তা করলে আসলে গোপালগঞ্জের কোনো ভ্যালু আছে কি না (তা ভেবে দেখতে হবে)।”
ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শহীদ ওসমান হাদির বক্তব্যের সূত্র ধরে ব্যারিস্টার ফুয়াদ গোপালগঞ্জ জেলাকে ভেঙে এর উপজেলা ও ইউনিয়নগুলোকে পার্শ্ববর্তী জেলাগুলোর (নড়াইল, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল বা মুন্সিগঞ্জ) সঙ্গে যুক্ত করে প্রশাসনিকভাবে বিকেন্দ্রীকরণের জোরালো দাবি জানান। তিনি উল্লেখ করেন, হিটলার ও ফ্যাসিস্টদের পতনের পর ইউরোপে যেভাবে তাদের স্মৃতিচিহ্ন ও নাম নিশানা মুছে ফেলা হয়েছিল, সেই ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, গোপালগঞ্জ নামক কোনো ঐতিহাসিক জায়গার অস্তিত্ব রাখা উচিত নয়।
আরও পড়ুন: সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা ও র্যালি
আওয়ামী লীগের নেতাকর্মীদের মানসিকতাকে ‘সাইকোপ্যাথিক’ ও ‘স্যাডিস্ট’ হিসেবে আখ্যায়িত করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ইউরোপে যেভাবে হলোকাস্ট ডিনায়েল অ্যাক্ট করা হয়েছিল, সেভাবে বাংলাদেশেও আওয়ামী লীগের সকল প্রতীক, স্লোগান ও রাজনীতি নিষিদ্ধ করার জন্য বিশেষ আইন করা জরুরি। তিনি সাঈদ খোকন ও মির্জা আনোয়ারের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে ২০০৪ সালের বিআরটিসি বাসে গানপাউডার দিয়ে মানুষ হত্যার মামলার মতো গুরুতর অপরাধে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
বিশ্বের স্বৈরশাসক ও তার দোসরদের পরিণতির দৃষ্টান্ত টেনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “গোপালগঞ্জ নামক কোনো ঐতিহাসিক জায়গা থাকবে না। অতএব আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই ধরনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বলশেভিক রেভলিউশনের পরে, নাৎসি ও ফ্যাসিস্টদের পতনের পরে, হিটলার ও মুসোলিনির ফাঁসি হওয়ার পরে অথবা স্পেনে ফ্রাঙ্কোর পতনের পরে রাস্তার নাম পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। যেখানে যেখানে ফ্যাসিবাদের দোসরদের নামে রাস্তাঘাট, এলাকা, চত্বর বা মল ছিল, সেগুলো পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
“২০১৫-১৬ সালের দিকে আমরা দেখেছি, অস্ট্রিয়ায় হিটলারের একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেখানে তিনি বিশ্রাম নিতেন এবং নব্য ফ্যাসিবাদীরা সেখানে যেতেন—তাদের একটি তীর্থভূমিতে পরিণত হয়েছিল সেটি। পরে অস্ট্রিয়ার সরকার পুরো স্থাপনাটি বুলডোজার দিয়ে ধ্বংস করে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে,” বলেন তিনি।
ফ্যাসিবাদের যে মনস্তাত্ত্বিক প্রভাব আছে এবং বাংলাদেশে এখনো ‘ডি-আওয়ামীলাইজেশন’ করা হয়নি মন্তব্য করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “ফ্যাসিবাদমুক্ত করার এই প্রক্রিয়াটি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দেখেছি। কারণ চিন্তা ও মনস্তত্ত্ব থেকে মানুষকে ‘আনলার্ন’ এবং ‘ডিলার্ন’ করিয়ে আবার একটি সুস্থ মানুষে পরিণত করতে হয়। আওয়ামী লীগের লোকদের সঙ্গে যারা মিশেছেন বা যাদের চেনেন, তাদের কাছে এদের ‘হিব্রিস সিনড্রোম’, ‘সাইকোপ্যাথিক সিনড্রোম’, ‘স্যাডিস্ট’ বা চরম মানসিক অসুস্থতায় আক্রান্ত মনে হবে। এরা যুক্তিতর্কের ধার ধারে না; গলা ফাটিয়ে চিৎকার-চেঁচামেচি করে সকল যুক্তিতর্ককে নস্যাৎ করার চেষ্টা করে।”
আরও পড়ুন: গোপালগঞ্জে হামলা: এমপি নাজিবুর রহমানের প্রশাসনের ফ্যাসিবাদী অনুসারীদের শাস্তির দাবি
“সত্য-মিথ্যা মিশিয়ে কল্পিত গল্প ও বানোয়াট প্রপাগান্ডা আওয়ামী লীগের লোকজন দেশে-বিদেশে বসে ছড়াচ্ছে। অতএব আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবিলা করতে হলে একটি আইন করা খুব জরুরি হয়ে পড়েছে। ইউরোপে যেভাবে ‘হলোকস্ট ডিনায়াল অ্যাক্ট’ করা হয়েছিল, ঠিক সেভাবে আওয়ামী লীগ সংক্রান্ত সকল প্রতীক, চিহ্ন, জামাকাপড়, স্লোগান, শব্দ ও ভাষা নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে একটি ‘কমিউনিটি কাল্ট’ বা ধর্মের মতো করে দেখে যদি আইনিভাবে মোকাবিলা করা না যায়, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা খুব জটিল হয়ে যাবে। কারণ এই গোষ্ঠীর মূল কেন্দ্র তো দিল্লিতে—ভারত ও শেখ হাসিনা মিলেই আজকের এই অরাজকতা ও অস্থিরতা তৈরি করছে।”
বক্তব্যের শেষাংশে শেখ হাসিনার দেশে ফেরা বা ডিসেম্বরে রাজনৈতিক পরিবর্তনের সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত কড়া ভাষায় বলেন, “ডিসেম্বরের পরে আপনারা দেখবেন বাংলাদেশে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটবে গোপালগঞ্জে। কারণ তারা দেখবে তাদের ককটেল ফুটেছে কিন্তু নেত্রী আসে নাই, থানা পড়ায়া দিছে, নেত্রী পাসপোর্ট পায় নাই, শেখ পরিবারের কোন সদস্য লাশ হয়েও বাংলাদেশে আসবে না।”
তিনি আরও যোগ করেন যে, শেখ হাসিনার যদি সত্যিই ফাঁসির মঞ্চে আসার সাহস থাকে, তবে তিনি যেন হ্যান্ডকাফ পরে আদালতের মুখোমুখি হন। দেশবাসীকে কোনো গুজবে কান না দিয়ে স্বাভাবিক জীবনযাপন করার এবং চারপাশে যেকোনো ধরনের ‘আওয়ামীপনা’ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি।
আরও পড়ুন: বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন, আমরা ভালো থাকব: নারী উদ্যোক্তা সাথী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন