০৮:৫৯ পি.এম
ইসরাইলের নির্বাচনের প্রাক্কালে মসজিদে জরিমানা এবং আরবদের বাড়িঘর উচ্ছেদের বিষয়গুলোকে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ব্যবহার করছেন উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি সোমবার নির্বাচনি প্রচারে গর্বের সঙ্গে উল্লেখ করেন যে, দক্ষিণাঞ্চলীয় শহর তাল শেভার একটি মসজিদে লাউডস্পিকারের শব্দ নিয়ে জরিমানা করা হয়েছে। খবরটি এসেছে আনাদোলুর থেকে।
আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রেক্ষাপটে ইসরাইলি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আরব দলগুলো অভিযোগ তুলেছে যে, বেন-গভির ইসরাইলের আরব সম্প্রদায়ের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে নির্বাচনি স্বার্থে ব্যবহার করছেন এবং এর মাধ্যমে আরব ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছেন।
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে, রোববার তাল শেভার আবু আনজা এলাকায় অবস্থিত আল-রাহমা মসজিদে অভিযান চালায় ইসরাইলি পুলিশ। মসজিদের লাউডস্পিকারে অতিরিক্ত শব্দের অভিযোগে জরিমানা করা হয়, যা জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের অধীনে পরিচালিত হয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া
সোমবার, বেন-গভির টেলিগ্রামে মসজিদটির ছবি প্রকাশ করে জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে শব্দের মাত্রা পরিমাপ করেছেন এবং ‘অগ্রহণযোগ্য শব্দ’ সৃষ্টির জন্য জরিমানা করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, শুধু তাল শেভাতেই নয়, সারা দেশে মসজিদগুলোর শব্দদূষণ সংক্রান্ত বিধি প্রয়োগ করছে পুলিশ। দায়িত্ব গ্রহণের আগে বিষয়টি বহু বছর ধরে উপেক্ষিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। বেন-গভির বলেন, পরিস্থিতি এখনও পুরোপুরি সন্তোষজনক নয়, তবে তারা সঠিক পথে এগোচ্ছেন।
গত কয়েক সপ্তাহে ইসরাইলে আরবদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও নির্বাচনি প্রচারে তুলে ধরেছেন বেন-গভির।
এমএমআর
আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন