ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ চিহ্নও মুছে গেছে: ডা. শফিকুর রহমান


রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ চিহ্নও মুছে গেছে: ডা. শফিকুর রহমান

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়া’ জাতির ঘাড় থেকে সরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না। ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। তিনি পূর্বে স্পষ্টভাবে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন–যা তার দেওয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।’

আরও পড়ুন: মজুরি বোর্ড গঠনে দলীয়করণ করেছে সরকার: গোলাম পরওয়ার

দেরিতে হলেও এই পদত্যাগ অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে জামায়াত আমির জানান, রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জয় হয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্বগ্রহণকারী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।

পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না। নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকেই এই পদে বসানো উচিত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে বাড়ল সোনা-রুপার দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


বিশ্ববাজারে বাড়ল সোনা-রুপার দাম

তেলের দাম কিছুটা নিচে আসার পর বিশ্ববাজারে সোনার দাম পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। শুক্রবার (২৪ জুলাই) লেনদেনের এক পর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানিভিত্তিক মূল্যস্ফীতির যে ঝুঁকি তৈরি হয়েছে এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে বিনিয়োগকারীরা গভীর পর্যবেক্ষণে রয়েছেন। খবর রয়টার্স।

বাজারের তথ্যে দেখা যায়, শুক্রবার আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক সরবরাহ করা সোনার দাম (স্পট গোল্ড) ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬১.৩৬ ডলারে পৌঁছে। দিনের শুরুতে সোনার দাম প্রায় ০.৬ শতাংশ কমে গিয়েছিল। অন্যদিকে আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার দাম (গোল্ড ফিউচার্স) ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩.৬০ ডলারে বিক্রি হচ্ছে।

সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস’র বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বলেন, ‘দিনের শুরুতে সোনার বাজারের যে দরপতন দেখা গিয়েছিল, তেলের দাম কমে আসায় তা ইতিবাচক ধারায় ফিরে এসেছে। তেলের বাজার কিছুটা স্থিতিশীল হওয়ায় মার্কিন ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার বাড়ানোর চাপ কমে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ধারণা, ফেড নীতি সুদহার অপরিবর্তিত রাখবে। আর এটি আগামী মাসগুলোতে সোনার দাম ধরে রাখতে মূলসমর্থন হিসেবে কাজ করবে।’

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে হামলার দাবি করার পর গত বৃহস্পতিবার অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৭ শতাংশের বেশি বৃদ্ধি পায়। ফলে মে মাসের পর প্রথমবারের মতো তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু শুক্রবার কিছুটা দরপতনের পর তেলের দাম আবার সেই মাইলফলকের নিচে নেমে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, ‘মধ্যপ্রাচ্যে সরবরাহে বিঘ্ন ঘটায় তেলের উচ্চমূল্য সোনার বাজারের ওপর চাপ সৃষ্টি করছিল। কারণ জ্বালানির উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়, যা সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে হয়।

আর সুদের হার বেশি থাকলে সুদমুক্ত বিনিয়োগ মাধ্যম হিসাবে সোনার আকর্ষণ কমে যায়।’

বিশ্বের বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ চীনে সোনার চাহিদা সামান্য বেড়ে গেলেও ভারতে উল্টো চিত্র দেখা গেছে। চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ ভারতে কেনাকাটা বেশ ঝিমিয়ে পড়েছে। চাহিদা কমায় সেখানে ছাড়ের (ডিসকাউন্ট) পরিমাণ গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোনার পাশাপাশি অন্যান্য ধাতুগুলোর দামেও সামান্য উর্ধ্বগতি দেখা গেছে। এর মধ্যে রুপার দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.৪৩ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৬০২.৭৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬.৯৫ ডলারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করার পরেও, মো. সাহাবুদ্দিন, যিনি সদ্য সাবেক রাষ্ট্রপতি, আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

দেশের প্রচলিত বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করেছেন কিংবা কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালন করেছেন—এমন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন মৃত্যুর আগ পর্যন্ত।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, রাষ্ট্রপতির অবসরভাতা ছাড়া বেশ কিছু সুযোগ-সুবিধার কথা উল্লেখ রয়েছে। ওই আইনের আওতায়, সাবেক এ রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। দাপ্তরিক ব্যয়ও তিনি পাবেন, যার মোট বাৎসরিক পরিমাণ সরকার নির্ধারণ করবে।

পাশাপাশি, সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার করার সুযোগ থাকবে, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগও পাবেন এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি পাবেন।

এছাড়াও, তিনি একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধাদি পাবেন, একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন। আর দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউজ বা রেস্ট হাউজে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪

রাজশাহী মহানগরজুড়ে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এবং মাদক ও অন্যান্য মামলায় আরও ২৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: খোরশেদ আলম ওরফে সুজন (৪৬), আসারুল শেখ (৪০) ও আল রাফি (২০), যাদের সবাই রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পাশে রেললাইনের ধার এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

দামকুড়া থানার দবির মোল্লাপাড়া এলাকার সুমন আলী (২৫) গ্রেফতার হন, তার কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঘোষমহল এলাকার আতাউর রহমান (৪২) গ্রেফতার হয়, তার কাছে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এয়ারপোর্ট থানার বারইপাড়া মোড় এলাকার রাহুল (২২) গ্রেফতার হন, তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার শিহাব ওরফে আবির (২৩) গ্রেফতার হন, তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তবে তার সহযোগী মাবুদ (৫০) পালিয়ে যায়।

শুক্রবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, গ্রেফতার সুমনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা এবং বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া পলাতক মাবুদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মোট ১০টি মাদক মামলার রেকর্ড রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার সাতজন এবং অন্যান্য মামলার আটজনসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মহানগরীতে মাদক কারবার, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়ের পাঁচ মাস পরও অধরা চিট রাসেল: প্রশ্নের মুখে পরোয়ানা বাস্তবায়ন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


রায়ের পাঁচ মাস পরও অধরা চিট রাসেল: প্রশ্নের মুখে পরোয়ানা বাস্তবায়ন

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায়, আদালতের জারি করা সাজা পরোয়ানা এবং গ্রেফতারি পরোয়ানাÑ সবকিছু থাকার পরও রাজশাহীর আলোচিত মাদক ব্যবসায়ী মনোয়ারুল হাসান রাসেল ওরফে চিট রাসেল এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে। রায় ঘোষণার পাঁচ মাস পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করা না যাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, চট্টগ্রাম জেলার দায়রা মামলা নং- ৩০৯৫/২০২১ (সূত্র: কোতোয়ালী থানার মামলা নং-০৮ (০৯)১৯)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর টেবিল ১০(গ), ৩৮ ও ৪১ ধারায় দায়ের করা মামলায় পলাতক আসামি মনোয়ারুল হাসান রাসেলের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪, চট্টগ্রামের বিচারক আফরোজা জেসমিন কলি গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে আদালতের রায়ের কয়েক মাস পার হলেও পরোয়ানা কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠেছে যে, চিট রাসেল কোথায় রয়েছেন এবং কেন তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি? গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই বলে জানান। তিনি ওয়ারেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

পরে ওয়ারেন্ট অফিসার নাজমুল হাসান জানান, মনোয়ারুল হোসেন নামে একটি ওয়ারেন্ট ছিল, যা ঢাকার পল্টন থানার একটি মামলার সঙ্গে সংশ্লিষ্ট। ওই মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পর গত ১৯ জুলাই সেটি রিকল হয়ে থানায় জমা হয়েছে। অন্যদিকে, থানার আরেক দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার এসআই নুরুল ইসলাম এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি তথ্য চাওয়ার কারণ নিয়েই প্রশ্ন তুলেছেন। গ্রেফতারি পরোয়ানা গোপন রাখা হয়েছে কি নাÑ এমন প্রশ্নেরও তিনি সুস্পষ্ট কোনো জবাব দেননি।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া তালতলা গ্রামের বাসিন্দা মনোয়ারুল হাসান রাসেল স্থানীয়ভাবে চিট রাসেল নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তিনি একসময় উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত ছিলেন। ২০১৬ সালের ৩ আগস্ট টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ রাসেলকে আটক করা হয়েছিল। সে সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় দেড় কোটি টাকা। র‌্যাবের দাবি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তার শক্তিশালী মাদক সরবরাহ নেটওয়ার্ক ছিল।

পরবর্তীতে ২০১৮ সালের ১৭ অক্টোবর রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় আরএমপি এবং গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাসেল ও তার স্ত্রী মরিয়মকে গ্রেফতার করা হয়েছিল। তাদের ভাড়া বাসা থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এই ব্যবসার মাধ্যমেই অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয়দের দাবি, রাসেল হেরোইন বহনের মাধ্যমে মাদক জগতে প্রবেশ করেছে। পরে, তিনি নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলে ইয়াবা ব্যবসায় আধিপত্য বিস্তার করেন। এদিকে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আদালতের যাবজ্জীবন দণ্ডের রায় কার্যকর এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব নিয়েও জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, আদালতের রায় দ্রুত কার্যকর করে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের পাশাপাশি তার সম্পদের উৎস এবং আর্থিক লেনদেনের বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%