ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কুয়েতে সন্দেহজনক বেতন লেনদেনে ছয় মাসের ব্যাংক হিসাব পরীক্ষা


কুয়েতে সন্দেহজনক বেতন লেনদেনে ছয় মাসের ব্যাংক হিসাব পরীক্ষা

কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক বেতন সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে ব্যাংকগুলোর নজরদারি আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নির্দেশনার অধীনে, যদি কোনো কর্মীর বেতন লেনদেনে সন্দেহজনক কার্যক্রম দেখা দেয়, তবে তার পূর্ববর্তী ছয় মাসের ব্যাংক হিসাব পরীক্ষা করা হবে। এই নতুন ব্যবস্থা আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি খাতে মাসে ৩০০ কুয়েতি দিনার বা তার কম বেতন পাওয়া কর্মীদের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হবে। এসব কর্মীদের জন্য নির্ধারিত ব্যাংক হিসাব থেকে ২৫ দিনার বা তার বেশি অর্থ উত্তোলন, স্থানান্তর বা পরিশোধের ক্ষেত্রে দ্বিস্তরীয় পরিচয় যাচাই বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, কর্মীদের নামে বেতন পরিশোধ হলেও তারা প্রকৃতপক্ষে সেই অর্থ পাচ্ছেন কিনা তা নিশ্চিত করা। পাশাপাশি, বেতন ব্যাংক হিসাবে জমা হওয়ার পর নিয়োগকর্তারা কর্মীদের ওপর সেই অর্থ ফেরত দেয়ার চাপ প্রয়োগ করছেন কিনা, সেটিও নজরদারির আওতায় আনা হবে।

আরও পড়ুন: ট্রাম্প: আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হবে

নতুন নিয়ম অনুযায়ী, বেতন জমা দেয়ার সময় আলাদাভাবে দ্বিস্তরীয় পরিচয় যাচাইয়ের প্রয়োজন হবে না। তবে নির্ধারিত সীমার সমান বা বেশি প্রতিটি অর্থ উত্তোলন, স্থানান্তর ও পেমেন্টের ক্ষেত্রে কর্মীর পরিচয় এবং সম্মতি নিশ্চিত করতে হবে। ব্যাংকিং অ্যাপ বা অন্য কোনো মাধ্যমে লগইনের সময় পরিচয় যাচাই করলেই চলবে না। প্রতিটি লেনদেন অনুমোদনের আগে কর্মীকে লেনদেনের ধরন, অর্থের পরিমাণ এবং প্রাপকের তথ্য দেখাতে হবে।

যেসব কর্মীর স্মার্টফোন নেই অথবা ব্যাংকিং অ্যাপ ব্যবহারের সুযোগ নেই, তাদের জন্যও নিরাপদ বিকল্প যাচাইব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া কর্মীদের যোগাযোগের তথ্য সরাসরি তাঁদের কাছ থেকে যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে।

সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে কিছু বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। কোনো কর্মীর বেতন জমা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বেতনের ৮০ শতাংশ বা তার বেশি অর্থ উত্তোলন কিংবা স্থানান্তরের ঘটনা আগের তিনটি বেতন পরিশোধ চক্রের মধ্যে অন্তত দুবার ঘটলে তা সন্দেহের নির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে।

এছাড়া, বেতন জমার ৭২ ঘণ্টার মধ্যে বেতনের ৫০ শতাংশ বা তার বেশি অর্থ নিয়োগকর্তা কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের ব্যাংক হিসাবে স্থানান্তর, একই প্রতিষ্ঠানের একাধিক কর্মীর একই ধরনের লেনদেন এবং একই এটিএম থেকে বারবার দলবদ্ধভাবে বেতন উত্তোলনের ঘটনাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: ভ্যান্সের নজর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে

কর্মীর ব্যাংক কার্ড বা পিন নম্বর নিয়োগকর্তার কাছে থাকা, যথাযথ কারণ ছাড়া কর্মীর কাছ থেকে বেতনের টাকা ফেরত নেয়া কিংবা জোর করে টাকা ফেরত দিতে বাধ্য করার অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। তবে এসব বিষয়কে সন্দেহের নির্দেশক হিসেবে বিবেচনা করা হবে; এগুলোর কোনোটি একাই অনিয়মের প্রমাণ নয়।

নির্দেশনায় সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যাংকগুলোকে দুই দিনের মধ্যে প্রাথমিক পর্যালোচনা শেষ করতে বলা হয়েছে। সন্দেহের যথেষ্ট ভিত্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একই দিন জানাতে হবে। বিস্তারিত তদন্তের জন্য আরও তিন দিনের পর্যবেক্ষণকাল রাখা হয়েছে। তবে জরুরি ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে।

এছাড়া, ব্যাংকগুলোকে নজরদারি ও তদন্তের ফলাফল নিয়ে প্রতি মাসের পরবর্তী মাসের পঞ্চম কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। নতুন নিয়ম বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদারকিমূলক ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, সন্দেহের ভিত্তিতে কোনো কর্মীর বেতন জমা দিতে দেরি করা কিংবা তার নিজের অর্থ ব্যবহারে বাধা দেয়া যাবে না, যদি না এর পেছনে আইনগত ভিত্তি থাকে। একইভাবে, কোনো কর্মী পুরো বেতন নগদে উত্তোলন করলেই সেটিকে বেতন জালিয়াতি বা অনিয়মের প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে সৌদির কাছে হুতিদের ৫১ বিলিয়ন ডলার দাবি

কুয়েতে বেতন পরিশোধসংক্রান্ত অনিয়ম পর্যবেক্ষণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার দায়িত্ব জনশক্তি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ওপরও রয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর চালু হওয়া কুয়েত ওয়েজ পেমেন্ট সিস্টেমের পরিপূরক হিসেবে নতুন নির্দেশনাগুলো দেয়া হয়েছে। এর উদ্দেশ্য শুধুমাত্র বেসরকারি খাতের কর্মীদের নামে বেতন পরিশোধের তথ্য নথিভুক্ত করা নয়; বরং তারা বাস্তবে বেতন পাচ্ছেন এবং নিজেদের উপার্জিত অর্থ স্বাধীনভাবে ব্যবহার করতে পারছেন, তা নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হলো ৩ দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


ঢাকায় শুরু হলো ৩ দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা

ঢাকায় ৩ দিনব্যাপী ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ শুরু হয়েছে। এই মেলা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে এবং এটি আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে মেলাটির উদ্বোধন করেন।

মেলার আয়োজন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে করেছে। এতে ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের তৈরি আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থার প্রদর্শনী করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষির আধুনিকায়ন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন যে, সরকার কৃষকদের মেধার মূল্যায়ন এবং গবেষকদের সুযোগ-সুবিধা ও সম্মান বৃদ্ধির জন্য কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচের মাধ্যমে ইতোমধ্যে ৪০% পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। তিনি জানান, অতিরিক্ত সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের দিকে নজর দেওয়া প্রয়োজন।

জ্বালানি সংকট নিরসনের বিষয়ে তিনি জানান, বিগত ২০ বছরের গ্যাসের ঘাটতি মেটাতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাসে নতুন গ্যাস আবিষ্কৃত হয়েছে।

আলু থেকে স্টার্চ ও রপ্তানির উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু দিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এছাড়া, বগুড়া বিমানবন্দর চালু করে সেখান থেকে আলু ও সবজি সরাসরি বিদেশে রপ্তানির সরকারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরডিএ-র মহাপরিচালক আব্দুল মজিদ প্রমানিক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন। তারা গবেষণার উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবারই ভারতের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


পরিবারই ভারতের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি

ভারতে দরিদ্রতা কমানোর ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সরকারি সহায়তা এবং পারিবারিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে প্রায় ১৩ কোটি ৪০ লাখ মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন। তাদের মধ্যে একটি বড় অংশ গ্রামীণ নারী।

এই কর্মসংস্থান বৃদ্ধির ফলে খাদ্য ভর্তুকি ও সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোর আর্থিক চাপও হ্রাস পেয়েছে। এর ফলে পরিবারের অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য বাড়তি অর্থ হাতে এসেছে। ভারতের দারিদ্র্য কমানোর পেছনে শুধু ব্যক্তির আয় বৃদ্ধি নয়, বরং পারিবারিক সহযোগিতাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

একই পরিবারের একাধিক সদস্যের আয় এবং সরকারি সহায়তার সংমিশ্রণে পরিবারগুলোর আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে। জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো পারিবারিক কাঠামোকে শক্তিশালী করতে বিপুল অর্থ ব্যয় করছে। অন্যদিকে, ভারতে এই পারিবারিক ব্যবস্থা এখনো অনেকটা অটুট রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) চিন্তাধারাতেও পরিবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অর্থনীতির ভিত্তি পরিবার

ভারতের অর্থনীতিতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য অর্থনীতিবিদ গ্যারি বেকার ১৯৯২ সালে পরিবারকে একটি ছোট কারখানার সঙ্গে তুলনা করেন। তার মতে, পরিবার নিজেদের সম্পদ ও সময়কে কাজে লাগিয়ে সদস্যদের প্রয়োজন মেটায়। তবে ভারতে এই ব্যবস্থা ঐতিহ্যগতভাবে চলে আসছে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তাত্ত্বিক দত্তপন্ত ঠেঙ্গাড়ির মতে, পশ্চিমা বিশ্বে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হলেও ভারতে পরিবারই সমাজের মূল ভিত্তি।

ম্যাকিনসির হিসাব অনুযায়ী, ভারতের জিডিপির ৭৫ শতাংশের বেশি আসে পারিবারিক মালিকানাধীন ব্যবসা থেকে। অন্যদিকে, ২০২৫ সালের অক্টোবরের মর্গান স্ট্যানলির হিসাব অনুযায়ী, ভারতীয় পরিবারগুলোর কাছে প্রায় ৩৪ হাজার ৬০০ টন সোনা রয়েছে, যার মূল্য দেশটির জিডিপির ৮৮ দশমিক ৮ শতাংশের সমান।

২০২৫ সালের ডিসেম্বরে আরএসএস প্রধান মোহন ভাগবতও বলেন, ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ড ও সঞ্চয়ের বড় অংশই পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাঁর সংগঠন পরিবারকে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিত্তি হিসেবে বিবেচনা করে।

সামাজিক নিরাপত্তার ভিত্তি পরিবার

ভারতে পরিবার অনেকটা সামাজিক নিরাপত্তাব্যবস্থা হিসেবে কাজ করে। এক গবেষণা অনুযায়ী, দেশটির প্রায় ৮৫ শতাংশ বয়স্ক মানুষ সন্তানদের সঙ্গে বসবাস করেন। গবেষণায় দেখা গেছে, পরিবারের সঙ্গে বসবাসকারী বয়স্ক ব্যক্তিরা বিষণ্নতায় তুলনামূলকভাবে কম ভোগেন। অনেক দেশে এ ধরনের মানসিক ও সামাজিক সহায়তার জন্য সরকারি সেবার ওপর নির্ভর করতে হয়। কিন্তু ভারতে পরিবার থেকেই বিনা মূল্যে এসব সহায়তা পাওয়া যায়।

পরিবার রক্ষায় ভারতের সুযোগ

পূর্ব এশিয়ার দেশগুলোর জনসংখ্যাসংকট থেকে শিক্ষা নিয়ে ভারতের পারিবারিক ব্যবস্থা শক্তিশালী রাখার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

২০২৫ সালের আগস্টে তিনি ভারতীয় দম্পতিদের তিনটি সন্তান নেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। আরএসএসের ‘পঞ্চ পরিবর্তন’ কর্মসূচির পাঁচটি বিষয়ের একটি হলো পরিবার। এ ছাড়া ‘কুটুম্ব প্রবোধ’ নামে সংগঠনটির একটি শাখা পারিবারিক ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।

ভারতের দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক অগ্রগতিতে পরিবারের বড় ভূমিকা রয়েছে। পরিবার শুধু আয় ও সম্পদ গড়ে তোলে না, বরং নির্ভরশীল সদস্যদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রজন্মের পর প্রজন্মসম্পদ হস্তান্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া বর্তমানে পারিবারিক ব্যবস্থা পুনর্গঠনে বিপুল অর্থ ব্যয় করছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা হলো, পরিবারব্যবস্থা দুর্বল হওয়ার আগেই তা রক্ষা করা বেশি সহজ ও কম ব্যয়বহুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেন বা ইংল্যান্ড নয়, পিএসজিতেই ক্যারিয়ার শেষ করতে চান জোয়াও নেভেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


স্পেন বা ইংল্যান্ড নয়, পিএসজিতেই ক্যারিয়ার শেষ করতে চান জোয়াও নেভেস

স্প্যানিশ লা লিগা অথবা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলার প্রতি কোনো আকর্ষণ বা স্বপ্ন নেই পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেসের। ২২ বছর বয়সী এই তরুণ তারকা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকেই তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার সম্পূর্ণরূপে শেষ করতে চান।

ফরাসি গণমাধ্যম ক্যানেল প্লাসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেভেস তার ভবিষ্যৎ ফুটবল পরিকল্পনা এবং ক্লাব প্রতি ভালোবাসা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। পিএসজিতে তার অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘স্পেন কিংবা ইংল্যান্ডের কোনো ক্লাবে যাওয়ার আমার বিন্দুমাত্র লক্ষ্য নেই। আমার মূল লক্ষ্য হলো, নিজের জীবন নিয়ে সুখে ও ভালো থাকা এবং পিএসজির হয়ে একের পর এক শিরোপা জয় করা। আমি আমার পুরো ফুটবল ক্যারিয়ার এখানেই কাটাতে চাই।’

উল্লেখ্য, ২০২৪ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে প্রায় ৭ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন হোয়াও নেভেস। ফরাসি রাজধানীতে আসার পর থেকেই কোচ লুয়েস এনরিকের আস্থার প্রতিদান দিয়ে অল্প সময়ের মধ্যে পিএসজি মিডফিল্ডের অপরিহার্য ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি, পিএসজির প্রতি তার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশ হিসেবে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন এই প্রতিভাবান পর্তুগিজ মিডফিল্ডার।

এখন পর্যন্ত ফরাসি জায়ান্টদের হয়ে মাঠে নেমে শততম (১০০ ম্যাচ) ম্যাচ খেলার অনন্য মাইলফলকও তিনি অতিক্রম করেছেন। প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া থেকে শুরু করে নিখুঁত পাসিং, গোল করা এবং সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে তার ক্লান্তিহীন ও পরিশ্রমী ভূমিকা বর্তমান পিএসজির অদম্য সাফল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


টঙ্গীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের অজুহাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে টঙ্গী পশ্চিম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী এলাকা থেকে এই মিছিলের সূচনা ঘটে।

মিছিলটি পরবর্তীতে বেক্সিমকো, খাঁপাড়া, সাতাইশ রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে খরতৈল এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা টঙ্গীর গার্মেন্টসপল্লী হিসেবে পরিচিত গাজীপুরা ও সাতাইশ এলাকায় মোটরসাইকেল মহড়া দেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক। তিনি বলেন, "আমরা পোশাকশ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবির সঙ্গে একমত। তবে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা যাতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কৌশলে মিশে গিয়ে পোশাক কারখানায় অরাজকতা তৈরি করতে না পারে, সে জন্য আমরা অতণ্ড প্রহরীর মতো মাঠে আছি। সকাল থেকে বিকেলে কারখানা ছুটি হওয়া পর্যন্ত শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%