ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও ঠেলাঠেলি


আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও ঠেলাঠেলি

পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি ব্লেম গেম শুরু হয়েছে। একে অপরের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ দলটির সঙ্গে গোপন সমঝোতা ও সখ্যের অভিযোগ তোলা হচ্ছে।

সরকারি দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিরোধী দলই আওয়ামী লীগকে পেছন থেকে উসকানি দিচ্ছে, যার ফলে দেশ অস্থিতিশীল হচ্ছে। তাদের অভিযোগ, শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে, বিরোধী দলের অভিযোগ, আওয়ামী লীগকে ব্যবহার করে তাদের রাজনৈতিকভাবে চাপে রাখতে চাচ্ছে সরকারি দল। বিরোধী মত দমনে পরিকল্পিতভাবে ‘আওয়ামী জুজু’র ভয় দেখানো হচ্ছে। যদিও এ বিষয়ে কোনো অকাট্য প্রমাণ প্রকাশ্যে আসেনি, তবে সরকারপ্রধান জানিয়েছেন, তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে।

দীর্ঘ দেড় দশক স্বৈরাচারী শাসনে নিষ্পেষিত রাজপথের দুই পুরোনো সহযাত্রী বিএনপি ও জামায়াতে ইসলামী বর্তমানে একে অপরকে ঘায়েল করতে আওয়ামী লীগ কার্ড ব্যবহার করছে। এতে প্রশ্ন উঠেছেÑ সত্যিই কি কেউ নিষিদ্ধ বা বিতাড়িত শক্তির সঙ্গে সমঝোতা করছে, নাকি প্রতিপক্ষকে রাজনৈতিক ও সামাজিকভাবে দেউলিয়া করতে নতুন এই অস্ত্রের ব্যবহার হচ্ছে।

আরও পড়ুন: পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা চিরস্মরণীয়: ওয়াদুদ ভূঁইয়া

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি সরকার ও বিরোধী দল একে অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি অব্যাহত রাখে, তবে বিতাড়িত রাজনৈতিক দলই লাভবান হবে। তাই দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে উভয়পক্ষের উচিত পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

বিএনপি সরকার গঠনের পরপরই প্রধান বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সরকারকে সহযোগিতার আশ্বাস দিলেও জুলাই সনদ নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন শুরু হয়। জুলাই সনদের পাশাপাশি জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। সরকারের মেয়াদ সাত মাস না যেতেই বিরোধী দল লংমার্চ, বিভাগীয় সমাবেশসহ সরকারবিরোধী নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচি থেকে সরকার পতনের হুমকি পর্যন্ত এসেছে।

সম্প্রতি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে আর সহযোগিতা করা হবে না বলেও ঘোষণা দিয়েছেন। বিরোধী দলের আন্দোলন-কর্মসূচির পাশাপাশি রাজধানী এবং এর আশপাশে শ্রমিক আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। বকেয়া বেতন ও বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তারা প্রায়ই রাজপথে নামছে। সরকারি দলের অভিযোগ, এসব কর্মসূচি পালিত হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলতে। এর পেছনে বিরোধী দলের ইন্ধন এবং সম্পৃক্ততার অভিযোগও তোলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আন্দোলন চাঙা করতে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল আঁতাত করছে বলে দাবি করা হচ্ছে।

অপরদিকে বিরোধী দলের অভিযোগ, তাদের কোণঠাসা করতে সরকারি দলের লোকজনই আওয়ামী লীগকে ব্যবহার করছে। বিএনপি ও আওয়ামী লীগ একজোট হয়ে বিরোধী দলকে দমনের চেষ্টা করছে।

আরও পড়ুন: রুহুল কবির রিজভী: বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন করছে সাম্রাজ্যবাদী শক্তি

তবে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ‘সম্পর্ক তৈরির’ অভিযোগ এর আগেও উঠেছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অভিযোগটি দুই দলের বিরুদ্ধেই ছিল। নির্বাচনি বৈতরণী পার হতে উভয় দলই তখন আওয়ামী লীগকে ‘কাছে টানার’ চেষ্টা করেছিল বলে খবর প্রকাশিত হয়। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয়সহ তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সুরক্ষা দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটক দলটির নেতাকর্মীদের ছাড়াতে তদবির করার তথ্য পাওয়া যায়। প্রার্থীদের নির্বাচনি জনসভায়ও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের বক্তব্য দিতে দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা গেছে।

নির্বাচনের আগে বিরোধী দলের তুলনায় বর্তমান ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সখ্য বেশি দেখা গেছে। এর ফলস্বরূপ নির্বাচনের পরপরই দেশের কয়েকটি স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার খবর পাওয়া যায়। কিছু ক্ষেত্রে স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটে। যদিও পরে বিএনপির কিছু নেতাকর্মী ও জুলাই বিপ্লবীরা ওই সব কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করে দেন। বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের কারাবন্দি বেশকিছু নেতাকর্মী জামিনে মুক্তও হন। আত্মগোপনে থাকা নেতাকর্মীদের কেউ কেউ এ সময়ে আত্মপ্রকাশ করতে শুরু করেন।

ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার তথাকথিত দেশে ফেরার ঘোষণার পর দেশে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, কথিত লকডাউন পালন, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিষয়টি আবার সামনে এসেছে। হাসিনার দেশে ফেরার ঘোষণার পরপরই সরকার কঠোর অবস্থান নিয়েছে। সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতা পর্যবেক্ষণের পাশাপাশি গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত মঙ্গলবার রাজশাহীতে এক অনুষ্ঠানে চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গেছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে।...কাদের সাহায্যে করছে? এই যে কতটা দল আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে। তারা জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে। এই দুপক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।’

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে গত বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।’ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে, আলোচনার মাধ্যমে সরকারের তা মেনে নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সূর মিলিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলের সম্পর্কের প্রমাণ রয়েছে। জামায়াতের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং একটি গুপ্ত দল অপপ্রচারে লিপ্ত হয়েছে। পরাজিত শক্তি এবং ওই দলের আচরণ ও কথাবার্তায় মিল রয়েছে। অতীতের মতো এখনো তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক বলেন, প্রধানমন্ত্রী দায়িত্বশীল জায়গা থেকে যে গোয়েন্দা তথ্যের কথা বলেছেন, উচিত হবে তার প্রমাণক তুলে ধরে বিষয়টি পরিষ্কার করা। অপরদিকে বিরোধী দলকেও পাল্টা অভিযোগের ব্যাখ্যা দেওয়া উচিত। অন্যথায় বিষয়টিকে কাজে লাগিয়ে পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পথ খুঁজবে। এতে সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে, দেশ ও সরকার লাভবান হবে না।

এই শিক্ষাবিদ আরো বলেন, বড় দুই দলের অনৈক্যের সুযোগে আওয়ামী লীগ ধীরে ধীরে সক্রিয় হলে তা কারো জন্য ভালো হবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে উভয়পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

আরও পড়ুন: জামায়াত এমপির হোয়াটসঅ্যাপে সাংবাদিকের কাছে টাকা দাবি, পরে জানা গেল অ্যাকাউন্ট হ্যাকড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল আমার দেশকে বলেন, এ বিষয়ে কতটা গভীর থেকে এবং সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে বলা হচ্ছে, তা স্পষ্ট নয়। তবে নির্দ্বিধায় বলা যায়, বিষয়টি রজননৈতিক। রাজনৈতিক সুবিধা নিতে দল দুটির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসছে।

পাল্টাপাল্টি বক্তব্যের পরিণতির বিষয়ে সতর্ক করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, নিঃসন্দেহে বলা যায়, এভাবে দোষারোপের রাজনীতি চলমান থাকলে বিতাড়িত গোষ্ঠীই সুবিধা পাবে। এ বিষয়ে দুপক্ষকে এখনই সংযত হওয়া দরকার। না হলে পরিস্থিতি ভয়ংকর রূপ নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৩ এম


সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

এক সভা: দুই গল্প

জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে ১১ অক্টোবর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভা তিন ঘণ্টার বেশি সময় ধরে চলেছিল এবং এতে ১৯৪ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভায় অন্তত ২৫ জন মন্ত্রী ও এমপি বক্তব্য দেন। একই ঘরে দুটি ভিন্ন গল্প উঠে আসে।

প্রথম গল্পটি বাইরের শত্রুর। প্রধানমন্ত্রী তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেন যে অচিরেই ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা একত্রিত হতে পারে এবং এজন্য তার দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে বলেন। দ্বিতীয় গল্পটি ভেতরের ব্যর্থতার। একই সভায় সংসদ সদস্যরা আইনশৃঙ্খলার অবনতি, মাদকের বিস্তার এবং সার ডিলার নিয়োগে অনিয়ম তুলে ধরেন। এমনকি ‘ফ্যাসিবাদের দোসরদের’ও ডিলারশিপ পাওয়ার অভিযোগ করেন।

দুটি গল্প আসলে একটি রাজনৈতিক ধাঁধার দুই প্রান্ত। যখন শাসক দল শত্রুর ছবি আঁকে, তখন তাদের নিজেদের কর্মীদের বণ্টন-রাজনীতি সেই ছবির নিচে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এটি বুঝতে সংকটের দুটি স্তর আলাদা করে দেখতে হবে।

সংকট শুধু জোগানে নয়, প্রাপ্তিতেও

বাইরের ধাক্কা বাস্তব। দেশে ইউরিয়ার বার্ষিক চাহিদা প্রায় ২৬ লাখ টন, যার মধ্যে ১৪ লাখ টনই লাগে ডিসেম্বর-মার্চের বোরো মৌসুমে। অথচ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইউরিয়ার মজুত ছিল মাত্র ৩ দশমিক ৭৬ লাখ টন এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজ প্রণালির পথে আমদানি অনিশ্চিত। তবে মজুত ও মাঠের তথ্যের মধ্যে ফাঁক রয়েছে। সংসদীয় কমিটিকে জানানো হয়েছে, তিন ধরনের সারের মজুত গত অর্থবছরের চেয়ে বেশি। তবু কমিটির অন্তত তিন সদস্য নিজ এলাকায় সংকটের অভিযোগ করেছেন। বিভিন্ন জাতীয় মিডিয়া সার-সংক্রান্ত মাঠের হিসাব দিয়েছে। ‘কৃষকরা সরকার-নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ১৫০ থেকে ৪০০ টাকা বেশি দিচ্ছেন’। ‘বরগুনার তালতলীর এক ইউনিয়নে অক্টোবরে চাহিদা ৭০ টন হলেও বরাদ্দ মিলেছে ২০ টন।’ ‘টিএসপি ও ডিএপি অনেক কৃষক সংগ্রহই করতে পারেননি এবং আমনের ফলন নিয়ে আশঙ্কা করছেন।’

অমর্ত্য সেন Poverty and Famines (১৯৮১) গ্রন্থে দেখিয়েছিলেন, দুর্ভিক্ষ বা সংকট কেবল মোট জোগান কমলে হয় না। মানুষের প্রাপ্তির অধিকার ও প্রবেশাধিকার ভেঙে পড়লেও হয়। দেশের সার ব্যবস্থাপনার জাতীয় মজুতের প্রশ্নের পাশাপাশি দেখতে হবে, কৃষক নির্ধারিত দামে ডিলারের কাছ থেকে সার পাচ্ছেন কি না। আর এখানেই ডিলার নেটওয়ার্কের রাজনীতি প্রাসঙ্গিক।

ডিলারশিপ: রেন্ট ও আনুগত্য মিলিত হয়

ভর্তুকিপ্রাপ্ত সারের সরকারি দাম বাজারদরের চেয়ে কম। এই ব্যবধানই অর্থনীতিবিদদের ভাষায় ‘রেন্ট’। অ্যান ক্রুগার ও গর্ডন টুলক দেখিয়েছেন, রাষ্ট্র কোনো সুবিধা সীমিত করে দিলে সমাজ সেই সুবিধা পাওয়ার প্রতিযোগিতায় সম্পদ খরচ করে। এতে উৎপাদন বাড়ে না, তদবির বাড়ে। ডিলারশিপ সেই রেন্ট ধরার লাইসেন্স। বস্তাপ্রতি ১৫০-৪০০ টাকার বাড়তি দাম আসলে এই রেন্টেরই মাঠপর্যায়ের প্রতিচ্ছবি।

আনুগত্যের বিনিময়: জেমস স্কট পৃষ্ঠপোষক-মক্কেল সম্পর্ককে সংজ্ঞায়িত করেছেন ক্ষমতাবানের সুবিধা আর অনুগতের সমর্থনের বিনিময় হিসেবে। কিটশেল্ট ও উইলকিনসন দেখিয়েছেন, দলগুলো প্রায়ই নীতির বদলে ব্যক্তিগত পুরস্কারের মাধ্যমে নেটওয়ার্ক টিকিয়ে রাখে। রাষ্ট্রবিজ্ঞানী স্টোকস ‘ব্রোকার’ ধারণা অনুযায়ী ইউনিয়ন-উপজেলার একজন সার ডিলার আদর্শ ব্রোকার, কারণ প্রতিটি কৃষক তার দোকানে নিয়মিত যান।

এই তাত্ত্বিক কাঠামো মাথায় রেখে বিভিন্ন জেলার অভিযোগগুলো পড়লে একটি ধরন চোখে পড়ে। যেমন : রাজশাহীতে নিয়োগ পাওয়া ৬৯ ডিলারের অধিকাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বা তাদের পরিবারের সদস্য বলে অভিযোগ রয়েছে। মিডিয়ায় এসেছে, একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘তিন সংসদ সদস্যের তালিকা থেকেই নিয়োগ হয়েছে অথচ আবেদনকারীরা লটারি চেয়েছিলেন।’ মেহেরপুরে ২২ জন ডিলারের তালিকায় নেতাদের ছেলে, ভাই, ভাতিজা ও স্ত্রীর নাম থাকার অভিযোগ। বগুড়ায় বাদ পড়া প্রার্থীরা ‘এমপি কোটা’র অভিযোগ তুলেছেন। এক বিএনপি নেতার ভাষ্য, সংসদ সদস্যের সুপারিশ ছাড়া কোনো ফাইল এগোয় না। নাটোরে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত একজনের ডিলারশিপ বাতিলের দাবিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। এ রকম হাজারো উদাহরণ আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি।

ভেতরের দ্বন্দ্ব ও আমলাতন্ত্রের চাপ

মুশতাক খানের ‘পলিটিক্যাল সেটলমেন্ট’ তত্ত্ব (২০১০) বলে, ক্ষমতাসীন জোট টিকে থাকে প্রভাবশালী উপদলগুলোর মধ্যে রেন্ট ভাগ করে। কর্মীদের পুরস্কৃত করার চাপ তাই স্বাভাবিক। ক্ষমতাসীন দলের সংসদীয় দলের সভায় একজন সংসদ সদস্য অন্যের নির্বাচনি এলাকায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান। আর একজন প্রতিমন্ত্রী চাকরিসহ সরকারি নানা ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের সুযোগ দেওয়ার চেষ্টার আশ্বাস দেন। অর্থাৎ ব্রোকারদের এলাকা-সীমানা নিয়ে টানাপোড়েন এবং কর্মী-পুরস্কারের প্রতিশ্রুতি দুটোই প্রকাশ্যে এসেছে।

প্রকৃতপক্ষে, সমস্যা শুরু হয় বণ্টন অস্বচ্ছ হলে। তখন উপদলীয় ক্ষোভ জন্ম নেয়, যেমন নীলফামারী বা নাটোরে নিজ দলের নেতাদের প্রতিবাদে দেখা গেছে। মাইকেল লিপস্কির ‘স্ট্রিট-লেভেল ব্যুরোক্র্যাসি’র ধারণাও এখানে প্রযোজ্য। কৃষি কর্মকর্তা, ইউএনও ও জেলা প্রশাসকের হাতে মাঠপর্যায়ের বিবেচনা-ক্ষমতা আছে আর সেই ক্ষমতা স্থানীয় রাজনৈতিক চাপে বেঁকে যেতে পারে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নিজেই স্বীকার করেছেন, ডিলার নিয়োগে কিছু অনিয়ম হয়েছে।

প্রধানমন্ত্রীর ‘স্বৈরাচার-গুপ্ত’ তত্ত্ব

প্রধানমন্ত্রীর স্বৈরাচার, গুপ্ত-সংক্রান্ত মন্তব্যটি নতুন নয়। ফেনীর এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, গত নির্বাচনে গুপ্ত বাহিনীর সঙ্গে পালিয়ে যাওয়া শক্তির তলে তলে যোগাযোগ হয়েছিল। রাজশাহীর জনসভায়ও তিনি একই কথা বলেছেন এবং গোয়েন্দা তথ্য থাকার দাবি করেছেন। বিরোধী দল জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত তা সহজে বোঝা যায়।

কার্ল শ্মিটের মতে, রাজনীতির মূল ভিত্তি বন্ধু ও শত্রুর পার্থক্য। ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’ দুটি ভিন্ন রাজনৈতিক ধারাকে এক শত্রু শিবিরে বসিয়ে দেয়। এতে প্রতিপক্ষ ভিন্ন ভিন্ন মতাদর্শের প্রতিদ্বন্দ্বী থাকে না, একটি অভিন্ন বিপদে পরিণত হয়।

এর্নেস্তো লাক্লাউ দেখিয়েছেন, জনতাবাদী রাজনীতি বিভিন্ন অসন্তোষকে ‘সমতুল্যতার শৃঙ্খলে’ গেঁথে একটি সাধারণ প্রতিপক্ষ তৈরি করে। কাস মুদ্দে জনতাবাদের মূলে দেখেছেন ‘বিশুদ্ধ জনগণ বনাম দুর্নীতিগ্রস্ত অভিজাত’ দ্বিভাজন। প্রধানমন্ত্রীর বক্তব্যে এই কাঠামো স্পষ্ট। একদিকে ‘রাজপথে থাকা’ ও কাজ করা জনগণ আর বিএনপি, অন্যদিকে ‘পালানো’ ও ‘গুপ্ত’ শক্তি। তার পূর্ববর্তী বক্তব্যে এই দ্বিভাজন আরো খোলামেলা ছিল; যেখানে তিনি প্রতিপক্ষের কোনো কর্মসূচি নেই বলে দাবি করে বিএনপিকে কাজ দিয়ে প্রমাণিত শক্তি হিসেবে তুলে ধরেছেন।

বুজান, ওয়েভার ও ডি উইল্ডের কোপেনহেগেন স্কুল বলে, কোনো বিষয়কে ‘অস্তিত্বগত হুমকি’ হিসেবে উপস্থাপন করলে স্বাভাবিক রাজনীতির নিয়মের বাইরে গিয়ে কঠোর পদক্ষেপ ও শৃঙ্খলা দাবি করা সহজ হয়। ‘অস্থিতিশীলতা’, ‘মব সৃষ্টি’ ও ‘ষড়যন্ত্র’র ভাষা সেদিকেই ইঙ্গিত করে। তবে এখানে সীমাবদ্ধতা আছে। তিনি একই সভায় বলেছেন, বিএনপি হামলা-মামলা ও জেল-জুলুমের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই এটি পূর্ণাঙ্গ নিরাপত্তায়ন নয়। বরং ‘আংশিক নিরাপত্তায়ন’। বয়ানে হুমকির ভাষা আছে, কিন্তু ঘোষিত নীতিতে দমনের প্রতিশ্রুতি নেই।

লুইস কোজারের তত্ত্বে বাইরের শত্রু অভ্যন্তরীণ সংহতি বাড়ায়। প্রধানমন্ত্রী যখন বাইরের সম্ভাব্য জোটের কথা তুলে নিজ দলে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেন, তখন এই সংহতির কাজটিই দেখা যায়। ডিলারশিপ নিয়ে সংসদ সদস্যদের পারস্পরিক অভিযোগের মুহূর্তে এর রাজনৈতিক তাৎপর্য আরো বেড়ে যায়।

বক্তব্যটির অবস্থান মূলত শ্মিটীয় বন্ধু-শত্রু বিভাজন ও লাক্লাউ-ধাঁচের জনতাবাদী সীমারেখা টানার জায়গায়। এর সঙ্গে কাজ করছে আংশিক নিরাপত্তায়ন ও কোজারীয় সংহতি কৌশল। অর্থাৎ বক্তব্যটির দ্বৈততা লক্ষণীয়। বাইরের দিকে প্রতিপক্ষের রাজনৈতিক সীমানা নির্ধারণ, ভেতরের দিকে দলীয় শৃঙ্খলা ও ঐক্য।

কোজারের তত্ত্ব অনুযায়ী বাইরের হুমকির বোধ উপদলীয় বিরোধ সাময়িক চেপে রাখে। প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনকে দল ও সরকারের জন্য বড় পরীক্ষা বলেছেন, তাই এই সংহতি-কৌশল সময়োপযোগী। কিন্তু ডিলারশিপের মতো বণ্টন-দ্বন্দ্ব বাইরের হুমকির ভাষায় মেটে না। ভেতরের ক্ষোভ চাপা পড়তে পারে, নিষ্পত্তি নাও হতে পারে।

রবার্ট মার্টনের ‘স্বয়ংসিদ্ধ ভবিষ্যদ্বাণী’ ধারণা এখানে সতর্কবার্তা থেকে বলা যায়, কোনো জোটকে আগেভাগে ‘অবশ্যম্ভাবী’ ঘোষণা করলে সেই জোটের যুক্তি জোরালো হতে পারে এবং প্রতিপক্ষ পরস্পরের কাছে আসার প্রণোদনা পায়। উল্টোদিকে, এই লেবেলিং আস্থাশীল ভোটারদের কাছে বিরোধীদের বৈধতা প্রশ্নবিদ্ধ করতেও পারে। কোন প্রভাবটি জোরালো হবে, তা আগামী মাসগুলোর রাজনৈতিক আচরণ ও স্থানীয় নির্বাচনের ফলেই বোঝা যাবে।

বৈধতার পরীক্ষা: সবচেয়ে বড় চ্যালেঞ্জ

ফ্রিৎস শার্ফ বৈধতাকে ‘ইনপুট’ যাকে আমরা নির্বাচন ও অংশগ্রহণ আর ‘আউটপুট’Ñযাকে সরকারের কার্যকর সেবা বলি এই দুই ভাগে দেখেছেন। বিএনপির বৈধতা নির্বাচনি ম্যান্ডেট থেকে আসে। কিন্তু সারের সরবরাহ, আইনশৃঙ্খলা বা মাদকের মতো বিষয়ে আউটপুট বা বৈধতা যাচাই হয় কৃষকের হাতে সার পৌঁছানো দিয়ে। শত্রুর বর্ণনা দিয়ে নয়। কেনেথ উইভারের ‘ব্লেম অ্যাভয়ডেন্স’ তত্ত্ব বলে, ক্ষমতাসীনরা প্রায়ই ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে রক্ষা করতে চান। সংকটের সময় ‘অস্থিতিশীলতার ষড়যন্ত্র’ বয়ান সেই প্রবণতার সঙ্গে মিলে যেতে পারে। তবে প্রধানমন্ত্রী শুধু দায় বাইরে ঠেলেননি। একই দিনের আরেকটি মিডিয়ার শিরোনামে তার বরাতে বলা হয়েছে, অপকর্মে জড়ালে নেতা, এমপি বা মন্ত্রী কেউ ছাড় পাবেন না। অভ্যন্তরীণ জবাবদিহির এই বার্তা ইতিবাচক, তবে বাস্তবায়নের প্রমাণ এখনো বাকি।

বয়ানের বুমেরাং: ডিলারশিপে

সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিক হলো, ‘স্বৈরাচারের দোসর’ ও ‘গুপ্ত’ লেবেল এখন দলের ভেতরের বিতর্কেও ব্যবহৃত হচ্ছে। নাটোর ও সাতক্ষীরার ঘটনায় বিএনপি-নেতারা নিজ দলের নিয়োগকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বলে চ্যালেঞ্জ করছেন। এর ঝুঁকি দুটি। প্রথমত, এই লেবেল উপদলীয় লড়াইয়ে প্রতিপক্ষকে হটানোর অস্ত্র হয়ে উঠতে পারে, ফলে প্রকৃত অনিয়ম ও রাজনৈতিক নামকরণের মধ্যে ফারাক ঘোলা হয়ে যায়। দ্বিতীয়ত, প্রতিপক্ষের হাতেও এটি অস্ত্র। মেহেরপুরে জামায়াতের স্থানীয় নেতা ডিলার নিয়োগকে শতভাগ দলীয়করণ বলেছেন। অর্থাৎ বণ্টন-রাজনীতির অস্বচ্ছতা ক্ষমতাসীনদের শত্রু-বর্ণনাকে উল্টো করে তাদের দিকেই ঘুরিয়ে দিতে পারে।

শত্রুর ছবি যথেষ্ট নয়

আজকের পরিস্থিতিতে সরকারের দুটি চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। একটি হলো বাইরের ধাক্কা, জ্বালানি ও আমদানি-সংকট। অন্যটি ভেতরের কাঠামো, যেখানে রেন্ট ও আনুগত্য বণ্টনের অস্বচ্ছতা কৃষকের অধিকার ক্ষুণ্ণ করে। প্রধানমন্ত্রীর ‘স্বৈরাচার-গুপ্ত’ বয়ান প্রথমটির রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে এবং দলীয় ঐক্য ধরে রাখতে সহায়ক হতে পারে। কিন্তু দ্বিতীয় সংকটের সমাধান এতে মেলে না। কৃষক শত্রুর ছবি দিয়ে ধান ফলান না, তিনি সার চান ন্যায্য দামে। প্রধানমন্ত্রীর সতর্ক বার্তার সত্যিকারের পরীক্ষা এই প্রশ্নে : যারা ডিলার হলেন, তারা কৃষকের জন্য কতটা সেবা দিলেন আর নিয়োগে ঘোষিত নীতিমালা কতটা মানা হলো।

লেখক: সাবেক সচিব, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল, ইউনিভার্সিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন স্থলপথে সংযোগ: নতুন অর্থনৈতিক সম্ভাবনার উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ এম


বাংলাদেশ-চীন স্থলপথে সংযোগ: নতুন অর্থনৈতিক সম্ভাবনার উন্মোচন

মানবসভ্যতার ইতিহাসে বাণিজ্যপথ কখনোই শুধুমাত্র পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ ছিল না; বরং এটি সভ্যতার বিকাশ, সংস্কৃতির বিনিময় এবং ক্ষমতার পুনর্বিন্যাসের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। প্রাচীন সিল্ক রোড যেমন চীন, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে যুক্ত করে কেবল পণ্য নয়, বরং জ্ঞান, প্রযুক্তি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির বিস্তার ঘটিয়েছে, তেমনি আধুনিক বিশ্বে করিডোর, বন্দর, মহাসড়ক ও রেলপথকে কেন্দ্র করে নতুন ভূ-অর্থনৈতিক বাস্তবতা গড়ে উঠছে। বর্তমান বিশ্বের একটি বাণিজ্যপথের গুরুত্ব শুধুমাত্র কত দ্রুত পণ্য একস্থান থেকে অন্যস্থানে পৌঁছায়, তার ওপর নির্ভর করে না; বরং সেই পথ কোন কোন উৎপাদনকেন্দ্র, বাজার, বন্দর ও ভোক্তা অঞ্চলের মধ্যে সংযোগ তৈরি করছে এবং তার মাধ্যমে কী ধরনের আঞ্চলিক অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠছে, তার ওপরও নির্ভর করে। এই কারণেই আধুনিক করিডরগুলোকে অনেক সময় ‘অর্থনৈতিক ধমনি’ হিসেবে দেখা হয়, যার মাধ্যমে পণ্য, পুঁজি, প্রযুক্তি, মানুষ ও তথ্যের প্রবাহ একটি অঞ্চলের উৎপাদন কাঠামোকে নতুনভাবে বিন্যস্ত করতে পারে।

একবিংশ শতাব্দীতে যে রাষ্ট্রগুলো সংযোগের কেন্দ্রবিন্দুতে অবস্থান করবে, তারা অর্থনৈতিক ও কৌশলগতভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ পাবে। আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়নে অবকাঠামোগত সংযোগকে পরিবহনব্যবস্থার উন্নয়ন হিসেবে নয়, বরং বাজার সম্প্রসারণ, বাণিজ্য ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আঞ্চলিক মূল্যশৃঙ্খলে অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে স্থলবেষ্টিত বা তুলনামূলকভাবে দূরবর্তী উৎপাদন ও বাজারকেন্দ্রগুলোর সঙ্গে সমুদ্রবন্দরকে যুক্ত করতে পারলে একটি করিডর তার নিজস্ব ভূগোলের সীমাবদ্ধতাকে অর্থনৈতিক সুযোগে রূপান্তর করতে পারে। ফলে আধুনিক বিশ্বে ‘কোথায় একটি দেশ অবস্থিত’—এই প্রশ্নের পাশাপাশি ‘কোন কোন অঞ্চলের সঙ্গে দেশটি কতটা কার্যকরভাবে সংযুক্ত’—এই প্রশ্নটিও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বাংলাদেশের জন্য মিয়ানমার হয়ে চীনের সঙ্গে স্থলপথে সংযোগের বিষয়টি এই বৃহত্তর বাস্তবতার একটি অংশ। এটি কেবল একটি সড়ক বা রেলপথ নির্মাণের প্রশ্ন নয়; বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, আঞ্চলিক বাণিজ্য, শিল্পায়ন, সরবরাহব্যবস্থা এবং ভূ-রাজনৈতিক সম্ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশেষ করে চীনের ইউনান প্রদেশ, মিয়ানমারের মধ্য ও পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রামকেন্দ্রিক বন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে কার্যকর স্থল ও বহুমাত্রিক সংযোগ গড়ে উঠতে পারলে দক্ষিণ-পশ্চিম চীনকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার একটি নতুন অর্থনৈতিক অক্ষ তৈরি হতে পারে। এর ফলে বাংলাদেশের জন্য কেবল চীনা বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি হবে না; বরং বাংলাদেশ নিজেও বৃহত্তর আঞ্চলিক উৎপাদন, বাণিজ্য ও লজিস্টিকস নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে।

তবে এই সম্ভাবনাকে সরল অবকাঠামোগত প্রকল্প হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা সম্ভব হবে না। একটি কার্যকর করিডর তখনই অর্থনৈতিকভাবে অর্থবহ হয়ে ওঠে, যখন তার সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা, কাস্টমস, পণ্য পরিবহন, গুদাম ও লজিস্টিকস অবকাঠামো, ডিজিটাল বাণিজ্যব্যবস্থা, বিনিয়োগ, শিল্প উৎপাদন এবং আঞ্চলিক বাজারের সমন্বয় ঘটে। অর্থাৎ সড়ক নির্মাণ করিডরের সূচনা হতে পারে, কিন্তু করিডর অর্থনীতি গড়ে ওঠে তার চারপাশে উৎপাদন, বাণিজ্য ও সেবার একটি সমন্বিত বাস্তুতন্ত্র তৈরি হলে। সুতরাং, মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের স্থলসংযোগের প্রশ্নটি একই সঙ্গে একটি পরিবহন প্রকল্প, একটি বাণিজ্যিক সম্ভাবনা এবং একটি দীর্ঘমেয়াদি ভূ-অর্থনৈতিক কৌশলের প্রশ্ন। এখানেই নিহিত রয়েছে বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত। তবে সেই সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে সুযোগের পাশাপাশি ভূ-রাজনৈতিক, অবকাঠামোগত, নিরাপত্তাগত ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলোকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশ বহুদিন ধরেই সমুদ্রপথে প্রবেশাধিকারের ভৌগোলিক সীমাবদ্ধতার মুখোমুখি। চীনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত হলেও ইউনান ও আশপাশের অভ্যন্তরীণ প্রদেশগুলো তুলনামূলকভাবে সমুদ্রবন্দর থেকে দূরে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে তাদের অনেকাংশেই চীনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলীয় বন্দরগুলোর ওপর নির্ভর করতে হয়। এই ভৌগোলিক বাস্তবতা চীনের অভ্যন্তরীণ অঞ্চলের উন্নয়ন, পরিবহন ব্যয় কমানো এবং বৈদেশিক বাণিজ্যের জন্য বিকল্প সরবরাহপথ তৈরির প্রশ্নকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশেষ করে চীনের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নকে পূর্বাঞ্চলীয় উপকূলের তুলনায় অধিক ভারসাম্যপূর্ণ করার যে দীর্ঘমেয়াদি নীতি, তার সঙ্গে দক্ষিণমুখী আঞ্চলিক সংযোগের বিষয়টিও গভীরভাবে সম্পর্কিত।

ফলে চীনের দীর্ঘমেয়াদি কৌশলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দক্ষিণমুখী সংযোগের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে আরো কার্যকর যোগাযোগ এবং বিদ্যমান বাণিজ্যপথের পাশাপাশি বিকল্প পথ তৈরি করা। এটি শুধু দূরত্ব কমানোর প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িত রয়েছে সরবরাহশৃঙ্খলের বৈচিত্র্য, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক বাজারে প্রবেশ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম চীনের অর্থনৈতিক অন্তর্ভুক্তি। এই লক্ষ্য থেকেই চীন মিয়ানমারের কিয়াউকফিউ বন্দর, তেল ও গ্যাস পাইপলাইন, অর্থনৈতিক করিডর এবং দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক বিভিন্ন সংযোগ প্রকল্পে বিনিয়োগ করে আসছে। কিয়াউকফিউ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই বন্দর ও সংশ্লিষ্ট অবকাঠামো চীনের ইউনানকে মিয়ানমারের মধ্যাঞ্চলের সঙ্গে যুক্ত করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে একটি সরাসরি ভূ-অর্থনৈতিক প্রবেশদ্বারের সম্ভাবনা তৈরি করে। একই সঙ্গে মিয়ানমারের মাধ্যমে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ভারত মহাসাগরীয় বাজার ও পরিবহনব্যবস্থার সংযোগ বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার সঙ্গেও এটি যুক্ত।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ একটি স্বাভাবিক সম্ভাব্য অংশীদার। কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম চীন, মিয়ানমার, দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সংযোগবিন্দু। তবে বাংলাদেশের গুরুত্ব শুধু মানচিত্রে মধ্যবর্তী অবস্থানের কারণে নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম ও অন্যান্য সমুদ্রবন্দর, ক্রমবর্ধমান শিল্পভিত্তি, বৃহৎ ভোক্তা বাজার এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্ভাব্য বাণিজ্যিক সংযোগ। ফলে একটি কার্যকর স্থলপথ যদি চীনের ইউনানকে মিয়ানমারের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে পারে, তাহলে এই সংযোগ কেবল দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের পথ হিসেবে কাজ করবে না; বরং তা বৃহত্তর আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্কের অংশ হয়ে উঠতে পারে।

যদি কুনমিং থেকে মান্দালয়, সেখান থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চল ও রাখাইন হয়ে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে কার্যকর সড়ক ও রেল সংযোগ গড়ে ওঠে, তাহলে বাংলাদেশের অর্থনীতি একটি সম্পূর্ণ নতুন বাস্তবতায় প্রবেশ করতে পারে। এমন একটি করিডর কার্যকর হলে চট্টগ্রামকে শুধু বাংলাদেশের আমদানি-রপ্তানির বন্দর হিসেবে নয়, বরং আঞ্চলিক ট্রানজিট ও লজিস্টিকস কেন্দ্রে রূপান্তরের সম্ভাবনা তৈরি হবে। এর মাধ্যমে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য বাংলাদেশের সমুদ্রবন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে; একইভাবে বাংলাদেশের শিল্পপণ্য, কৃষিপণ্য ও অন্যান্য রপ্তানি পণ্যও স্থলপথে দ্রুততর আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে। আরো গুরুত্বপূর্ণ হলো, এই ধরনের সংযোগ বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন শিল্প, গুদামজাতকরণ, পরিবহন, সীমান্তবাণিজ্য ও লজিস্টিকস সেবা বিকাশের ক্ষেত্র তৈরি করতে পারে। অর্থাৎ করিডরটি যদি কেবল ‘পথ’ হিসেবে না থেকে উৎপাদন ও বাণিজ্যের একটি সমন্বিত অর্থনৈতিক অক্ষ হিসেবে গড়ে ওঠে, তবে এর প্রভাব বাংলাদেশের জাতীয় অর্থনীতির সীমানা ছাড়িয়ে বৃহত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলের ভূ-অর্থনৈতিক কাঠামোকেও প্রভাবিত করতে পারে।

বাংলাদেশের অর্থনীতির জন্য এই সংযোগের গুরুত্ব তাই বহুমাত্রিক।

প্রথমত, এটি বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে সহায়তা করতে পারে। বর্তমানে বাংলাদেশের রপ্তানি প্রধানত ইউরোপ ও উত্তর আমেরিকাকেন্দ্রিক। এই বাজারগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্ত বাজার-নির্ভরতা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাণিজ্যনীতি পরিবর্তন, ভোক্তা চাহিদার ওঠানামা, রাজনৈতিক পটপরিবর্তন কিংবা ভূ-রাজনৈতিক সংকটের সময় ঝুঁকি তৈরি করতে পারে। বাজার বৈচিত্র্যকরণ তাই বাংলাদেশের রপ্তানি কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া প্রয়োজন। তৈরি পোশাকের পাশাপাশি কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য এবং ডিজিটাল ও পেশাগত সেবার মতো খাতও এই বাজার সম্প্রসারণের সুবিধা পেতে পারে।

দ্বিতীয়ত, সংযোগ অর্থনৈতিক কর্মকাণ্ডকে রাজধানীকেন্দ্রিকতা থেকে বের করে আনতে পারে। বাংলাদেশের উন্নয়ন দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এর ফলে দেশের অন্যান্য অঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত বিনিয়োগের সুযোগ তুলনামূলকভাবে সীমিত থেকেছে। একটি কার্যকর আঞ্চলিক করিডর এই ভৌগোলিক কেন্দ্রীভবন কিছুটা পরিবর্তন করার সুযোগ সৃষ্টি করতে পারে। যদি আঞ্চলিক করিডর বাস্তবায়িত হয় এবং এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক, রেল, নৌপথ ও বন্দর অবকাঠামোর কার্যকর সংযোগ তৈরি করা যায়, তাহলে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি এবং বৃহত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

তৃতীয়ত, বাংলাদেশ একটি ট্রানজিট ও লজিস্টিকস হাব হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেতে পারে। বিশ্বের বহু সফল অর্থনীতি প্রাকৃতিক সম্পদের ওপর নয়, বরং তাদের ভৌগোলিক অবস্থানকে দক্ষ অবকাঠামো, বন্দর, বাণিজ্যিক সেবা এবং লজিস্টিকস সক্ষমতার মাধ্যমে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করে গড়ে উঠেছে। সিঙ্গাপুর, দুবাই কিংবা নেদারল্যান্ডসের উদাহরণ দেখলে বোঝা যায়, কৌশলগত অবস্থান নিজে কোনো অর্থনৈতিক সম্পদ নয়; সেটিকে সম্পদে পরিণত করতে প্রয়োজন কার্যকর প্রতিষ্ঠান, অবকাঠামো, দক্ষ মানবসম্পদ, বাণিজ্যবান্ধব নীতি এবং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা।

বাংলাদেশকে নিশ্চিত করতে হবে, সংযোগের সুবিধা যাতে একমুখী না হয়ে পারস্পরিক হয়। অতীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, কিছু দেশ বৃহৎ করিডর প্রকল্পে অংশ নিয়েও প্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেনি। এর একটি কারণ হলো, তারা নিজেদের শিল্পভিত্তি, বন্দর সক্ষমতা, দক্ষ মানবসম্পদ, স্থানীয় সরবরাহশৃঙ্খল এবং নীতিগত প্রস্তুতিকে একই গতিতে এগিয়ে নিতে পারেনি। ফলে করিডর দিয়ে পণ্য চলে গেলেও তার বড় অংশের মূল্য সংযোজন অন্যত্র থেকে গেছে। বাংলাদেশের ক্ষেত্রেও এই ঝুঁকি বিবেচনা করা জরুরি।

এখানে একটি মৌলিক বিষয় স্মরণ রাখা প্রয়োজন—করিডর কোনো লক্ষ্য নয়; করিডর হলো একটি মাধ্যম। লক্ষ্য হলো জাতীয় সমৃদ্ধি। দেখতে হবে, সেই সংযোগ বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, আঞ্চলিক বাজারে প্রবেশ এবং সামগ্রিক উৎপাদনশীলতা কতটা বাড়াতে পারছে। এই কারণেই বাংলাদেশের নীতিনির্ধারকদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ উপস্থিত হয়েছে। তারা চাইলে দেশের ভৌগোলিক অবস্থানকে কেবল মানচিত্রের একটি বাস্তবতা হিসেবে রেখে দিতে পারেন; আবার চাইলে অবকাঠামো, বাণিজ্য, শিল্প, মানবসম্পদ ও কূটনীতির সমন্বিত ব্যবহারের মাধ্যমে সেটিকে অর্থনৈতিক শক্তি ও কৌশলগত সম্পদে রূপান্তর করতে পারেন। তবে এই সম্ভাবনা বাস্তবায়নের জন্য বাংলাদেশের নীতি হওয়া উচিত অতি-আশাবাদী বা অতি-সন্দেহপ্রবণ কোনোটিই নয়; বরং সম্ভাবনা, ব্যয়, ঝুঁকি ও জাতীয় স্বার্থের একটি সুসংহত মূল্যায়নের ভিত্তিতে ধাপে ধাপে এগোনো।

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে স্থলপথে সংযোগের সম্ভাবনা তাই একই সঙ্গে আকর্ষণীয় এবং জটিল।

একদিকে চীনের ইউনান প্রদেশকে মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা, অন্যদিকে মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, রাখাইন অঞ্চলের সংঘাত, রোহিঙ্গা সংকট এবং সীমান্ত নিরাপত্তার বাস্তবতা—সবকিছু মিলিয়ে এটি এমন একটি উদ্যোগ, যার অর্থনৈতিক সম্ভাবনাকে নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। বাংলাদেশের জন্য প্রয়োজন এমন একটি নীতি, যেখানে সম্ভাব্য করিডরকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হবে; কিন্তু তার বাস্তবায়ন নির্ভর করবে নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সম্ভাব্যতার ওপর।

আমাদের মনে রাখতে হবে, রোহিঙ্গা সংকটও এই সমীকরণের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়দাতা হওয়ায় মিয়ানমারের সঙ্গে বৃহৎ আঞ্চলিক সংযোগ নিয়ে আলোচনায় মানবিক ও রাজনৈতিক বাস্তবতা স্বাভাবিকভাবেই গুরুত্ব পাবে। তাই বাংলাদেশ চাইলে সংযোগের প্রশ্নটিকে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার আলোচনার সঙ্গে যুক্ত করতে পারে। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সক্রিয় রাখাইন অঞ্চল শুধু মিয়ানমার বা বাংলাদেশের জন্য নয়, বরং বৃহত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলের জন্যও অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে।

এখানে একটি মৌলিক বিষয় স্মরণ রাখা প্রয়োজন—করিডর কোনো লক্ষ্য নয়; করিডর হলো একটি মাধ্যম, যার লক্ষ্য হলো জাতীয় সমৃদ্ধি। যদি কোনো সংযোগ প্রকল্প বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি, বিনিয়োগ, প্রযুক্তি সক্ষমতা এবং আঞ্চলিক অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করে, তবে তা জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। আবার যদি কোনো প্রকল্পের ব্যয়, ঝুঁকি, নিরাপত্তাগত দায় বা অর্থনৈতিক নির্ভরতা সম্ভাব্য সুবিধাকে ছাড়িয়ে যায়, তাহলে শুধু ভূ-রাজনৈতিক আকর্ষণের কারণে সেটিকে গ্রহণ করার প্রয়োজন নেই। অর্থাৎ বাংলাদেশের নীতি হওয়া উচিত প্রকল্পকেন্দ্রিক নয়, ফলাফলকেন্দ্রিক। জাতীয় স্বার্থে কোন পথ নির্মিত হচ্ছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই পথ বাংলাদেশের মানুষের জন্য কী ধরনের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মূল্য সৃষ্টি করছে, সেটা বিবেচনায় নেওয়া।

বাংলাদেশের নীতিনির্ধারকদের সামনে তাই একটি ঐতিহাসিক সুযোগ উপস্থিত হয়েছে। দেশের ভৌগোলিক অবস্থানকে কেবল মানচিত্রের বাস্তবতা হিসেবে রেখে দেওয়া যায়; আবার অবকাঠামো, বাণিজ্য, শিল্প, মানবসম্পদ, কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার সমন্বিত ব্যবহারের মাধ্যমে সেটিকে অর্থনৈতিক শক্তি ও কৌশলগত সম্পদে রূপান্তরও করা যায়। শেষ পর্যন্ত মিয়ানমার করিডর বাংলাদেশের জন্য শুধু চীনের সঙ্গে একটি নতুন স্থলপথের সম্ভাবনা নয়; এটি নিজের ভূগোলকে কীভাবে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা যায়, তার একটি বড় সুযোগ ও পরীক্ষা। বাংলাদেশের সামনে প্রশ্নটি তাই কেবল ‘চীনের সঙ্গে সংযোগ হবে কি না’ এতটুকু নয়; বরং ‘সংযোগ তৈরি হলে বাংলাদেশ তার কতটা মূল্য নিজের অর্থনীতি, শিল্প ও মানুষের উন্নয়নে রূপান্তর করতে পারবে’ সেটিই অধিক গুরুত্বপূর্ণ। যদি জাতীয় স্বার্থ, অর্থনৈতিক বাস্তবতা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাকে সমন্বিত করে এগোনো যায়, তবে এই সংযোগ ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি নতুন আঞ্চলিক অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করতে পারে। ভূগোল তখন আর শুধু অবস্থান থাকবে না; সুপরিকল্পিত রাষ্ট্রীয় সক্ষমতার মাধ্যমে সেটিই হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি।

লেখক: ভিজিটিং ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটন, যুক্তরাজ্য

[email protected]

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থায়ন ভিন্ন: বাংলাদেশ ব্যাংকের গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ এম


ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থায়ন ভিন্ন: বাংলাদেশ ব্যাংকের গবেষণা

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের মে ২০২৬-এর নীতিপত্র অনুসারে, ২০২৫ সালের জুনে ইসলামী ব্যাংকগুলোর মোট বিনিয়োগের মধ্যে মুশারাকা ও মুদারাবার সম্মিলিত অংশ ছিল মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, বাই-মুরাবাহা ও বাই-মুয়াজ্জালের অংশ ছিল ৭০ দশমিক ৪ শতাংশ।

গবেষণাটি গুরুত্বপূর্ণ। পূর্বনির্ধারিত মুনাফা ও ঋণসদৃশ আর্থিক পণ্যের ওপর নির্ভরতা ইসলামি অর্থায়নের ঝুঁকি ভাগাভাগির লক্ষ্যকে কতটা আড়াল করছে, সে প্রশ্ন তোলার প্রয়োজন রয়েছে। তবে এর আগে আরো মৌলিক একটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অংশীদারিত্বভিত্তিক বিনিয়োগের এই স্বল্প উপস্থিতি কি শুধুমাত্র ইসলামি অর্থায়নের ব্যর্থতা, নাকি ব্যাংক কী করতে পারে এবং কী করা উচিত, সে বিষয়ে আমাদের ধারণার সীমাবদ্ধতা প্রকাশ করে?

ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থায়ন পরস্পর সম্পর্কিত, কিন্তু অভিন্ন নয়। ইসলামি ব্যাংকিং ইসলামি অর্থায়নের একটি অংশ; আর ইসলামি অর্থায়ন বৃহত্তর ইসলামি অর্থনীতির অন্তর্ভুক্ত। ইসলামি অর্থনীতির পরিসরে ব্যাংকের পাশাপাশি বাজার, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নের লক্ষ্যও রয়েছে। ব্যাংককে দিয়েই এ পুরো ব্যবস্থার সাফল্য বা ব্যর্থতা বিচার করলে বিশ্লেষণ অসম্পূর্ণ থাকে।

বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস হচ্ছে আমানত। গ্রাহক প্রত্যাশা করেন, তার অর্থ নিরাপদ থাকবে এবং চুক্তির শর্ত অনুযায়ী তা ফেরত পাওয়া যাবে। ব্যাংককে তাই তারল্য, মূলধন পর্যাপ্ততা, আমানত প্রত্যাহারের ঝুঁকি এবং সম্পদ ও দায়ের মেয়াদের অসামঞ্জস্য সামলাতে হয়। স্বাভাবিকভাবেই ব্যাংক এমন অর্থায়ন পছন্দ করে, যা থেকে তুলনামূলকভাবে পূর্বানুমানযোগ্য নগদ প্রবাহ আসে।

মুরাবাহা এই প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। ব্যাংক একটি পণ্য কিনে ক্রয়মূল্যের সঙ্গে ঘোষিত মুনাফা যোগ করে গ্রাহকের কাছে বিক্রি করে। এতে গ্রাহকের পরিশোধযোগ্য দায় নির্ধারিত হয়। ইজারা এবং সম্পদভিত্তিক আরো কিছু অর্থায়নব্যবস্থাও ব্যাংকের জন্য অনুরূপ ভূমিকা রাখতে পারে। তবে পূর্বনির্ধারিত বিক্রয়মূল্য মানেই আদায়ের নিশ্চয়তা নয়; গ্রাহকের খেলাপি হওয়ার ঝুঁকি থেকেই যায়।

মুশারাকা ও মুদারাবার অর্থনৈতিক চরিত্র ভিন্ন। এখানে অর্থদাতাকে প্রকল্পের ব্যবসায়িক ঝুঁকি গ্রহণ করতে হয়। মুশারাকায় মুনাফা চুক্তি অনুযায়ী ভাগ হয় এবং লোকসান বহন করা হয় মূলধনের অনুপাতে। মুদারাবায় স্বাভাবিক ব্যবসায়িক লোকসান মূলধনদাতা বহন করেন; উদ্যোক্তা হারান তার শ্রম ও সময়। তবে উদ্যোক্তার অবহেলা, অসদাচরণ বা চুক্তিভঙ্গের দায় পৃথকভাবে বিবেচ্য।

এ ধরনের অর্থায়নে মুনাফা অনিশ্চিত হতে পারে। কোনো উদ্যোগ থেকে ফল পেতে দীর্ঘ সময়ও লাগতে পারে। অর্থদাতাকে ব্যবসার প্রকৃতি বুঝতে হয়, পরিচালনার তথ্য পেতে হয় এবং আয় বণ্টন ছাড়াই দীর্ঘ সময় অপেক্ষা করার সক্ষমতা রাখতে হয়। এ বৈশিষ্ট্যগুলো প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিংয়ের চেয়ে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ ব্যাংকের গবেষকরাও এ অসামঞ্জস্যের কয়েকটি দিক চিহ্নিত করেছেন। অংশীদারত্বভিত্তিক অর্থায়নে প্রতিকূল নির্বাচন, নৈতিক ঝুঁকি, তথ্যের অসমতা ও ব্যয়বহুল তদারকি বড় বাধা। অর্থাৎ ব্যাংক ও উদ্যোক্তার কাছে সমান তথ্য থাকে না; ভালো ও দুর্বল প্রকল্প আলাদা করা কঠিন হয়; অর্থ পাওয়ার পর উদ্যোক্তার আচরণ বদলে যেতে পারে; প্রকৃত আয় ও ব্যয় যাচাই করাও ব্যয়সাপেক্ষ।

এ অবস্থায় ইসলামি ব্যাংককে আরো মুশারাকা ও মুদারাবা করতে বললেই সমস্যার সমাধান হবে না। ইসলামি ব্যাংকিংয়ের সমস্যা শুধু নামে নয়, মডেলেও। নির্ধারিত পাওনা আদায় এবং স্বল্পমেয়াদি দায়ের বিপরীতে অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদি সম্পদ ধারণের কাঠামোয় প্রকৃত অংশীদারত্বভিত্তিক অর্থায়ন সহজে বসানো যায় না।

বাংলাদেশের সামগ্রিক আর্থিক কাঠামোয়ও একই দুর্বলতা রয়েছে। শিল্প ও অবকাঠামোর দীর্ঘমেয়াদি অর্থায়নে আমরা ব্যাংকের ওপর অতিরিক্ত নির্ভরশীল। অথচ এসব খাতে ইকুইটি, বন্ড, সুকুক ও অন্যান্য দীর্ঘমেয়াদি উপকরণের বড় ভূমিকা থাকা উচিত। পুঁজিবাজারকে প্রবৃদ্ধির অব্যবহৃত চালিকাশক্তি হিসেবে কাজে লাগানো প্রয়োজন। ইসলামি অর্থায়নের ক্ষেত্রেও কার্যকর পুঁজিবাজারের ঘাটতি পূরণের ভার মূলত ব্যাংকের ওপর চাপানো হচ্ছে।

দীর্ঘমেয়াদি অর্থায়নে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অবকাঠামো, শিল্প বা নতুন উদ্যোগে বিনিয়োগের মেয়াদ সাধারণত ব্যাংকের আমানতের মেয়াদের চেয়ে দীর্ঘ। গবেষণাটিতেও স্বল্পমেয়াদি আমানত দিয়ে দীর্ঘমেয়াদি ইজারা ও এইচপিএসএম অর্থায়নে তারল্য এবং সম্পদ-দায়ের মেয়াদের অসামঞ্জস্যের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। আমানতনির্ভর প্রতিষ্ঠানকে অনেক বেশি দীর্ঘমেয়াদি মুশারাকায় ঠেলে দিলে এ ঝুঁকি দূর হওয়ার বদলে বাড়তে পারে।

এ বিতর্ক শুধু ইসলামি অর্থনীতির নয়। মূলধারার অর্থনীতিতেও বহু দশক ধরে ব্যাংকের কাঠামোগত অস্থিতিশীলতা নিয়ে আলোচনা চলছে। হেনরি সাইমনস, আরভিং ফিশারসহ অর্থনীতিবিদদের সমর্থিত শিকাগো পরিকল্পনায় লেনদেনযোগ্য আমানতের বিপরীতে শতভাগ রিজার্ভ রাখার প্রস্তাব ছিল। উদ্দেশ্য ছিল ব্যাংকের মুদ্রা ও লেনদেনসেবা থেকে ঋণ সৃষ্টির কার্যক্রমকে পৃথক করা। পরবর্তী সময়ে মিল্টন ফ্রিডম্যানও শতভাগ রিজার্ভ ব্যবস্থার কিছু রূপ সমর্থন করেন। ভগ্নাংশ রিজার্ভ ব্যাংকিংয়ে সহজে প্রত্যাহারযোগ্য আমানতের সঙ্গে ঋণ সৃষ্টির সম্পর্ক যে অস্থিতিশীলতার উৎস হতে পারে, এ চিন্তাধারা সেটিই সামনে আনে।

হাইম্যান মিনস্কি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আর্থিক অস্থিতিশীলতা ব্যাখ্যা করেছেন। দীর্ঘ সমৃদ্ধির সময়ে ঋণ ও পুনঃঅর্থায়নের ওপর নির্ভরতা বাড়তে থাকলে আর্থিক ব্যবস্থা এমন অবস্থায় চলে যেতে পারে, যেখানে আয় দিয়েই আসল ও সুদ পরিশোধ সম্ভব। এরপর এমন অবস্থা আসে, যখন শুধু সুদ পরিশোধ করা সম্ভব হয়, কিন্তু আসল ফেরত দিতে নতুন ঋণের প্রয়োজন হয়। শেষ পর্যন্ত সুদ পরিশোধেও নতুন ঋণ নিতে হয়। মিনস্কি এগুলোকে যথাক্রমে হেজ, স্পেকুলেটিভ ও পনজি অর্থায়ন বলেছেন। দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও এভাবে অতিরিক্ত ঝুঁকি গ্রহণের মাধ্যমে ভঙ্গুরতা তৈরি করতে পারে।

ইসলামি অর্থায়নের জন্য শিক্ষা হলো, প্রত্যাহারযোগ্য আমানতনির্ভর প্রতিষ্ঠানকে ভেঞ্চার ক্যাপিটাল অংশীদারত্বে রূপান্তর করলে তারল্য, সুশাসন ও মেয়াদগত ঝুঁকির প্রশ্ন নতুন করে আসে। শুধু চুক্তির নাম বদলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না।

তার অর্থ এই নয় যে মুরাবাহাই ইসলামি অর্থায়নের সর্বোত্তম সমাধান, কিংবা ব্যাংক থেকে মুশারাকা ও মুদারাবা পুরোপুরি বাদ দিতে হবে। উপযুক্ত মেয়াদের তহবিল, নির্ভরযোগ্য তথ্য এবং প্রয়োজনীয় দক্ষতা থাকলে ব্যাংকের অংশীদারত্বভিত্তিক অর্থায়ন মূল্যবান ভূমিকা রাখতে পারে। কিন্তু মুরাবাহার আধিপত্যকে স্বয়ংক্রিয়ভাবে ইসলামি নীতি থেকে বিচ্যুতির চূড়ান্ত প্রমাণ বলা যথার্থ নয়। এর জনপ্রিয়তা বিদ্যমান ব্যাংকিং কাঠামোর সঙ্গে সামঞ্জস্যের ফলও হতে পারে।

তাহলে নীতিগত চ্যালেঞ্জ শুধু ব্যাংকের পণ্যতালিকায় মুশারাকা বা মুদারাবার অনুপাত বাড়ানো নয়; প্রয়োজন প্রাতিষ্ঠানিক বৈচিত্র্য। বাংলাদেশের ইসলামি আর্থিক ব্যবস্থাকে দুটি পরস্পর পরিপূরক স্তম্ভের ওপর দাঁড় করাতে হবে।

প্রথম স্তম্ভ হবে বাণিজ্যিক ইসলামি ব্যাংকিং। এর কাজ হবে লেনদেন ও পরিশোধসেবা, আমানত, বাণিজ্য অর্থায়ন, মুরাবাহা, ইজারা, সালাম এবং পরিবার ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের উপযোগী অর্থায়ন। এসব প্রতিষ্ঠানকে কার্যকর শরিয়াহ তদারকি, বিচক্ষণ ব্যাংকিং নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও আমানতকারীর সুরক্ষার আওতায় পরিচালিত হতে হবে।

দ্বিতীয় স্তম্ভ হবে বিস্তৃত ইসলামি ঝুঁকি মূলধন ও পুঁজিবাজার। এতে থাকবে মুশারাকাভিত্তিক বিনিয়োগ কোম্পানি, মুদারাবা তহবিল, ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি তহবিল, পেনশন এবং তাকাফুলের বিনিয়োগ তহবিল, করপোরেট ও অবকাঠামো সুকুক এবং বিশেষায়িত উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে এবং ব্যবসার ফল অনুযায়ী ঝুঁকি বহন করতে পারে—এমন মূলধন জোগানোর উপযোগী প্রতিষ্ঠান এখানেই গড়ে তুলতে হবে।

বাংলাদেশের সুকুক বাজার গড়ে তোলার নকশায়ও এ প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে। শুধু সরকারি সুকুক দিয়ে কার্যকর ইসলামি পুঁজিবাজার তৈরি হয় না। প্রয়োজন করপোরেট ইস্যুকারী, শরিয়াহসম্মত লেনদেনযোগ্য উপকরণ এবং সচল ও পর্যাপ্ত তারল্যসম্পন্ন দ্বিতীয় বাজার। সামাজিক অর্থায়নেও বিশেষায়ন দরকার। বিশেষায়িত করজে হাসানা ব্যাংক গড়ে তোলার পেছনেও একই যুক্তি রয়েছে : প্রতিটি সামাজিক আর্থিক লক্ষ্য একটি সর্বজনীন বাণিজ্যিক ব্যাংকের ওপর চাপানোর প্রয়োজন নেই।

অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়াতে গবেষকদের প্রস্তাবিত লক্ষ্য ও প্রণোদনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তবে শুধু অনুপাত পূরণের চাপ দিলে এমন চুক্তিও তৈরি হতে পারে, যার নাম মুশারাকা হলেও প্রকৃত ফল প্রায় পূর্বনির্ধারিত ঋণসদৃশ মুনাফা। নিয়ন্ত্রণের মাধ্যমে শতাংশ বদলানো সহজ; অন্তর্নিহিত অর্থনৈতিক সম্পর্ক বদলানো অনেক কঠিন।

বাংলাদেশের প্রশ্ন তাই শুধু ইসলামি ব্যাংক এত কম মুশারাকা করছে কেন, তা নয়। প্রশ্ন হলো, মুশারাকা ও মুদারাবা স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে—এমন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলিনি কেন?

ইসলামি ব্যাংককে ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে পরিণত করার প্রয়োজন নেই। প্রয়োজন ব্যাংককে আরো দক্ষ, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংক হিসেবে গড়ে তোলা। পাশাপাশি ব্যাংকের বাইরে এমন ইসলামি আর্থিক ব্যবস্থা দরকার, যা দীর্ঘমেয়াদি, ঝুঁকি ভাগাভাগিভিত্তিক মূলধন জোগাতে পারে। ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থায়নের মৌলিক পার্থক্য এখানেই। বাংলাদেশের পরবর্তী সংস্কারের সূচনা হওয়া উচিত এ উপলব্ধি থেকে।

লেখক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের ফাইন্যান্সের অধ্যাপক ও মফেট চেয়ার। ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সে ২০১৬ সালের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কারপ্রাপ্ত। এএওআইএফআইয়ের এথিকস অ্যান্ড গভর্ন্যান্স বোর্ডের সদস্য এবং এডুকেশন বোর্ডের চেয়ারম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্প্রীতির সীমানা ও ঈমানের স্বকীয়তা বজায় রাখতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ এম


সম্প্রীতির সীমানা ও ঈমানের স্বকীয়তা বজায় রাখতে হবে

ধর্ম ও বিশ্বাসের বৈচিত্র্য মানবসমাজের একটি পরিচিত রূপ হলেও, প্রতিটি ধর্মের নিজস্ব আদর্শ, নীতি এবং স্বাতন্ত্র্যের একটি সুস্পষ্ট সীমা বিদ্যমান। আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সচেষ্ট। তবে, সম্প্রীতির অজুহাতে নিজের ধর্মীয় চেতনা ও আকিদার মৌলিক সীমানা অতিক্রম করা কখনোই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক সময়ে বিনোদন, কৌতূহল বা আনন্দ উপভোগের অংশ হিসেবে অমুসলিমদের পূজামণ্ডপে মুসলমানদের গমন এবং মূর্তিপূজা প্রত্যক্ষ করার প্রবণতা দেখা যাচ্ছে, এমনকি সেখানে তাদের সঙ্গে নাচানাচি ও রঙ মাখামাখির ঘটনা ঘটছে। বাহ্যিকভাবে এটিকে সাধারণ সামাজিক মেলবন্ধন মনে হলেও, ইসলামি শরিয়তের দৃষ্টিতে এটি অত্যন্ত সংবেদনশীল এবং স্পষ্টভাবে নিষিদ্ধ। ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা তার অনুসারীদের ঈমান ও তাওহিদের ওপর দৃঢ় থাকতে শেখায় এবং যেকোনো ধরনের শিরক বা অনৈসলামিক বিশ্বাসের অনুকরণ থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

ইসলাম ধর্মের ভিত্তিটি মহান আল্লাহর একত্ব এবং তার ইবাদতে অন্য কাউকে শরিক না করার দৃঢ় প্রতিজ্ঞার ওপর প্রতিষ্ঠিত। এই তাওহিদের সম্পূর্ণ বিপরীত মেরুতে রয়েছে ‘শিরক’, যা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় ও ক্ষমাহীন অপরাধ। পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২২ নম্বর আয়াতে এবং সুরা আন-নিসার ৪৮ নম্বর আয়াতে শিরকের ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। পূজামণ্ডপ বা উপাসনালয়গুলো মূলত এমন স্থান, যেখানে মূর্তিকে মহান আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করিয়ে উপাসনা করা হয়। একজন মুসলিম যখন কৌতূহলবশত সেখানে গিয়ে হাজির হয়, তখন তার এই শারীরিক উপস্থিতি পরোক্ষভাবে সেই শিরকের কাজের প্রতি এক ধরনের মৌন সমর্থন বা স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে। আল্লাহ তায়ালা সুরা আল-মায়েদার ২ নম্বর আয়াতে বিশ্ববাসীকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না।’ যেখানে প্রকাশ্যভাবে আল্লাহর বিধানের চরম অবাধ্যতা চলছে, সেখানে আনন্দ বা কৌতূহলের অংশীদার হওয়া প্রকারান্তরে সেই গুনাহের আয়োজনে নিজের উপস্থিতি দিয়ে সমর্থন জানানোরই শামিল, যা ঈমানি চেতনার জন্য অত্যন্ত ক্ষতিকর।

ইসলামি সংস্কৃতি ও জীবনবোধের অন্যতম সৌন্দর্য হলো তার নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। ইসলাম তার অনুসারীদের অন্য ধর্মাবলম্বীদের প্রতি মানবিক আচরণ ও সামাজিক সদাচরণের নির্দেশ দিলেও, নিজের ধর্মীয় পরিচয়কে গুলিয়ে ফেলতে কঠোরভাবে নিষেধ করে। সুরা আল-আনআমের ৬৮ নম্বর আয়াতে এবং সুরা আন-নিসার ১৪০ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশ দিয়েছেন, যেখানে আল্লাহর আয়াত ও নিদর্শনকে অস্বীকার বা উপহাস করা হয়, সেখানে যেন মুমিনরা উপবেশন না করে। এর সপক্ষে রাসুলুল্লাহ (সা.) আবু দাউদ শরিফের এক বিখ্যাত হাদিসে সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য রাখবে, সে তাদেরই একজন হিসেবে গণ্য হবে। ইমাম ইবনে তাইমিয়াহ (রহ.) তার বিখ্যাত গ্রন্থ ‘ইকতিদাউ সিরাতিল মুস্তাকিম’-এ উল্লেখ করেছেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মুসলমানের ঈমানি স্বকীয়তা ধ্বংসের দরজা খুলে দেয়। ফলে সামাজিক উদারতা দেখানোর অজুহাতে ধর্মীয় উৎসবের চত্বরে শামিল হওয়া ইসলামের মূল চেতনার পরিপন্থী এবং নিজের আকিদাকে এক মহাঝুঁকিতে ফেলার শামিল।

অবশ্য ইসলামি শরিয়ত অত্যন্ত বাস্তবমুখী এবং সমাজ-রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পূর্ণাঙ্গ পথপ্রদর্শক। তাই সাধারণ বিনোদন বা উৎসব উদ্‌যাপনের বাইরে কিছু ব্যতিক্রমী ও বিশেষ পরিস্থিতিকে ফকিহরা এই নিষেধাজ্ঞা থেকে আলাদা করেছেন। যদি কোনো মুসলিম সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন এবং তার ওপর রাষ্ট্রীয় দায়িত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কিংবা সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যতামূলক অফিসিয়াল দায়িত্ব অর্পিত হয়, তবে তিনি পূজামণ্ডপে যেতে পারবেন। ফাতাওয়া লাজনা দায়েমাহর দ্বিতীয় খণ্ডের ১১৫ নম্বর পৃষ্ঠায় এই প্রশাসনিক বা সুরক্ষামূলক দায়িত্ব পালনের বৈধতা দেওয়া হয়েছে। তবে এই যাওয়ার উদ্দেশ্য কেবলই অর্পিত পেশাগত দায়িত্ব পালন, কোনোভাবেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া বা ধর্মীয় আচারকে উপভোগ করা নয়। এমনকি ঐতিহাসিক নজির থেকে জানা যায়, খলিফা ওমর (রা.) অমুসলিমদের গির্জা বা উপাসনালয় (কানিসা) সুরক্ষার সুযোগ দিলেও মুসলিমদের সেখানে ধর্মীয় উদ্দেশ্যে সম্পৃক্ত হওয়াকে নিরুৎসাহিত করেছেন।

অন্য ধর্মের উপাসনাকে সমর্থন না করার অর্থ এই নয় যে, তাদের অনুসারীদের অসম্মান করতে হবে; বরং ইসলাম ন্যায়বিচার, সদাচরণ ও মানবিক মর্যাদার ওপর গুরুত্ব দিয়েছে। সুরা আল-মুমতাহিনার ৮ নম্বর আয়াতে যারা ধর্মের কারণে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না, কিংবা তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে না, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ নিষেধ করেননি। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনেও চুক্তি রক্ষা, প্রতিবেশীর অধিকার এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের শিক্ষা রয়েছে। অতএব হিন্দু প্রতিবেশীর সঙ্গে সৌজন্য বিনিময়, বিপদে সহযোগিতা, নিরাপত্তা নিশ্চিত করা কিংবা নাগরিক দায়িত্ব পালনকে ধর্মীয় উপাসনায় অংশগ্রহণের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। ধর্মীয় বিশ্বাসে পার্থক্য থাকলেও মানবিক দায়িত্বে অবহেলার সুযোগ নেই।

সব ধর্মের মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সামাজিক ন্যায়বিচার এবং সহনশীলতা বজায় রাখা ইসলামের অন্যতম শিক্ষা। প্রতিবেশীর অধিকার রক্ষা করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। তবে এই সম্প্রীতি প্রদর্শনের অর্থ কোনোভাবেই ধর্মীয় বিধান ও তাওহিদের মূলনীতিকে জলাঞ্জলি দেওয়া নয়। নিজেদের ঈমান, আকিদা ও স্বতন্ত্র ইসলামি সংস্কৃতি বজায় রেখেই আমরা অন্যান্য সম্প্রদায়ের প্রতি উদারতা প্রকাশ করতে পারি। মণ্ডপে গিয়ে উৎসব প্রত্যক্ষ না করেও দূর থেকে পারস্পরিক সম্মান ও ভালোবাসা বজায় রাখা সম্ভব। অতএব সাময়িক বিনোদন বা আনন্দের মোহ ত্যাগ করে আমাদের উচিত শরিয়তের বিধান মেনে চলা এবং তাওহিদের আলোয় নিজেদের জীবনকে পরিচালিত করা।

লেখক: স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%